বরুড়ায় ১৭ দিনে ১০ হাজার গুলি উদ্ধার
কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ী গ্রাম থেকে গতকাল সোমবার সকালে আরও ১৯৭৪টি তাজা গুলি উদ্ধার করেছেন পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। এ নিয়ে চার দফায় গত ১৭ দিনে ওই এলাকা থেকে মোট ১০ হাজার ১৪টি গুলি উদ্ধার হলো।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দফায় দফায় গুলি উদ্ধারের ঘটনায় ওই এলাকায় নজরদারি করছেন আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সদস্যরা। এর অংশ হিসেবে সাদা পোশাকে র্যাবের এক সদস্য গতকাল সকালে ওই এলাকায় যান। এ সময় তিনি শিলমুড়ী-চেঙ্গাহাটা সড়কের পাশে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিল্লাল হোসেন মজুমদারের পারিবারিক কবরস্থানে একটি চটের থলে দেখতে পান। ওই থলেটি উদ্ধার করে এতে গুলি পেয়ে তিনি বরুড়া থানার পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে আরও দুটি গুলিভর্তি থলে উদ্ধার করেন।বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতনকৃষ্ণ নাথ জানান, তিনটি থলেতে মোট ১৯৭৪টি গুলি ও ২৪টি সার্জার (গুলি রাখার পাত্র) পাওয়া গেছে। প্রথম দফায় গুলি উদ্ধারের পর থেকে আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন ইউনিট ওই এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।দফায় দফায় অসংখ্য গুলি উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক বেড়েছে। শিলমুড়ী গ্রামের মতিউর রহমান (৭০) বলেন, ‘বারবার গুলি উদ্ধারের ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এতে করে আমরা আতঙ্কিত হয়ে পড়ছি।’শিলমুড়ী বাজারের ব্যবসায়ী আবদুল জব্বার ও মনির হোসেনসহ অনেকে জানান, গুলি উদ্ধারের পর থেকে বাজারে লোকজনের ভিড় কমে গেছে। অন্য সময় রাত ১০-১১টা পর্যন্ত বাজারে লোকজনের আসা-যাওয়া থাকলেও এখন সন্ধ্যার আগেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়।ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন মজুমদার বলেন, ‘বারবার গুলি উদ্ধারের ঘটনায় আমি নিজেও আতঙ্কের মধ্যে আছি।’এর আগে গত ১, ২ ও ৭ মে তিন দফায় ওই এলাকার বিভিন্ন জায়গা থেকে মোট আট হাজার ৪০টি গুলি উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।