বরুড়ায় ব্যাগ-কার্টনে ভরা ৭২৬২টি তাজা গুলি উদ্ধার
কুমিল্লার বরুড়া উপজেলা থেকে সাত হাজার ২৬২টি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। একই এলাকার ডোবা, খেজুরগাছ ও কালভার্টের নিচ থেকে এসব গুলি উদ্ধার করা হয়। এগুলো ব্যাগ ও কার্টনে ভরা ছিল।কুমিল্লার পুলিশ সুপার মো. সফিকুল ইসলাম গতকাল রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে বরুড়া থানায় তিনি সাংবাদিকদের বলেন, ‘উদ্ধার হওয়া গুলি আমাদের দেশের কোনো আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ব্যবহার করেন না। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা এসব গুলি পাচারের কাজে এলাকাটি ব্যবহার করতে পারে।’ এ ঘটনায় বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ নাথ গতকাল অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করেছেন। রতন কৃষ্ণ নাথ জানান, উদ্ধার করা গুলির মধ্যে ছয় হাজার ৮৮১টি চায়নিজ রাইফেল ও ৩৮১টি এলএমজিতে ব্যবহূত হয়। এগুলো চীনের তৈরি বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে উপজেলার বালুয়া গ্রামে খোরশেদ আলমের ছেলে জহিরুল ইসলাম (১২) ঘাস কাটতে গিয়ে শীলমুড়ী-মগবাড়ী সড়কে একটি কালভার্টের নিচে একটি ব্যাগ দেখতে পায়। সে ব্যাগভর্তি গুলিকে খেলনা মনে করে কয়েকটি বাড়িতে নিয়ে আসে। তার বাবা গুলি দেখে স্থানীয় গ্রামপুলিশ আবু তাহেরকে জানান। তাহের শীলমুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিল্লাল হোসেন মজুমদার ও বরুড়া থানার ওসি রতন কৃষ্ণ নাথের পরামর্শে রাতে ওই কালভার্টের নিচ থেকে গুলিভর্তি ব্যাগটি উদ্ধার করেন। পরদিন শনিবার সকালে তিনি ৪৫০টি গুলি বরুড়া থানায় নিয়ে আসেন। আবু তাহের বলেন, ‘ওসির পরামর্শে ওই এলাকায় আবারও গোপনে অভিযান চালাই। শনিবার সন্ধ্যার দিকে একই এলাকার একটি ডোবা থেকে চার কার্টনভর্তি গুলি পেয়ে ইউপি চেয়ারম্যানকে জানাই। খবর পেয়ে পুলিশের একটি দল রাত ১২টা থেকে তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে একই ডোবা থেকে আরও ছয় কার্টন গুলি উদ্ধার করে। গতকাল সকালে তারা আবার একই এলাকার একটি খেজুরগাছের নিচ থেকে এক কার্টন গুলি উদ্ধার করে।’এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন মজুমদার বলেন, গ্রামপুলিশ আবু তাহেরের সাহসী ভূমিকায় গুলিগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে।