বর্জ্যে বিষাক্ত, দখলে সংকুচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ব্রহ্মপুত্রের দুই পাড় ধীরে ধীরে দখল কইরা ফেলছে, অহন এইডা আর নদী নাই। কারখানার বিষাক্ত বর্জ্য নিষ্কাশনের নালা। এর পানির দুর্গন্ধে পেট ফুইলা যায়, বমি হয়।’ পুরোনো ব্রহ্মপুত্র নদের করুণ অবস্থা এভাবেই ফুটে উঠেছে নরসিংদীর সদর উপজেলার গনেরগাঁও গ্রামের ষাটোর্ধ্ব ঈসমাইল হোসেনের বক্তব্যে। এলাকাবাসীর অভিযোগ, সদর উপজেলার শেখেরচর বাবুরহাট থেকে নুরালাপুর ইউনিয়নের রংপুর গ্রাম পর্যন্ত পুরোনো ব্রহ্মপুত্র নদের উভয় পাশের পাঁচ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে প্রভাবশালী ব্যক্তিরা। দুই যুগ ধরে ওই এলাকায় নদী দখল ও তীরে গড়ে তোলা হয়েছে শিল্পকারখানা। শতাধিক কারখানা পরিশোধন না করেই প্রতিদিন কয়েক হাজার টন বর্জ্য ব্রহ্মপুত্র নদে ফেলছে। বেশির ভাগ বড় কারখানায় ইটিপি নেই। কয়েকটিতে ইটিপি থাকলেও তা ব্যবহার করা হচ্ছে না। বিষাক্ত বর্জ্য ব্রহ্মপুত্রের শাখা নদী হয়ে মেঘনায় গিয়ে মিশছে। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।গনেরগাঁও গ্রামের হরমুজ আলী, লাইলী বেগম, আলফাজ মিয়া ও সোলায়মান মোল্লা বলেন, এই নদের পানি গৃহস্থালির কোনো কাজে ব্যবহার করা যায় না। জমিতে দিলে ফসল নষ্ট হয়ে যায়।মাধবদী পৌর এলাকার আনন্দী মহল্লার ব্যবসায়ী লিয়াকত হোসেন বলেন, নরসিংদীতে খরস্রোতা ব্রহ্মপুত্র এখন দখলে সংকুচিত, শিল্পবর্জ্যে বিষাক্ত। এই নদের পাশ দিয়ে এখন চলাচল করতে হয় নাক-মুখে রুমাল দিয়ে।জানা যায়, পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত সম্প্রতি অভিযান চালিয়ে বর্জ্য শোধনাগার না থাকায় ইউনিলন টেক্সটাইল লিমিটেড, এইচএম টেক্সটাইল ও ব্রাইট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজকে জরিমানা করেন। এ ছাড়া নদীর তীর দখল করায় ইনডেক্স প্লাজা ও মাইক্রো ট্রেড সেন্টারকে কারণ দর্শানোর জন্য নরসিংদী পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়। আদালত চলতি বছরের জুন মাসের মধ্যে কারখানাগুলোতে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণের নির্দেশ দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ইটিপি স্থাপন না করলে কারখানা বন্ধসহ জেল-জরিমানা করা হবে বলে সতর্ক করা হয়। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, নরসিংদীর ডায়িং, প্রিন্টিং ও ফিনিশিং কারখানাগুলোর বর্জ্যে আশপাশের নদী ও জলাশয় এতটাই দূষিত হয়েছে যে সেখানে কোনো জলজ প্রাণী বাঁচতে পারে না। বাবুরহাট বণিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, ব্রহ্মপুত্র নদকে ঘিরেই একসময় গড়ে ওঠে প্রাচ্যের ম্যানচেস্টারখ্যাত পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর বাবুরহাট। কিন্তু সেই নদ আজ কলকারখানার অপরিশোধিত বর্জ্যের কারণে ধ্বংস হয়ে গেছে।জানা গেছে, সদর উপজেলার গনেরগাঁও, কবিরাজপুর, মাধবদীর শেখেরচর, টাটাপাড়া, মনোহরপুর, গোদাইরচর, ছোট মাধবদী, কাশিপুর, আলগী, অনন্দী, কোতোয়ালিরচর ও তুলশিপুরসহ বেশ কয়েকটি গ্রামের বহু শিশু- কিশোর, নারী-পুরুষ ও গবাদিপশু চর্মরোগে আক্রান্ত হচ্ছে। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার বাবুরহাট ও মাধবদীতে প্রভাবশালী ব্যক্তিরা নদের উভয় পাশ দখল করে অর্ধশত ভবন নির্মাণ করে শিল্পকারখানা ও বিপণিবিতান গড়ে তুলেছেন। আছে শতাধিক ছোট দোকানপাট। নরসিংদী সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর শেখেরচর এলাকায় পুরো নদ দখল করে পাকিজা গ্রুপ প্রায় ১০ বিঘা জমির ওপর গড়ে তুলেছে পাকিজা স্পিনিং মিলস লিমিটেড। কারখানার মানুষের যাতায়াতের জন্য নদীর বুকে ১৫ ফুট দৈর্ঘ্যের একটি কালভার্টও নির্মাণ করা হয়েছে। এ ব্যাপারে পাকিজা স্পিনিং মিলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মোস্তাব আলী মুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, প্রকৃত জমির মালিকদের কাছ থেকে বেশির ভাগ জমিই তাঁদের প্রতিষ্ঠান কিনে নিয়েছে। নদীর মধ্যে যতটুকু জমি আছে, তা সরকার থেকে ইজারা নিয়েই কারখানা করা হয়েছে। নদীর জমি কীভাবে ইজারা নিয়েছেন, এমন প্রশ্নের কোনো জবাব তিনি দেননি।পাকিজা স্পিনিং মিলের উত্তর পাশে নদীর একাংশ দখল করে ইনডেক্স গ্রুপ নির্মাণ করছে বহুতলবিশিষ্ট ইনডেক্স প্লাজা। ইনডেক্স প্লাজার দায়িত্বে নিয়োজিত সহকারী ব্যবস্থাপক (বিপণন) রেজাউল ইসলাম রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা পৌরসভা ও জেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েই ভবন নির্মাণ করছি।’নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী বলেন, নরসিংদীকে বাঁচিয়ে রাখতে ব্রহ্মপুত্রকে দখলমুক্ত করতে হবে। পাশাপাশি কারখানাগুলেতে ইটিপি স্থাপনের মাধ্যমে পরিশোধিত বর্জ্য নির্গমন নিশ্চিত করতে হবে।নদীর দুই পাশের বিশাল এলাকা অবৈধভাবে দখল হওয়ার বিষয়টি নিশ্চিত করে নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান বলেন, ‘নদীর সীমানা নির্ধারণ ও দখলমুক্ত করা অনেক সময়সাপেক্ষ।’তবে জেলা প্রশাসক অমৃত বাড়ৈ বলেন, ‘আমার জানা মতে, নদীর জমি অবৈধভাবে দখল করে কোনো স্থাপনা নির্মাণ করা হয়নি। হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ বিষাক্ত বর্জ্য নদীতে ফেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘ইটিপি চালু করা হচ্ছে না—এমন অভিযোগ পেয়ে আমরা অভিযানে যাই। কিন্তু ততক্ষণে কারখানা কর্তৃপক্ষ ইটিপি চালু করে ফেলে।’