বরেন্দ্র অঞ্চলে সহরাই উৎসব
বরেন্দ্র অঞ্চলের সাঁওতাল গ্রামগুলোয় সহরাই উৎসব বা বাধনা পরবের পালা চলছে। তীব্র শীত উপেক্ষা করেও তারা এই উৎসব উদ্যাপন করছে। এটাই তাদের প্রধান উৎসব।১৬ জানুয়ারি রাজশাহীর তানোর উপজেলার কচুয়া সাঁওতাল গ্রামে গিয়ে দেখা যায়, তীব্র শীত ও কনকনে ঠান্ডা বাতাস উপেক্ষা করে গ্রামের খোলা মাঠে মাদল-বাঁশির তালে তালে নাচগান করছে সাঁওতাল নারী-পুরুষেরা।খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামের মাঝি হারাম গ্রামপ্রধান নরেন মুর্মু মাদল নিয়ে তাঁর স্ত্রী রানী বাসক ও ছেলের বউ এলিপিনা সরেন একই সঙ্গে নাচগানে মাতোয়ারা হয়েছেন। নরেম মুর্মু বলেন, ‘হামরা এই পরবে বহু, বেটি ও কুটুম লিয়ে একই সোথে একসঙ্গে লাচি-গায়। হাড়িয়া পিয়ে থাকি। এ পরব হামরা ঠাকুর জিওর লাগি উৎসর্গ করি। এটাকে হামরা হিলমিল পরবও কহি। এটাই হামারগে বড় পরব।’সাঁওতাল নেতা দুরবিন কিসকু জানান, ‘সহরাই উৎসব পৌষসংক্রান্তির দিন থেকে পাঁচ-সাত দিন পর্যন্ত চলে। তবে বর্তমানে গ্রামের মোড়লসহ নেতৃস্থানীয় লোকজন নিয়ে দিনক্ষণ ঠিক করে একেক সময় এই উৎসব উদ্যাপন করা হয়। এতে একটা সুবিধাও আছে। নিজের গ্রামে উত্সব উদ্যাপন করে অন্য গ্রামের উৎসবে আত্মীয়ের বাড়ি বেড়ানো হয়। তবে এবার সঠিক সময়ে অর্থাত্ পৌষসংক্রান্তির দিনে রাজশাহীর তানোরে কচুয়া, নওগাঁর নিয়ামতপুর উপজেলার টিকরামপুর, জামডাঙ্গা, বিজলীপাড়া, জাবরি, পানিহারা, বামনগ্রাম, চণ্ডীপুর, চাঁপাইনবাবগঞ্জের দক্ষিণ শহর কার্তিকপুরে সহরাই উৎসব শুরু হয়।