বর্জ্যে মরণদশা গুলশান লেকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহ দুয়েক আগের এক দুপুর। গুলশান এভিনিউর ২৩-সি নম্বর সড়কে লেকের পাড় কেটে চৌবাচ্চা তৈরি করছিলেন কয়েকজন শ্রমিক। আগেই রাস্তা কেটে পাইপ টানা হয়েছে লেক পর্যন্ত। কয়েকটি বাড়ির নর্দমার সংযোগ দেওয়া হবে এই চৌবাচ্চার সঙ্গে। চৌবাচ্চা হয়ে তরল বর্জ্য যাবে লেকে। ক্যামেরা দেখে ছয়জন নির্মাণশ্রমিকের কাজ থেমে গেল। এমন স্থানে চৌবাচ্চা নির্মাণের কারণ জানতে চাইলে একজন বললেন, ওয়াসার কাজ।সেখান থেকেই ওয়াসার সংশ্লিষ্ট প্রকৌশলীকে ফোন করে এ বিষয়ে জানতে চাইলে তিনি বললেন, ‘ওয়াসা এ বিষয়ে কিছুই জানে না।’ ফোন কেটে চোখ ঘোরাতেই দেখা গেল, ছয়জন শ্রমিকের একজনও নেই। নিমেষে যেন হাওয়ায় মিলিয়ে গেছেন।মজার ব্যাপার, ঘণ্টা খানেক পরই ওই জায়গায় ফিরে গিয়ে আবার কাজে ব্যস্ত পাওয়া গেল শ্রমিকদের। এবার তাঁরা সত্যি কথা বললেন। এলাকার কয়েকটি বাড়ির নিজস্ব নর্দমার সঙ্গে সংযোগ দিতে তাঁদের কাজ দেওয়া হয়েছে। সেখানে উপস্থিত ১০ নম্বর বাড়ির তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম বললেন, ‘আমরা একা না, এখানে সবাই এই কাজ করছে।’শফিকুলের উল্টো প্রশ্ন, ‘ময়লা যাবে কোথায়?’গত বুধবার সকালে ওই এলাকায় আবার গিয়ে দেখা যায়, চৌবাচ্চার সঙ্গে জুড়ে দেওয়া পাইপলাইন হয়ে গলগল করে তরল বর্জ্য যাচ্ছে লেকে। বোঝা গেল, সাংবাদিকের চোখে বিষয়টি ধরা পড়া এবং তাৎক্ষণিকভাবে ওয়াসার একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি অবগত হওয়ার পরও এই দায়িত্বজ্ঞানহীন ও অবৈধ কাজ ঠেকে থাকেনি। এ রকম নির্বিচারভাবে ময়লা-আবর্জনা ফেলে বিষিয়ে তোলা হচ্ছে গুলশান লেক। রাজধানীর অভিজাত এলাকার অপেক্ষাকৃত সচেতন বাসিন্দারাই তা করছেন। নর্দমা ছাড়াও লেকের পাশের বাড়িঘর থেকেও ছুড়ে দেওয়া হয় আবর্জনা। গুলশান ২৩-বি সড়কের একটি বাড়ির বাসিন্দা এবং স্থানীয় একটি সামাজিক সংগঠনের নেত্রী গভীর উদ্বেগ দেখিয়ে এই প্রতিবেদককে বললেন, ‘আপনাদের বেশি করে লেখালেখি করা উচিত। এটা তো আপনাদের নৈতিক দায়িত্ব। দেখছেন না, ময়লা-আবর্জনায় ছেয়ে গেছে, কী দুর্গন্ধ!’ওই সমাজকর্মী কথা বলতে বলতেই বাড়ির জানালা দিয়ে তাঁরই কাজের মেয়ে লেকের পানিতে ছুড়ে দিচ্ছিল এক ঝাঁকা আবর্জনা!গৃহকর্ত্রীকে দৃশ্যটি দেখাবার পর তিনি কাজের মেয়েকে কড়া ভর্ৎসনা করে এর পর থেকে সব সময় সিটি করপোরেশনের ডাস্টবিনে ময়লা ফেলতে বললেন। কাজের মেয়ের বিস্ময়ভরা দৃষ্টি আর জবাবেই পরিষ্কার হয়ে গেল আসল ঘটনা। তার ত্বরিত জবাব ছিল, ‘ধমকাইতাছেন ক্যান্। আগে তো এমন কথা একবারও কন্ নাই।’গুলশান লেকের দূষণে চিন্তিত এই ভদ্রমহিলাই দখল-দূষণের খবর জানাতে প্রথম আলোয় ফোন করেছিলেন। তাঁর বাড়িতেই এমন দৃশ্যের অবতারণা হওয়ায় সহজেই বোঝা গেল, লেকের এমন অবস্থার জন্য তাঁর মতো বাসিন্দারাও অনেকটা দায়ী। এই এলাকায় লেকের অনেকটা জায়গাজুড়ে এত বেশি আবর্জনা জমেছে যে পানি পর্যন্ত দেখা যায় না। সেই সঙ্গে জন্মেছে কচুরিপানা। বাতাসে ভেসে বেড়াচ্ছে দুর্গন্ধ। এলাকায় পয়োনালা নেই। অনেক বাড়িতে সেপটিক ট্যাংক পর্যন্ত নেই। সমস্ত বর্জ্যের গন্তব্যস্থল এই লেক।শুধু বাড়িঘরের বর্জ্য নয়, এলাকার অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং তেজগাঁও, মহাখালী, বাড্ডাসহ আশপাশের প্রায় ২০০ শিল্পকারখানার বর্জ্যে এক দিকে মহাখালী-বনানী লেক, অন্য দিকে গুলশান-বারিধারা লেক মারাত্মকভাবে দূষিত হচ্ছে। লেকগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)। এর চেয়ারম্যান মো. নুরুল হুদার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, দূষণ রোধে সবকিছু করার ক্ষমতা রাজউকের নেই। রাজউক শুধু অন্য সংস্থার সঙ্গে সমন্বয় করে সাহায্য করতে পারে। চেয়ারম্যান জানালেন, ইতিমধ্যে বিভিন্ন সংস্থার সমন্বিত সভায় সিদ্ধান্ত হয়েছে, ওয়াসা লেকদূষণ রোধে বড় ধরনের প্রকল্প বাস্তবায়ন করবে।গুলশান-বারিধারা-বনানী-মহাখালী এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ও পয়োব্যবস্থা নেই। ১৯৯৮ সালে জাপানের অর্থায়নে বারিধারা এলাকায় পয়োনালা স্থাপনের যে প্রকল্প গৃহীত হয়েছিল, তা আলোর মুখ দেখেনি। দুই প্রকল্পের অপেক্ষায়: হাতিরঝিল উন্নয়ন প্রকল্পের সঙ্গে সমন্বয় করার জন্য গুলশান লেকের দুই পাড় ঘেঁষে ঢাকা ওয়াসা স্টর্ম স্যুয়ার (একধরনের প্রশস্ত ও গভীর নর্দমা) করবে বলে ঘোষণা দিয়েছে ছয় মাসেরও বেশি আগে। ‘গুলশান-বারিধারা স্টর্ম-স্যুয়ার’ নামের এই প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হলেও ভৌত কাজের বাস্তবায়ন কবে হবে, তা এখনো বলা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ওয়াসা সূত্র জানায়, একটি প্রকল্পে গুলশান শ্যুটিং ক্লাব থেকে হাতিরঝিল পর্যন্ত ১২ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনে আবাসিক নর্দমার সংযোগ দেওয়া হবে। প্রকল্প পরিচালক শওকত হায়াত প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়িত্ব হলে লেকের দূষণ কিছুটা কমে আসবে।’ অন্যটি হচ্ছে পয়োনিষ্কাশন প্রকল্প। এর মাধ্যমে গুলশান-বারিধারা ও মহাখালী-বনানী লেককে পয়োদূষণের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে বলে মনে করছে ওয়াসা। সংস্থার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান জানান, এতে খরচ হবে চার হাজার ৯৫৪ কোটি টাকা। এটারও বাস্তব কাজ শুরু হয়নি। অথচ প্রকল্প দুটির যুক্তি দিয়ে অন্য সংস্থাগুলো হাত গুটিয়ে আছে। ডিসিসির নর্দমার মুখ লেকে: গুলশান-বনানী-বারিধারাসহ আশপাশের প্রায় পুরো এলাকার ডিসিসির যে ভূ-উপরিস্থ নর্দমা রয়েছে, সেগুলোর মুখও গিয়ে মিশেছে লেকে। এমনকি গুলশানে ডিসিসির আঞ্চলিক কার্যালয়ের নর্দমারও শেষ গন্তব্যও এই জলাশয়। নিয়ম অনুযায়ী, ডিসিসির ভূ-উপরিস্থ নর্দমার ময়লা ওয়াসার ভূ-গর্ভস্থ পয়োনালায় মেশার কথা। কিন্তু এলাকায় পর্যাপ্ত পরিমাণে পয়োনালা না থাকায় লেকের সঙ্গেই ডিসিসির নর্দমার সংযোগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।নিকেতন এলাকায় দূষণ: মহাখালী টিবি গেট এলাকার পয়োনালা ঘুরিয়ে সরাসরি গুলশান লেকে সংযোগ দিয়ে দেওয়া হয়েছে। পয়োবর্জ্যের দুর্গন্ধে এলাকাবাসীর অবস্থা সঙ্গিন। স্থানীয় বাসিন্দা ফেরদৌস আলম বললেন, ‘এলাকাটিকে অভিজাত বলা হয়। কিন্তু লেকের এই দূষণে আমরা কোথায় বসবাস করছি, তা বোঝা মুশকিল।’খোঁজ নিয়ে জানা যায়, নিকেতনের বিভিন্ন ব্লকে নিজস্ব পয়োলাইনের পাইপ মাঝেমধ্যেই ভেঙে গিয়ে বর্জ্য ছড়িয়ে পড়ে লেকে। পার্শ্ববর্তী টিবি গেট এলাকায় ওয়াসার পয়োনালা রয়েছে উল্লেখ করে সংস্থাটির দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, টিবি গেটের সঙ্গে পূর্বপাড়া হয়ে লাইনটি নিকেতনে নেওয়া হলে সমস্যা কমে যেত।লেকপাড়ে আবর্জনা: বারিধারায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাছে গুলশান ১০৬ নম্বর সড়ক এলাকায় লেকপাড়ে দেখা যায় আবর্জনার স্তূপ। নিয়মিত পরিষ্কার না করায় তা একসময় গিয়ে লেকে পড়ে। বনানী চেয়ারম্যান বাড়ির পাশে বনানী লেকপাড়ে আবর্জনা ফেলা হয় নিয়মিত। ডিসিসির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সময়মতো পরিষ্কার না করায় এই ময়লা লেকে গিয়েও পড়ে। এই এলাকার বাসিন্দা আজমল হোসেন বলেন, ‘নাকে রুমাল না দিয়ে এখানে চলার উপায় নেই।’রাজউক আবর্জনার জন্য ‘পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে’ বলে ডিসিসিকে কয়েক দফা চিঠিও দিয়েছে বলে জানা গেছে। কিন্তু সরেজমিন পরিদর্শন এবং এলাকাবাসীর কথা প্রমাণ করে, এতে বিশেষ কাজ হয়নি।এ ছাড়া গুলশান ১ নম্বর এভিনিউর ২১ নম্বর সড়কের প্রান্তে লেকে আবর্জনা ফেলা হয়। এর ঠিক বিপরীত দিকে মহাখালী সেতুর ডান দিকেও লেকে নিয়মিত আবর্জনা ফেলা হয়।গুলশান এলাকার কয়েকটি বড় রেস্তোরাঁর অনেক বর্জ্য সরাসরি যায় লেকে। গুলশান ২-এর ৩২ নম্বর সড়কে পুলিশের এক সাবেক কর্মকর্তার বাড়িসহ কয়েকটি বাড়ির পয়োনালার সংযোগ লেকের সঙ্গে।শিল্পবর্জ্যের দূষণ: বাড্ডা, মহাখালী ও তেজগাঁওয়ের বৈধ-অবৈধ শিল্প কলকারখানার রাসায়নিকসহ নানা ধরনের বর্জ্য সরাসরি ও পরোক্ষভাবে লেকে গিয়ে পড়ায় পানি মারাত্মক দূষিত হচ্ছে। সম্প্রতি এলাকায় গিয়ে দেখা যায়, বাড্ডা বাজারের পাশে মসজিদের কাছেই জুতা, প্লাস্টিকসহ বিভিন্ন সামগ্রীর কারখানা থেকে বর্জ্য সরাসরি লেকে যাচ্ছে। বেশির ভাগ শিল্প কলকারখানায়ই তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) নেই। অন্য অনেক স্থানের মতোই এখানেও যেগুলোয় ইটিপি আছে, সেগুলোও নিয়মিত ব্যবহার করা হয় না। সাম্প্রতিক সময়ে পরিবেশ অধিদপ্তর এখানে অভিযান চালায়নি। অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী জানিয়েছেন, অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে শিগগির অভিযান হতে পারে।