বরেণ্য নাট্যব্যক্তিত্ব সাঈদ আহমদ আর নেই
বাংলা নাটকে আধুনিক নাট্যধারার প্রবর্তক, বহুমাত্রিক ব্যক্তিত্ব সাঈদ আহমদ আর নেই। দীর্ঘদিন রোগভোগের পর গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। দেশের এই কৃতী নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। সাঈদ আহমদের পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে তিনি হূদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। এর মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় গত ৩০ ডিসেম্বর তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃদুভাষী, বিনয়ী, বন্ধুবত্সল ও অনেকটা নিভৃতচারী সাঈদ আহমদ ছিলেন নিঃসন্তান। তিনি স্ত্রী পারভিন আহমেদ, আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। নানামুখী প্রতিভার অধিকারী হলেও সাঈদ আহমদ মূলত নাট্যকার হিসেবেই খ্যাতিমান ছিলেন দেশে-বিদেশে। ষাটের দশকে তিনি আমাদের নাটকে ইউরোপীয় প্রতীকীবাদী অ্যাবসার্ড নাট্যধারা সংযোজন করেন। সাঈদ আহমদের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। দুপুরে তাঁর বাসভবন লালমাটিয়ার স্থানীয় মসজিদে জানাজা পড়ানো হয়। এরপর বেলা দুইটায় মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। শিরীষ গাছের তলায় শোকমঞ্চে তাঁর কফিন রাখার পর সারিবদ্ধভাবে রাজনৈতিক দল, সাংস্কৃতিক অঙ্গনের লোকজন, বিভিন্ন প্রতিষ্ঠান ও শ্রেণী-পেশার মানুষ ব্যথিত হূদয়ে ফুল দিয়ে তাঁকে অন্তিম শ্রদ্ধা জানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। অন্যান্যের মধ্যে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী, নজরুল ইনস্টিটিউটের পরিচালক রশীদ হায়দার, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, আইটিআইয়ের সভাপতি রামেন্দু মজুমদার, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, নাট্যকার আতিকুল হক চৌধুরী, মামুনুর রশীদ, আতাউর রহমান, খ ম হারুণ শ্রদ্ধা নিবেদন করে নাট্যচর্চায় তাঁর অবদান তুলে ধরেন ও স্মৃতিচারণা করেন।এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ষাটের দশকে তিনি আমাদের দেশের নাট্যচর্চায় আধুনিকতার সংযোজন করেছিলেন ইউরোপীয় ধারার অ্যাবসার্ড নাট্যরচনার মাধ্যমে। বিশ্ব নাটক সম্পর্কে অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন তিনি। ইংরেজিতে লেখা কালবেলা, মাইলপোস্ট, তৃষ্ণায় নাটক ফরাসি ও জার্মান ভাষায় অনূদিত হয়, যা ইউরোপের বিভিন্ন দেশে ও যুক্তরাষ্ট্রে মঞ্চস্থ হয়ে প্রশংসিত হয়েছে। যুক্তরাষ্ট্রে একটি নাট্যালয়ে তাঁর নামে আসনের নামকরণ করা হয়েছে। তাঁর এসব নাটকের মধ্য দিয়েই মূলত আমাদের এখানে আধুনিক নাট্যচর্চার সূত্রপাত। বহু বিদেশি নাটকের বাংলা অনুবাদও করেছেন তিনি। বক্তারা বলেন, নাটক রচনা ছাড়াও তিনি উঁচু দরের শিল্প-সমালোচক ছিলেন। খুব ভালো সেতার বাজাতে পারতেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে রবিশঙ্করের দলে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অনুষ্ঠানে সেতার বাদন করেছেন তিনি। পুরান ঢাকার বাসিন্দা হিসেবে ঢাকার সংস্কৃতি সম্পর্কে অগাধ জ্ঞান ও অভিজ্ঞতা ছিল তাঁর। নাটক ও আত্মজীবনীতে ঢাকার ঐতিহ্যকে তিনি অসাধারণভাবে তুলে ধরেছেন। বক্তারা তাঁর নামে ঢাকার একটি সড়ক বা প্রতিষ্ঠানের নামকরণ ও মরণোত্তর একুশে পদক দেওয়ার দাবি জানান। আরও যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁদের মধ্যে ছিলেন: শিল্পী কাইয়ুম চৌধুরী, সৈয়দ হাসান ইমাম, ফকির আলমগীর, খুশী কবির, পীযূষ বন্দ্যোপাধ্যায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী, জাতীয় কবিতা পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ, গ্রুপ থিয়েটার ফেডারেশন, ঋষিজ শিল্পীগোষ্ঠী, পদাতিক নাট্য সংসদ, আরণ্যক নাট্যদল, ঢাকা সমিতি, ইনস্টিটিউট অব পারফর্মিং আর্ট, ঢাকা আমার ঢাকা, নৃত্যশিল্পী সংসদ, নৃত্যধারা, ঢাকা কেন্দ্র, পথনাটক পরিষদ, ড্রামাসার্কেল, বটতলা নাট্যদল, থিয়েটার আর্ট, ঢাকা থিয়েটার, দৃষ্টিপাত, বঙ্গরঙ্গ এবং চট্টগ্রামের দুটি সংগঠন নাট্যধারা ও নাট্যসম্প্রদায়। পুষ্প নিবেদন শেষে শ্রদ্ধা নিবেদন করে সবাই এক মিনিট নীরবতা পালন করেন। এরপর দেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও নবীন নাট্যকর্মীরা ফুলে ফুলে ছেয়ে যাওয়া অগ্রজ নাট্যকারের খাটিয়া কাঁধে নিয়ে শবযাত্রা করেন। বাদ আসর আজিমপুরে পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়। কুলখানি ও নাগরিক শোকসভা: ২৪ জানুয়ারি রোববার বাদ মাগরিব সাঈদ আহমদের কুলখানি তাঁর ১/৩ লালমাটিয়ার বাসভবনে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৯ জানুয়ারি বিকেল চারটায় তাঁর স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে হবে নাগরিক শোকসভা। সংক্ষিপ্ত জীবনী: সাঈদ আহমদের জন্ম ঢাকায় ১৯৩১ সালের ১ জানুয়ারি। বাবা মির্জা এফ আহমদ ও মা জামিলা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। পরে স্নাতকোত্তর পর্যায়ের ডিগ্রি নিয়েছেন লন্ডনের স্কুল অব ইকোনমিকস থেকে। সরকারি চাকরিজীবনে বিটিভির মহাপরিচালক এবং বাংলাদেশ সরকারের ক্রীড়া ও সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বিবিসিতেও কাজ করেছেন। প্রথম নাটক কালবেলা প্রকাশিত হয় ১৯৬২ সালে। এরপর প্রকাশিত হয় মাইলপোস্ট, তৃষ্ণায়, প্রতিদিন একদিন এবং শেষ নবাব ১৯৮৭ সালে। এ ছাড়া শিল্পকলা-বিষয়ক অনেক গ্রন্থও রচনা করেছেন তিনি।পুরস্কার: দেশে তিনি বাংলা একাডেমী পুরস্কার, সূফী মোতাহার হোসেন পুরস্কার, মুনীর চৌধুরীর সম্মাননা, ঋষিজ পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। এ ছাড়া তিনি বিদেশি পুরস্কারের মধ্যে ফ্রান্সের অত্যন্ত সম্মানজনক ‘লিজিয়ন অব অনার’ পুরস্কার পেয়েছেন ১৯৯৩ সালে। প্রধানমন্ত্রীর শোক: সাঈদ আহমদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল বৃহস্পতিবার এক শোক বিবৃতিতে তিনি বলেন, সাঈদ আহমদ বাংলা নাটকের বিকাশে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নাট্যজগতের যে ক্ষতি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। এ ছাড়া তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ ও প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনও গভীর শোক প্রকাশ করেছেন।বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের শোক: তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছে। যাঁরা শোক প্রকাশ করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। এ ছাড়া শোক প্রকাশ করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।