বরেন্দ্র অঞ্চলের মাটির উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেন্দ্র অঞ্চলে মাটির স্বাস্থ্য ভেঙে যাচ্ছে। মাটির পানির ধারণক্ষমতা কমে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ফলে মাটি শুষ্ক ও অনুর্বর হয়ে পড়ছে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের রাজশাহী আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, জৈব পদার্থ মাটিকে নরম রাখে, মাটির রস ধারণ ও সরবরাহ ক্ষমতা বাড়ায়, গাছের পুষ্টি উপাদান ধরে রাখে এবং জীবাণুর মাধ্যমে পচন প্রক্রিয়াকে পুষ্টি উপাদান তৈরিতে কাজে লাগায়। ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে, বরেন্দ্র অঞ্চলের মাটিতে অতি নিম্ন থেকে মধ্যম পর্যায়ের জৈব পদার্থ রয়েছে। রাজশাহীর পবা উপজেলার কোনো কোনো এলাকায় মাটিতে অত্যন্ত নিম্নমাত্রায় জৈব পদার্থ পাওয়া গেছে। এ অবস্থার দরুন উপজেলায় হরিয়ান ও হরিপুর ইউনিয়নের প্রায় দেড় হাজার হেক্টর আবাদযোগ্য জমি পতিত রয়েছে। একইভাবে গোদাগাড়ি উপজেলার গোদাগাড়ি, গোগ্রাম, দেওপাড়া ও মোহনপুর ইউনিয়নে এক থেকে দেড় হাজার হেক্টর আবাদযোগ্য জমি পতিত রয়েছে। গোদাগাড়ি উপজেলার দিগ্রামের কৃষক আবদুল হান্নান জানান, তিনি ১৫ বিঘা জমি স্বর্ণা ধান চাষের জন্য তৈরি করেছিলেন। কিন্তু পানি সংকটে এর মধ্যে পাঁচ বিঘা জমিই এবার পতিত রয়ে গেছে। যে ১০ বিঘা জমিতে ধান চাষ করেছেন তাও বাঁচানো কঠিন হয়ে পড়েছে। পুঠিয়া উপজেলার ধোপাপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক আফসার আলী জানান, তাঁরা এবার অস্বাভাবিক একটা ব্যাপার লক্ষ করছেন। আগে বৃষ্টি হলে কাদা হতো। তখন রাস্তায় হাঁটাই মুশকিল হয়ে যেত। এবার দেখা গেল মুষলধারে বৃষ্টি হওয়ার পর পরই সব পানি শুকিয়ে যাচ্ছে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানান, তাঁরা গত বছর পবা উপজেলার কসবা গ্রামের তিনজন কৃষকের জমিতে সুষম সার দেওয়াসহ ধঞ্চে চাষ করেছিলেন। পরে ওই জমিতে ব্রি-৩৯ জাতের ধান চাষ করা হয়েছিল। দেখা গেছে, পার্শ্ববর্তী অন্য কৃষকদের চেয়ে এখানে ধানের উৎপাদন হেক্টরপ্রতি দেড় টন পর্যন্ত বেশি হয়েছে।