বর্ণ নিয়ে আনন্দযজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়ে গিয়ে হাত ভাঙল, চলতে গিয়ে ভাঙল পা। কিন্তু উহু-আহা নেই কারও মুখে; চোখে নেই কান্নার জল। রঙের ওপর রঙের প্রলেপ। কত অক্ষর উঠল, কত পড়ল ঝরে, কে তার হিসাব রাখে! হাতভর্তি ধুলোবালি, জামাকাপড়ে রঙের ছোপ। দৌড়ঝাঁপের অন্ত নেই। মা বললেন, ‘বাড়ি চলো, নাওয়া-খাওয়া করতে হবে।’ ছেলের বায়না, ‘এক দিন গোসল না করলে, এক বেলা না খেলে কী হয়।’ কে চায় এমন আনন্দযজ্ঞ ছেড়ে চার দেয়ালের বন্দিশালায় ফিরতে?গতকাল সোমবার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বর্ণমালা নিয়ে ‘বর্ণমেলা’য় এমন অপার আনন্দ যোগ হয়েছিল হাজার হাজার শিশুর জীবনে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দ্বিতীয়বারের মতো প্রথম আলো দিনব্যাপী এ মেলার আয়োজন করেছিল।ভোরের আগেই দিন: গতকাল তো ভোরের আগেই দিনের শুরু হয়েছিল বাঙালির জীবনে। শহীদ মিনারের পথে বেরিয়ে পড়েছিলেন দলে দলে ঘর ছেড়ে। কাজেই মেলার আনুষ্ঠানিকতা শুরুর আগেই মাঠে এসে হাজির খুদে দর্শকেরা অভিভাবকদের নিয়ে। তখন সকাল সাড়ে আটটা। সেই উত্তরার আজমপুর থেকে আফসানা আহসান চলে এসেছে মা রোকেয়া বেগমের সঙ্গে। ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া আফসানার উৎ সাহের অন্ত নেই। কারণ সে ছবি আঁকার প্রতিযোগিতায় অংশ নেবেই। উপরন্তু ককশিট আর রঙিন পুঁতি দিয়ে তৈরি তার একটি ক অক্ষর স্থান পেয়েছে বর্ণশোভার স্টলে।বর্ণ কেবল বর্ণ: মাঠের মাঝখানে সটান দাঁড়িয়ে আছে অতিকায় চেহারার এক অ। তার নাম ‘মস্তবর্ণ’। ধবধবে সফেদ ছিল চেহারা। তবে তা ক্ষণিকের তরে। সামনে রাখা নানা রঙে ভরা বালতি। গুচ্ছ গুচ্ছ তুলি। অতএব অতিউৎ সাহী চিত্রকর দলের তুলির টানে তার রংধনুর মতো রঙিন হয়ে উঠতে দেরি হলো না। নিচের অংশের চিত্রণ শেষ হলে অ-এর গায়ে মই লাগানো হলো। আগামী দিনের বিখ্যাত শিল্পী হয়ে ওঠার সম্ভাবনাময় আঁকিয়েরা মনোযোগী হলো বাকি অংশটুকু রঙিন করে তুলতে। মস্তবর্ণের পাশেই মাটিতে বিছিয়ে রাখা হয়েছিল চার কোণ বিশালাকার এক টুকরো সাদা কাপড়। সেখানেও রংতুলির ছোপ পড়তে শুরু করল। একজন-দুজন করে সাহস করে কাপড়ের ওপরেও উঠে গেল ভীরু ভীরু পায়ে। যখন দেখা গেল, তাদের এমন কর্মের জন্য কেউ বকাঝকা করছে না। তখন তো সেখানে রীতিমতো ভিড়ভাট্টা। মাটিতে পেতে রাখা সাদা কাপড়ের সঙ্গে নিজেদের পোশাকও রঙিন হয়ে উঠল অনেকের। রঙের ছোপ পড়ল হাতের কনুই অবধি। একটা সময় সেই চার কোণ কাপড়টিকে অদ্ভুত কায়দায় একটি বিশাল চতুষ্কোণ বাক্সের মতো করে ফেলা হলো।একটু তফাতে উত্তর দিকটায় মাটিতে বিছিয়ে রাখা আরেক মজার জিনিস। ‘লাল রঙের শক্ত কাপড় দিয়ে অনেক বড় করে লেখা ‘ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়’। বাতাস দিয়ে ফুলিয়ে রাখা অক্ষরগুলো। তার ওপর লম্ফঝম্প করলেও কিচ্ছু হয় না। একেবারে দক্ষিণের মাথায় তৈরি করে রাখা এক অভিনব দোলনা। শূন্য, চন্দ্রবিন্দু এসব অক্ষর দিয়ে। দিব্বি তার ভেতরে ঢুকে দোল খাওয়া যাচ্ছে। এখানেও বাধা দেওয়ার কেউ নেই। তার পাশেই পরির মুখ আঁকা ডজন খানেক ঘোড়া। দোলনা চেয়ারের মতো। ‘আমপাতা জোড়া জোড়া/ মারব চাবুক চড়ব ঘোড়া’ ছড়াটি তাদের গায়ে লেখা। কার না ইচ্ছে হবে এমন ঘোড়ায় সওয়ার হয়ে দোল খেতে! দেখতে দেখতে সেখানে পড়ে গেল লম্বা সারি।এরপর আছে ‘বর্ণদোলা’ (নাগরদোলা)। খোকাখুকুদের নিয়ে ক্যাঁকর ক্যাঁকর শব্দ তুলে ঘুরছে সেটি অবিরাম। মাঠের পাশের গাছপালাগুলোও বদলে গেছে বেমালুম। তার শাখা থেকে ঝুলছে অ, আ, ক, খ এমন অজস্র রঙিন বর্ণমালা। আর মাঠের মাঝ বরাবর ছিল করগেট কাগজ আর আয়না দিয়ে তৈরি এক আশ্চর্য স্তম্ভ। তার সারা গায়ে বড় বড় অক্ষর আটকানো। নিচে স্তম্ভটি ঘিরে ছড়িয়ে রাখা অক্ষরের স্তূপ। যে কেউ সেখান থেকে অক্ষর তুলে নিয়ে আটকে দিতে পারে স্তম্ভের সঙ্গে। কিংবা মাটিতে পেতে তৈরি করতে পারে ইচ্ছেমতো শব্দ। এতসব মজার মাজার কাজকর্ম ফেলে কে যাবে বাড়িতে?জাগরণের প্রথম দিন: আকাশে হালকা কুয়াশা। আলো আছে, রোদ নেই। অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর উপসম্পাদক সাজ্জাদ শরিফ মাঠে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সবাইকে মঞ্চের সামনে ডাকলেন উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে। বর্ণমালায় খচিত মঞ্চ। মেলা আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে তিনি বললেন ‘এই ভাষা আমাদের স্বাধিকার চেতনা থেকে স্বাধীন রাষ্ট্র পর্যন্ত দিয়েছে। ভাষার মর্মকে অনুভব করে, তার সৌন্দর্যকে হূদয়ে ধারণ করে নতুন প্রজন্মকে উজ্জীবিত করতেই এ মেলার আয়োজন।’ উদ্বোধনের জন্য তিনি আমন্ত্রণ জানালেন বিশিষ্ট শিল্পী মুস্তাফা মনোয়ারকে। তিনি সমবেত সুধীকে বললেন, ‘একুশে আমাদের প্রথম জাগরণের দিন। আমাদের বাঙালি সত্তার প্রথম মুহূর্ত। এমন দিনে বর্ণ নিয়ে এ আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। বিদেশি ভাষা আমরা শিখব। কিন্তু মাতৃভাষাকে বাদ দিয়ে নয়। মাতৃভাষার চর্চা ছাড়া পৃথিবীতে কোনো জাতি উন্নতি করতে পারেনি।’ তিনি একঝাঁক শিশু-কিশোরকে নিয়ে বর্ণমালা খচিত একগুচ্ছ বেলুন উড়িয়ে দিলেন ‘আমরা বাংলা শিখব, বাংলা বলব, মাতৃভাষাকে সম্মান করব’ শিশুদের এই প্রত্যয়ী ধ্বনীর সঙ্গে।তবু আর তবু: ছয়খানা বড় আকারের ছবির ফ্রেম। তবে ছবি নেই। দুই প্রান্তের ফেমের ভেতর বড় করে লেখা ‘তবু’। এই তবু কি? তা আছে মাঝের চারটিতে। একটিতে লেখা ‘আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে’। পরের লাইনে নিচে দাগ দিয়ে লেখা ‘তবু’। তার পরের লাইন ‘শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি’। এভাবেই তবুর নিচে দাগ দিয়ে অন্য তিন ফ্রেমের লেখাগুলো হলো ‘জ্বলে পুড়ে মারে ছারখার “তবু” মাথা নোয়াবার নয়’। ‘শিখেনে বিদেশের জ্ঞান “তুব” হারাসনে মার গান’। ‘যায় যদি যাক প্রাণ “তবু” দেব না গোলার ধান’। আনন্দের আয়োজন ছিল অনেক, তবু বিশেষভাবেই চমৎ কৃত করেছিল এই ‘তবু’।কত শোভা চারদিকে: স্টলের নাম ‘বর্ণশোভা’। ঝিনুক দিয়ে ঝ। পয়সা দিয়ে প, রসুন দিয়ে র, তুলো দিয়ে ত, পাতা দিয়ে প, ফুল দিয়ে ফ ইত্যাদি বানানো হয়েছে। দুই সারি স্টল ছিল মাঠের দুই পাশে। পশ্চিমে বর্ণশোভার পাশে ‘বর্ণ জাদুঘর’। সেখানে ৬০০ খ্রিষ্টাব্দের কুটিল লিপি থেকে আধুনিক বাংলা বর্ণমালার ক্রমবিবর্তনের ইতিহাস ও লিপিমালা তুলে ধরা হয়েছিল। এরপরে ছিল ‘বর্ণসম্ভার। সেখানে বাংলা ভাষার বই। পূর্ব দিকের স্টলগুলোতে ছিল বর্ণছবি নামে বিশিষ্ট আলোকচিত্রী নাসির আলী মামুনের তোলা বিশিষ্ট সাহিত্যিকদের প্রতিকৃতি। পরেরটি ‘বর্ণপোশাক’। সেখানে দেশি দশের তৈরি বর্ণমালা খচিত পোশাকআসাক। এরপরে খাবারের স্টল। তারপর ‘বর্ণের গোলকধাঁধা’। লাল-সবুজ কাপড়ের ঘেরাও দিয়ে তৈরি করা ঘোরানো পেঁচানো পথ। একদিক দিয়ে প্রবেশ করে অন্য দিক দিয়ে বের হতে হয়। বড়ই আনন্দ নিয়ে শিশুরা ঢুকে পড়ছিল বর্ণধাঁধায়। আর বিশ্বজয়ের মতো আনন্দে উদ্ভাসিত মুখ নিয়ে বেরিয়ে আসছিল তার ভেতরে চক্কর দিয়ে।এই তোর হাতে চারটা আঙুল কেন রে: ‘এই অরণী, তোর হাতে চারটা আঙুল কেন রে?’ যাকে বলা হলো সে তখন পাঁচ আঙুলওয়ালা হাত তৈরিতে ব্যস্ত। বর্ণমেলার সবচেয়ে মজার খেলাটিই ছিল সম্ভবত এটি। কাঠের ফ্রেমের মধ্যে বেশখানিকটা জায়গাজুড়ে ভেজা বালু ফেলে রাখা। সেখানে হাত, পা চাপ দিয়ে ছাপ তৈরি করছিল শিশু-কিশোরের দল। তারপর সেই ছাপের মধ্যে তারা ছোট ছোট বালতিতে করে গুলে রাখা সাদা প্লাস্টার অব প্যারিস এনে ঢেলে দিচ্ছিল। খানিক বাদে সেটি জমে শক্ত। তারপর বালু থেকে তুলে পানিতে ধুয়ে ফেলেই তৈরি হয়ে গেল নিজের হাত বা পা। তাড়াহুড়ো করতে গিয়ে অনেকে আঙুল বা পুরো হাত-পা ভেঙে ফেলছিল। কিন্তু তাতে অসুবিধা হচ্ছিল না। কারণ ‘একবার না পারিলে দেখ শতবার’ ধরনের ব্যবস্থা ছিল তাদের জন্য। বাবা-মা অনেকে তো টেনেই সরাতে পারছিলেন না এমন মজার খেলা থেকে। এর মধ্যে হারিয়েও গেল কেউ কেউ। মাইকে ঘোষণা শোনা গেল ‘শ্যামলী থেকে এসেছে রায়ান শামস। সে তার মাকে খুঁজছে। মা জলদি করে মঞ্চে আসুন।’শিশুদের জন্য এসব মজার স্থাপনাগুলো তৈরি করেছিলেন শিল্পী মাহবুবর রহমান, তৈয়বা বেগম, আয়েশা সুলতানা, ইয়াসমিন জাহান, মনজুর আহমেদ, নুর-ই-এলাহী, নাজমুন নাহার, হাসানুর রহমান ও ইমরান হোসেন।বসে আঁকো: খেলতে খেলতেই একটা সময় শুরু হয়ে গেল ছবি আঁকা ও তারপর হাতের লেখার প্রতিযোগিতা। বিচারক ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী, সমরজিৎ রায় চৌধুরী, আবুল বারক আলভী, আবদুল মান্নান ও ওয়াকিলুর রহমান। তাঁদের সঙ্গে সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন ছোটদের হাতেখড়ি দেওয়ার আয়োজনে। এদিকে মঞ্চে ছিল গান। গেয়ে শোনালেন বুলবুল ইসলাম, শারমিন সাথী ইসলাম, অদিতি মহসিন, কল্পনা আনাম ও খায়রুল আনাম শাকিল। চট্টগ্রামের নাটুয়া সম্প্রদায় পরিবেশন করল মাতৃভাষা নিয়ে মূকাভিনয়। জাদু দেখিয়ে তাক লাগিয়ে দিলেন রাজীব বসাক। শুভেচ্ছা জানালেন শিল্পী ইবরার টিপু। তারপর জলপুতুল করল পাপেট শো। কুশলাদি বিনিময় হলো সিসিমপুরের বন্ধু হালুম-টুকটুকিদের সঙ্গে। একপর্যায়ে শিশুরাও মঞ্চে উঠে এসে গান-আবৃত্তি করে। এভাবেই অনুষ্ঠান চলছিল একটানা।এর মধ্যে বিজয়ীদের নাম ঘোষণা হলো। এ পর্বে প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমকে মঞ্চে ডাকলেন পুরস্কার বিতরণের জন্য। তারপর আবার মূকাভিনয়, আবার গান। ‘আমি বাংলার গান গাই’ শোনালেন মাহমুদুজ্জামান বাবু।ঘনিয়ে এল বিকেলের আবছায়া। বিদায়ের পালা। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান জানতে চাইলেন, ‘বর্ণমেলা কি আবার করতে হবে? আকাশ ছোঁয়া চিৎ কার হানে সমস্বরে ‘হবে, হবে’। তিনি বললেন, ‘তাহলে হবে। আগামী বছর থেকে বিভাগীয় শহরেও বর্ণমেলা করা যায় কি না, তা আমরা ভেবে দেখব।’ তিনি শিশুদের উৎ সাহিত করে বলেন, ‘আমাদের শুদ্ধ করে বাংলা বলতে হবে, লিখতে হবে। এই ভাষাকে সারা বিশ্বে বিস্তৃত করতে হবে। ভাষার সঙ্গে সঙ্গে সুন্দর করে তুলতে হবে আমাদের দেশকে।’কবি বলেছিলেন ‘বর্ণমালা আমার দুখিনী বর্ণমালা।’ এই বর্ণমালা তো আমাদের শ্রেষ্ঠ গর্ব, আমাদের অমূল্য অলংকার। সেই বর্ণমালা নিয়ে যারা সারা দিন এমন অপার আনন্দে মাততে পারে, তারা নিশ্চয়ই দুখিনীর দুঃখ ঘুচিয়ে দেবে একদিন।পুরস্কার পেল যারা: ছবি আঁকায় ক বিভাগে প্রথম আরিবা শেহরীন, দ্বিতীয় ফারিহা কামাল, তৃতীয় আনিবা জেবিন। খ বিভাগে প্রথম আমরিন শাহরিয়ার, দ্বিতীয় সৈয়দ গাউস আহমেদ, তৃতীয় মুহতাসিম আহমেদ। গ বিভাগে প্রথম তাবাসসুম ইসলাম, দ্বিতীয় জয়ন্ত সাহা, তৃতীয় শায়লা আকতার।বর্ণশোভায় ক বিভাগে প্রথম পৃথ্বি, দ্বিতীয় মোরশেদুল হক আহমেদ, তৃতীয় ফারিহা আহমেদ। খ বিভাগে প্রথম শিশির রাজিন, দ্বিতীয় তানজিলা আহমেদ, তৃতীয় মাইশা নূর। গ বিভাগে তাসবিদ হাসিন চৌধুরী, দ্বিতীয় মাইশা পারভিন ও তৃতীয় আফসানা খান। সুন্দর হাতের লেখায় প্রথম তাহসিনাহ রহমান, দ্বিতীয় সুস্মিতা বিশ্বাস, তৃতীয় তাসফিয়া ইবনাত চৌধুরী। খ বিভাগে প্রথম তাহমিদ হায়দার, দ্বিতীয় বাসনিন মুশফিরাত, তৃতীয় শারমিলা জাহান। গ বিভাগে মোহাম্মদ শোয়াইব হোসেন, দ্বিতীয় নুসরাত জাহান, তৃতীয় বশিরুন নিসা।