বরেন্দ্র অঞ্চলে বরই উৎপাদনে বিপর্যয়, কেটে ফেলছে বাগান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরপর দুই-তিন বছর ফলন না পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জসহ পার্শ্ববর্তী জেলার বরেন্দ্র অঞ্চলের বরইচাষিদের মাঝে দেখা দিয়েছে হতাশা। তাই বরইবাগান কেটে ফেলা হচ্ছে। তবে চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত আঞ্চলিক উদ্যানতত্ত্ব ও ফল গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দীন বলেন, বরইচাষিদের হতাশ হওয়ার কিছু নেই। সঠিকভাবে ব্যবস্থাপনার অভাবই ফলন বিপর্যয়ের কারণ। ফুল ফোঁটার পর বৃষ্টিও কিছুটা ক্ষতি করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, জেলায় এবার বরইয়ের উৎপাদন হতাশাজনক। আগের বছরও ছিল প্রায় একই অবস্থা। সদর উপজেলার কয়েকটি বরইবাগান ঘুরে এসে এর সত্যতা স্বীকার করেছেন চাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুর উদ্যানবেসের (হর্টিকালচার সেন্টার) উদ্যানতত্ত্ববিদ মোফাজ্জল হোসেন। সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বরইচাষি সাজ্জাদ জানান, ১২ বিঘা জমি ইজারা নিয়ে বরই চাষ করেছিলেন তিনি। পরপর দুবার ফলন না পেয়ে এবার বাগান কেটে ফেলেছেন। একই এলাকার আট বিঘা জমি ইজারা নিয়ে লাগানো বরইগাছ কেটে ফেলেছেন। সামনের বছর ফলন না পেলে বাকিগুলোও কেটে ফেলবেন। রানীহাটি ইউপির ঢোরবোনা গ্রামের বরইচাষি আবদুর রশিদ ১০ বিঘা বাগানোর এক বিঘা কেটে ফেলেছেন। পর্যায়ক্রমে আরও কেটে ফেলবেন বলে জানান তিনি। এ ছাড়া সদর উপজেলার আমারকসহ বিভিন্ন স্থানে আরও বরইবাগান কেটে ফেলার খবর জানান পাশের চম্পাতলার বরইচাষি নয়াগোলা গ্রামের আবুল কাশেম। বরইচাষি আবুল কাশেম লাভের আশায় অর্ধেক-অর্ধেক অংশীদারিত্বের ভিত্তিতে ইজারা নিয়ে ২০ বিঘা ও ১৫ বিঘার দুটি বরইবাগান তৈরি করেছেন। বাগানের বয়স দুই বছর। ইতিমধ্যে প্রায় আট লাখ টাকা খরচ হয়ে গেছে। কিন্তু আয় করেছেন মাত্র এক লাখ ৩৫ হাজার টাকা। এখন জমির মালিক ক্ষুব্ধ হয়ে তাঁকে বাগান ছেড়ে দিতে বলছেন। এতে হতাশায় ভুগছেন তিনি।তবে ভিন্ন কথা বলেছেন নাচোল উপজেলার নেজামপুরে ১৫ বিঘা বরই বাগানের মালিক শফিকুল আলম। তিনি বলেন, ‘আগের বছরগুলোয় ফলন ভালোই পেয়েছিলাম। কিন্তু এ বছর আনাড়ি লোকের কথায় কান দিয়ে ফুল ফোটার পর কীটনাশক স্প্রে করে ফলনের সর্বনাশ করে ফেলেছি। কীটনাশক ফুরিয়ে যাওয়ায় যে অল্প কিছু গাছে স্প্রে করতে পারিনি, সেসব গাছেই ভালো ফলন হয়েছে। বরই চাষের ওপর কয়েক বছরের গাবেষণালব্ধ অভিজ্ঞতার আলোকে বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দীন প্রথম আলোকে বলেন, সঠিক সময়ে ডাল ছাঁটাই না করা, সঠিক সময়ে অর্থাত্ ফুল ফোঁটার আগে এবং গুটি আসার পর স্প্রে না করার কারণেই মূলত ফলন বিপর্যয় ঘটেছে। ফুল ফোঁটার পর বৃষ্টিপাতের জন্যও কিছুটা ক্ষতি হয়েছে। তবে বরই চাষের জন্য অত্র অঞ্চলের আবহাওয়া উপযুক্ত নয়, এমন অপপ্রচারের অনেকে বিভ্রান্ত হচ্ছেন। অনেকেই বরইবাগান কেটে ফেলছেন। এটা খুবই ক্ষতিকর। এখন হুজুগে পড়ে তা কেটে ফেললে পুরোটাই ক্ষতি হবে। বরইচাষিদের হতাশ না হয়ে তিনি সঠিক ব্যবস্থাপনার পরামর্শ দিয়েছেন। বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দীনের পরামর্শ হচ্ছে, বাউ ও থাইজাতের বরইয়ের ক্ষেত্রে মধ্য ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এবং আপেলজাতের বরইয়ের ক্ষেত্রে মার্চের যে কোনো দিন ডাল ছাঁটা যায়। তবে মার্চের ১৫ তারিখে করলে ভালো ফল পাওয়া যাবে। এ ব্যাপারে তিনি বলেন, নতুন শাখার বয়স যতো বেশি হবে, ফল উৎপাদনের ক্ষমতা তত কমে যাবে। অনেকে নভেম্বর থেকে জানুয়ারির মধ্যেই ডাল ছাঁটাই করে চরম ভুল করে থাকেন। সুষম সার ব্যবস্থাপনার ক্ষেত্রে তাঁর পরামর্শ হচ্ছে, এক বছরের গাছে ১০ কেজি গোবর বা জৈব সার, ২০০ গ্রাম ইউরিয়া, ২৫০ গ্রাম টিএসপি, ১৫০ গ্রাম এমপি, ৫০ গ্রাম বরিক এসিড প্রয়োগ করতে হবে। দুই বছরের গাছে এর প্রায় দেড়গুণ ও পর্যায়ক্রমে সারের পরিমাণ বাড়াতে হবে। ঘন ঘন গাছ লাগানোর কারণেও ফল খারাপ হচ্ছে। তিনি বলেন, পাঁচ থেকে ছয় মিটার পরপরই গাছ লাগালে ভালো ফল পাওয়া যাবে। তিনি আরও জানান, ২০০৬ সাল থেকে বরই চাষের ওপর গবেষণা চলছে এবং এ গবেষণা আরুও চলবে। গবেষণা কেন্দ্রে একটি পরীক্ষামূলক বাগানও রয়েছে। এখানে বারি-১, বারি-২, খুরমা, বাউ, থাই ও আপেল জাতের বরই গাছ আছে। এ বরইবাগানে গিয়ে দেখা গেছে সব জাতের বরইয়ের ফলন ভালো হয়েছে। বরইয়ের ভারে ডাল ভেঙে পড়ার মতো অবস্থা। শরফ উদ্দীন প্রথম আলোকে জানান, উপরোক্ত পরামর্শ অনুসরণ করেই এমন ফলন পাওয়া গেছে।