বর্ডার গার্ড বিল সংসদে উত্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্রোহের মতো অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে গতকাল সোমবার ‘বর্ডার গার্ড বাংলাদেশ বিল, ২০১০’ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। আগে বিডিআর আইনে এর সর্বোচ্চ শাস্তি ছিল সাত বছরের কারাদণ্ড।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিলটি সংসদে উত্থাপন করেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনে আরও তিনটি বিল উত্থাপিত হয়। অন্য বিল তিনটি হলো, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিল, ২০১০; পরিবেশ আদালত বিল, ২০১০ এবং জলবায়ু ট্রাস্ট বিল, ২০১০।এ ছাড়া রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা বিল, ২০১০; বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) বিল, ২০১০ এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিল, ২০১০ সম্পর্কে কমিটির প্রতিবেদন গতকাল সংসদে উত্থাপিত হয়।বর্ডার গার্ড বিল, ২০১০ উত্থাপনের পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।প্রস্তাবিত বর্ডার গার্ড আইনে বলা হয়েছে, সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি কর্তৃক সংঘটিত বিদ্রোহের মতো অপরাধের বিচারে বর্ডার গার্ড আদালত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে পারবেন। প্রস্তাবিত আইনে সর্বনিম্ন শাস্তি ‘ভর্ৎসনা’র বিধানও রয়েছে।বিলে বর্ডার গার্ডের এখতিয়ার ও ক্ষমতার ভিত্তিতে তিন ধরনের আদালত গঠনের প্রস্তাব করা হয়েছে। এগুলো হচ্ছে, স্পেশাল বর্ডার গার্ড আদালত, স্পেশাল সামারি বর্ডার গার্ড আদালত ও সামারি বর্ডার গার্ড আদালত। এ ছাড়া সংক্ষুব্ধ ব্যক্তি বর্ডার গার্ড আপিল ট্রাইব্যুনালে আপিল করার সুযোগ পাবেন।বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তরে নৃশংস হত্যা, অগ্নিসংযোগ, লুণ্ঠনের মতো গুরুতর অপরাধ বিচারে বিদ্যমান আইনের অপর্যাপ্ততা দূর করতে বর্ডার গার্ড বাংলাদেশ বিল প্রণয়ন করা হয়েছে। এ আইন পাস হলে বিদ্যমান বাংলাদেশ রাইফেলস (বিশেষ বিধান) অধ্যাদেশ, ১৯৭৬ রহিত হয়ে যাবে। প্রস্তাবিত এ আইনে ১৬টি অধ্যায়ে ১৩৭টি ধারা রয়েছে।আইনটি যুগোপযোগী করে বিভাগীয় কর্মকর্তা ও অসামরিক পদে কর্মরত ব্যক্তিদের অপরাধের বিচার, বর্ডার গার্ড বাহিনীর কার্যাবলি, ক্ষমতা ও দায়িত্ব এবং অধস্তন কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ রাখা হয়েছে।বিদ্রোহের ব্যাখ্যায় বলা হয়েছে, অধিভুক্ত দুই বা ততোধিক ব্যক্তির সম্মিলিতভাবে বাহিনী বা সশস্ত্র বাহিনী বা সহযোগী বাহিনীর কোনো কর্তৃপক্ষের আইনানুগ আদেশ অমান্য করা বা ওই কর্তৃপক্ষের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা, প্রতিহত করা বা উৎখাত করা অথবা দুই বা ততোধিক ব্যক্তি তাদের বৈধ বা অবৈধ অসন্তুষ্টি সম্মিলিতভাবে কর্তৃপক্ষের কাছে প্রকাশ করা বা এ ধরনের কাজের কোনো চেষ্টা করাকে বিদ্রোহ হিসেবে গণ্য করা হবে।প্রস্তাবিত আইনে বাকস্বাধীনতা রক্ষায় মহাপরিচালক অথবা তৎকর্তৃক কর্মকর্তার পূর্বানুমোদন নিয়ে পেশাগত দক্ষতা বৃদ্ধি বা বাহিনীর স্বার্থে পেশাজীবী সংগঠনের সদস্য হওয়ার বিধান রাখা হয়েছে। তবে বিডিআর আইনে এ বিষয়ে সুস্পষ্ট কোনো বিধান ছিল না।