বর্ণ নিয়ে আনন্দময় দিন
মাঠের মধ্যে বিছিয়ে রাখা হয়েছিল একরাশ খড়। শহুরে শিশুরা খড়-বিচালির সঙ্গ পায় না। হঠাৎ পাওয়া এই সামান্য খড়ই মহার্ঘ্য হয়ে উঠেছিল তাদের কাছে। সেই খড় দড়ির মতো করে পাকিয়ে তারা তৈরি করল অ, আ, ক, খ...আরও কত অক্ষর।কেউ কেউ গেল পাশেই খুঁটির ওপর পেতে রাখা বিশাল জাতীয় পতাকার পাশে। তলায় ঢুকে পড়ে একটু লুকোচুরি খেলার আনন্দও মিলল তাতে। ওদিকে আবার ছবি আঁকার পালা। রং-তুলি নিয়ে বসে গেল অনেকে, কেউ মগ্ন হলো টি-শার্টে নকশা আঁকতে। আয়োজনের কি আর কমতি আছে! মঞ্চে তো চলছে গান, অভিনয়, জাদু, টুকটুকি-হালুমদের নাচ। সেখানটায় তো আবার হাজির না হলেই নয়। কাজেই ছুটতে হলো মঞ্চের দিকেও। এসব করতে গিয়ে বাবা-মাকেও হারিয়ে ফেলছিল কেউ কেউ। কী আর করা। ঠোঁট ফুলিয়ে মঞ্চে উঠে বলতে হলো, ‘আমি হারিয়ে গেছি। মা-বাবা তোমরা কোথায়? মঞ্চে এসে আমাকে নিয়ে যাও।’এসব মজার মজার নানা আয়োজনের মধ্য দিয়েই সকাল থেকে শেষ বেলা পর্যন্ত আনন্দঘন সময় কাটল বর্ণমেলায় শিশু-কিশোর আর তাদের সঙ্গে আসা অভিভাবকদের। এ নিয়ে চতুর্থবারের মতো মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বর্ণমেলার আয়োজন করল প্রথম আলো। ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সকাল নয়টা থেকে শুরু হয়েছিল বর্ণমেলার কার্যক্রম। শিশু-কিশোরদের নিয়ে প্রথম আলোর এই আনন্দযজ্ঞে সহায়তা দিয়েছে বিএসআরএম, এবি ব্যাংক, এস আলম গ্রুপ, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, সার্ফ এক্সেল, লাইফবয়, পেপসোডেন্ট ও চ্যানেল নাইন। বর্ণমেলার পুরো আয়োজনটি চ্যানেল নাইন সরাসরি সম্প্রচার করে। গত বছর থেকে ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও প্রথম আলো বর্ণমেলার আয়োজন করছে।প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ সকালে মেলায় অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে আনুষ্ঠানিকতার সূচনা করে বলেন, তিন বছর ধরে এ উৎসবের আয়োজন করা হচ্ছে। প্রতিবছরই এতে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়ছে। আনন্দের মধ্য দিয়ে শিশুমনে ভাষার প্রতি ভালোবাসার বুনিয়াদ দৃঢ় করে তুলতেই এই আয়োজন। দুই বছর ধরে চট্টগ্রামেও বর্ণমেলা হচ্ছে। ভবিষ্যতে দেশের অন্য জেলাতেও বর্ণমেলার আয়োজনের পরিকল্পনা রয়েছে।এরপর জাতীয় সংগীত ও ভাষার গান ‘মোদের গরব মোদের আশা’ পরিবেশন করেন সুরের ধারার শিল্পীরা। বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, শুধু উৎসবের মধ্যে ভাষার প্রতি ভালোবাসা সীমাবদ্ধ রাখলে হবে না। প্রতিদিন জীবনের প্রতিটি মুহূর্তে ভাষার প্রতি ভালোবাসাকে অন্তরঙ্গ করে রাখতে হবে। দেশের জন্য, ভাষার জন্য তোমরা যতটুকু দেবে, দেশের কাছ থেকেও ততটুকুই পাবে।’প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘এখন বিশ্বের ১৯০টি দেশে প্রথম আলো পড়া হয়। আমরা বলছি বিশ্বজুড়ে বাংলা, বিশ্বজুড়ে প্রথম আলো।’ তিনি দেশকে উন্নয়ন-অগ্রগতির পথে বদলে দেওয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক সমবেত শিশুদের দেশ ও বাংলা ভাষাকে ভালোবাসার প্রেরণা দেন।মেলা মঞ্চে চলে টানা বিচিত্র পরিবেশনা। গম্ভীরা, নাচ, আবৃত্তি, পুতুলনাচ, অভিনয়, জাদু, সিসিমপুরের বন্ধুদের বর্ণ দিয়ে মজার খেলা আর গান তো ছিলই। দেশের গান, ভাষার গান, গণজাগরণের গানসহ কত রকমের গান গেয়ে শোনালেন দেশের খ্যাতনামা শিল্পীরা। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’, ‘রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালি’, ‘ভুলব না একুশে ফেব্রুয়ারি’, ‘ওরা আমার মুখের ভাষা’, ‘অপমানে তুমি সেদিন জ্বলে উঠেছিলে বর্ণমালা’ এমন আরও অনেক গান গেয়েছেন শিল্পীরা। একক কণ্ঠের শিল্পীদের মধ্যে ছিলেন বুলবুল ইসলাম, মিতা হক, খায়রুল আনাম শাকিল, সামিনা চৌধুরী, লাইসা আহমেদ লিসা, অদিতি মহসিন, শারমীন সাথী ইসলাম, মাহমুদুজ্জামান বাবু, জান্নাত-ই-ফেরদৌসি, লিজা, কিশোর, সাব্বির, আতিক, কোনালসহ অনেকে। সমবেত সংগীত পরিবেশন করে সুরের ধারা, জাগরণ, ছায়ানট, সজীব ও তাঁর কয়ার থার্টিওয়ান।মাঠের পূর্ব, দক্ষিণ ও পশ্চিম পাশ দিয়ে ছিল স্টলের সারি। এসব স্টলে ছিল বর্ণ আঁকা পোশাক, বই, বর্ণপ্রযুক্তি। বর্ণ তৈরির প্রতিযোগিতার প্রদর্শনী ছিল অনেক বড় একটা স্টলে। সেখানে একতারা দিয়ে তৈরি করা হয়েছে ‘এ’। পয়সা দিয়ে ‘প’। বর্ণ দিয়ে ডাকটিকিট। এমন বহু বিচিত্র উপকরণ দিয়ে বর্ণ তৈরি করে প্রতিযোগীরা। একটি স্টল ছিল ‘বর্ণভোজ’ নামে। সেখানে বর্ণ নিয়ে মজার খেলায় অংশ নিয়ে জিতে গেলেই নগদ চকলেট পুরস্কার। অন্য একটিতে ছিল গাছের পাতার আকারে তৈরি সবুজ কাগজে মনের কথা লিখে পাশেই বাঁশ-কাঠ দিয়ে তৈরি গাছের শাখায় মনের কথা লেখা সেই পাতাগুলো সুতোয় বেঁধে ঝুলিয়ে দেওয়া।মাঠের মাঝখানে ছিল অন্য রকম আয়োজন। খড় দিয়ে বর্ণ বা সংখ্যা তৈরি। বর্ণের গোলক ধাঁধায় ঘুরপাক খাওয়া। আর বিশাল আকারের বর্ণগুলোকে রঙে রঙে রাঙিয়ে তোলার মজা। ছিল বর্ণখচিত নাগরদোলা। বর্ণমালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল মাঠের চারপাশের গাছের শাখায়। বাংলার পাশাপাশি অন্য ভাষার বর্ণও ছিল। হরেক আকার ও রঙের বর্ণমালাই হয়ে উঠেছিল বর্ণমেলার সজ্জার প্রধান উপকরণ।শিশু-কিশোরেরা এসব আয়োজনে মেতে থাকার ফাঁকে ফাঁকে অংশ নিয়েছে ছবি আঁকা, হাতের লেখার প্রতিযোগিতা ও হাতেখড়ির আয়োজনে। শিশুদের হাতেখড়ি দিয়েছেন বিশিষ্ট শিল্পী কাইয়ুম চৌধুরী, সমরজিৎ রায়চৌধুরী, রফিকুন নবী, শহীদ কবির, আবুল বারক আলভী, ফরিদা জামান, আবদুল মান্নান, আফজাল হোসেন, শিশির ভট্টাচার্য্য, আনিসুল হকসহ অনেকে। ইস্কাটন থেকে চার বছরের মেয়ে ওয়ার্দা ইয়াসমিনকে নিয়ে মেলায় এসেছিলেন কম্পিউটার সেবাদাতা প্রতিষ্ঠানের চাকরিজীবী ইয়াসির আরাফাত। তিনি বললেন, ‘বিশিষ্ট ব্যক্তিদের কাছে মেয়ে হাতেখড়ি নিয়েছে। সারা দিন বর্ণমালায় রং করেছে, নাগরদেলায় উঠেছে। সিসিমপুর আর পুতুলনাচ দেখে আনন্দ পেয়েছে। খুবই আনন্দময় দিন কাটিয়েছি আমরা।’মঞ্চেও অনুষ্ঠানের মাঝে মাঝে ছিল আলোচনা, পুরস্কার বিতরণী। জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল মেলার মাঠে এসেছিলেন দুপুর নাগাদ। তাঁকে কাছে পেলে বরাবর যা হয়—ভক্তের ঝাঁকে ঘেরাও হয়ে গেলেন নিমেষে। কারও আবদার দস্তখত, কারও বায়না পাশে দাঁড়িয়ে ছবি তোলা। হাসিমুখেই সেসব মিটিয়ে মঞ্চে এসে তিনি বললেন, ‘তোমাদের সামনে এলে আমারই লাভ হয়। আমি তোমাদের দেখে আমার ব্যাটারিটা চার্জ করে নিই।’ মজার মজার কাথায় তিনি আগামী দিনের দেশের কান্ডারিদের যোগ্য নাগরিক হয়ে ওঠার প্রেরণা দেন।জাদু দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছেন জুয়েল আইচ। সিসিমপুরের টুকটুকি-হালুম-ইকরি-শিকুদের বর্ণ নিয়ে গান আর খেলা এবং জলপুতুলের পরিবেশনায় খরগোশ ও কচ্ছপের দৌড় প্রতিযোগিতার গল্প নিয়ে পুতুলনাচ খুবই উপভোগ্য হয়ে উঠেছিল খুদে দর্শকদের কাছে। এ ছাড়া আবৃত্তি করেছেন শিমুল মুস্তাফা ও মাহমুদা আক্তার, গল্প শুনিয়েছেন তামান্না তিথি। ভাষা নিয়ে গম্ভীরা পরিবেশন করে মাধুয়া। সমবেত নৃত্য পরিবেশন করে ভিকারুননিসা নূন স্কুল, সাউথ পয়েন্ট স্কুল, বারিধারা স্কলারস ইনস্টিটিউশন, নৃত্যাঞ্চল, নৃত্যভূমি ও পরশ থিয়েটার।পুরস্কার বিতরণী পর্বে তিনটি বিভাগে বর্ণ প্রদর্শনী, হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং লাইফবয়ের সুন্দর হাতে সুন্দর বর্ণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এ পর্বে অভিনয়শিল্পী ফেরদৌস, অপি করিম, ঈশিতা এবং অন্য অতিথিরা উপস্থিত ছিলেন। বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাজ্জাদ শরিফ, মুনমুন, সুমনা শারমীন ও সাইদুজ্জামান। মায়ের ভাষার জন্য দেশের যে বীর সন্তানেরা বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয়েছিল দিন। তারপর বর্ণমেলার আনন্দ আয়োজনে কেটে গেল সারা বেলা।