বর্জ্যযুক্ত জাহাজ আমদানির সুযোগ নতুন বিধিমালায়!
আদালতের নির্দেশে গঠিত উচ্চপর্যায়ের কারিগরি কমিটির বেসরকারি তিন সদস্যের মতামতকে পাশ কাটিয়ে ‘জাহাজভাঙা ও বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০১০’ চূড়ান্ত করার অভিযোগ উঠেছে পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে। কমিটির ওই তিনটি সদস্যপ্রতিষ্ঠান থেকে অভিযোগ করা হয়েছে, তাদের লিখিত মতামত আমলে না নিয়ে এবং তাদের না জানিয়ে আইনটি ভেটিংয়ের (আইনি পরিভাষায় সঠিকতা যাচাই) জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই বিধিমালা চূড়ান্ত অনুমোদন পেলে বর্জ্যযুক্ত জাহাজ আমদানির সুযোগ থেকে যাবে বলে তারা আশঙ্কা করছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১০ সালে ভাঙার জন্য জাহাজ আমদানির ক্ষেত্রে বর্জ্যমুক্ত করার শর্ত যুক্ত করে আমদানিনীতি আদেশে পরিবর্তন এনেছিল সরকার। তবে ওই ৫৭টি শর্ত এবং আমদানিনীতি আদেশের সংশোধনীটি খসড়া বিধিমালায় যুক্ত করা হয়নি বলেও অভিযোগ তুলেছেন পরিবেশবাদীরা। ফলে উচ্চ আদালতের নির্দেশ ও আন্তর্জাতিক বর্জ্যবিষয়ক আইনের লঙ্ঘন হচ্ছে বলে তারা মনে করছে।এর আগে জাহাজভাঙা শিল্পকে পরিবেশবান্ধব করার জন্য উচ্চ আদালত বিধিমালা তৈরির নির্দেশ দিয়েছিলেন। সে অনুযায়ী ১৮ সদস্যবিশিষ্ট একটি কারিগরি কমিটি গঠন করা হয়। এর মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার প্রতিনিধি রাখা হয়েছিল ১৫ জন। সুশীল সমাজের অংশ হিসেবে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) ও ওয়েস্ট কনসার্নকে অন্তর্ভুক্ত করা হয়।বেসরকারি এই তিনটি সংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয়, খসড়া বিধিমালায় পুরোনো জাহাজ আমদানি ও বর্জ্যমুক্ত করার ক্ষেত্রে পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করার কথা বলা হলেও এর কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। বিষয়টি সুনির্দিষ্ট না থাকলে আইনের ফাঁক গলে দূষণ অব্যাহত থাকবে বলে তাদের আশঙ্কা। খসড়াটিতে বিপজ্জনক বর্জ্যের সংজ্ঞায় ভাঙার জন্য আমদানিকৃত জাহাজ অন্তর্ভুক্ত করা হয়নি। কিন্তু সরকারের অনুস্বাক্ষরিত আন্তর্জাতিক বর্জ্য চলাচলবিষয়ক বাসেল কনভেনশনে বলা হয়েছে, পরিত্যক্ত জাহাজই একটি বর্জ্য। উচ্চ আদালতের নির্দেশেও একে বর্জ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার হোসেন অবশ্য প্রথম আলোকে বলেন, কমিটির প্রত্যেক সদস্যকে অবহিত করে ও মতামত নিয়ে বিধিমালাটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদিত হয়ে ফেরত এলে তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।কমিটির সদস্য ইপসার অ্যাডভোকেসি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহিন অভিযোগ করেন, ইপসা, বেলা ও ওয়েস্ট কনসার্ন থেকে লিখিতভাবে মতামত দেওয়া হলেও তা যুক্ত না করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।এ তিনটি সংস্থা থেকে আরও বলা হয়, বিধিমালাটি তৈরির উদ্দেশ্য ছিল ভাঙার জন্য আনা জাহাজের বর্জ্য কীভাবে ব্যবস্থাপনা করা হবে, তার একটি পূর্ণাঙ্গ নির্দেশনা তৈরি করা। কিন্তু বিধিমালার ২০ নম্বর শর্তের ‘ই’ অংশে বলা হয়েছে, জাহাজের বিপজ্জনক বর্জ্য হ্যান্ডলিংয়ের জন্য এমন সতর্ক পদক্ষেপ নেওয়া, যাতে কোনো দুর্ঘটনার আশঙ্কা না থাকে। এমন মানে কেমন, তা বিধিমালায় বিস্তারিতভাবে সংজ্ঞায়িত হয়নি। এতে বিষাক্ত বর্জ্যযুক্ত জাহাজ আমদানি ও ভাঙার সুযোগ সৃষ্টি হবে বলে তারা মনে করছে।খসড়া বিধিমালায় বলা হয়েছে, বর্জ্য বিনষ্ট করার জন্য মহাপরিচালক কোনো নির্দেশনা দিলে তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। এ ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তারা কী ধরনের ব্যবস্থা নিতে পারবেন, তাঁদের ক্ষমতা কী, সে ব্যাপারে বিধিমালায় সুনির্দিষ্ট কিছু যুক্ত করা হয়নি বলে উল্লেখ করা হয়।আইনি নোটিশ: উচ্চ আদালতের আদেশ অমান্য করে বিভিন্ন ইয়ার্ড বরাবর শর্ত সাপেক্ষে পরিবেশগত ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে পরিবেশ অধিদপ্তরকে গত বৃহস্পতিবার আইনি নোটিশ পাঠিয়েছে বেলা। পরিবেশগত ছাড়পত্র ও রপ্তানিকারকদের কাছ থেকে গ্রহণযোগ্য বর্জ্যমুক্ত সনদ ছাড়া পুনরায় জাহাজ আমদানির সপক্ষে অনাপত্তি দেওয়া থেকে বিরত থাকা, বর্জ্যমুক্ত সনদ ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া এরই মধ্যে আমদানি করা সব জাহাজ ভাঙার কর্মকাণ্ড স্থগিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।