বর্জ্যের গন্ধে অতিষ্ঠ সিলেট নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন দিন ব্যস্ত হয়ে উঠছে নগর সিলেট। বাড়ছে আবাসন। মানুষের আবাসব্যবস্থার অঙ্গন-প্রাঙ্গণ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে প্রয়োজন বর্জ্য অপসারণে সুষ্ঠু ব্যবস্থাপনা। প্রায় ২৭ বর্গকিলোমিটার আয়তনের এ নগরে সাত লক্ষাধিক মানুষের বাস। সিটি করপোরেশনের হিসেবে প্রতিদিন রাত পোহালেই ১৮০ থেকে ২০০ মেট্রিক টন বর্জ্য জমা হয়। সিটি করপোরেশন নির্ধারিত পুরো নগরে ৯০টি ভাগাড়ের (ডাস্টবিন) মাধ্যমে বর্জ্যের তাত্ক্ষণিকভাবে অপসারণে ২০টি গাড়ি, ১৬ জন চালক, ১৫৭ জন পরিচ্ছন্নতাকর্মী ও ১৪৬ জন লোক দৈনিক মুজরিভিত্তিক কাজ করেন। আর সার্বিক কাজ তত্ত্বাবধান করেন ১৫জন সুপারভাইজার। সিটি করপোরেশনের এ লোকবল কাঠামোয় বর্জ্যের তাত্ক্ষণিক অপসারণ করা সম্ভব হয় ১৫০ থেকে ১৬০ মেট্রিক টন বর্জ্য। সিটি করপোরেশনের হিসেবেই বাকি থাকে ২০ থেকে ৪০ টন। অপসারণ না হওয়া এ বর্জ্যে সৃষ্টি হয় নানা সমস্যা। বিভিন্ন পাড়া-মহল্লা, অলিগলির নালা-নর্দমা এবং নির্ধারিত বর্জ্য ভাগাড়গুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে, সদা দৃশ্যমান এ সমস্যা শুধু নগর অপরিচ্ছন্ন করছে না, স্বাস্থ্যঝুঁকির আশঙ্কাকে বড় করে তুলেছে। এ প্রতিবেদন তৈরি করেছেন সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ।