লাল, নীল, সবুজ—নানা রঙের বর্ণমালা নিয়ে প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা মঞ্চে হাজির হলে হইচই পড়ে যায় প্রতিযোগীদের মধ্যে। আমার ‘ব’ অক্ষর চাই, আমাকে ‘ক’ দিন, আমাকে ‘স’—এভাবেই বর্ণমালার জন্য কাড়াকাড়ি করছে সবাই। অবশেষে বন্ধুসভার সদস্যরা প্রত্যেক প্রতিযোগীর হাতে দিলেন শোলার তৈরি একটি করে বাংলা বর্ণ। সবাই তাদের বর্ণগুলো তুলে ধরল। তৈরি হলো এক অপূর্ব দৃশ্য। একটি বর্ণমালার জন্য তাদের এই আকুলতার মধ্য দিয়ে প্রকাশ পেল মাতৃভাষার প্রতি ভালোবাসার।বাংলা বর্ণমালা ও ভাষার প্রতি নতুন প্রজন্মের এমন ভালোবাসায় গতকাল শুক্রবার চট্টগ্রামে হয়ে গেল চট্টগ্রাম অঞ্চলের এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ। ভাষা নিয়ে পরীক্ষা, প্রশ্ন, কথামালা আর জাগরণের গানে অনুষ্ঠানটি উত্সবে পরিণত হয়েছিল।চট্টগ্রাম নগরের এনায়েত বাজার মহিলা কলেজ প্রাঙ্গণে সকালে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় ও ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উত্সবের সূচনা হয়। উত্সবে জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজের অধ্যক্ষ মাহমুদা খানম। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন খ্যাতিমান কথাশিল্পী সেলিনা হোসেন।প্রশ্নোত্তর পর্বটি ছিল প্রতিযোগের সবচেয়ে প্রাণবন্ত অংশ। আগ্রাবাদ সিলভার বেলস স্কুলের ছাত্রী সালসাবিল চৌধুরী জানতে চায় নদ ও নদীর পার্থক্য কী। আবার সংগীতা মিত্রের জিজ্ঞাসা—২৫ মার্চকে বলা হয় কালো রাত্রি। কালো রাত্রি ও কালরাত্রির মধ্যে তফাত কী?প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসুর উপস্থাপনায় এ পর্বে প্রতিযোগীদের ভাষা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন সেলিনা হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মো. আবুল কাশেম, অধ্যাপক মহীবুল আজিজ, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন ও সহযোগী সম্পাদক বিশ্বজিত্ চৌধুরী।অনুষ্ঠানে সেলিনা হোসেন প্রতিযোগীদের বলেন, কোনো কোনো প্রচারমাধ্যম ও বিনোদন মাধ্যমে ভাষার বিকৃতি চোখে পড়ে। ভাষায় যাতে কোনো নৈরাজ্য ঢুকতে না পারে, ভাষার বিকৃতি যাতে না হয় সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে। বাংলা ভাষাকে সজীব ও সচল রাখার দায়িত্ব এ প্রজন্মের হাতে।মুক্তিযুদ্ধ প্রসঙ্গে সেলিনা হোসেন বলেন, একাত্তরে মুক্তিযোদ্ধাদের বাঁচাতে যশোরের এক মা তাঁর নিজের ছেলেকে পাকিস্তানিদের হাতে তুলে দেন। সেই কাহিনি নিয়ে লেখা তাঁর উপন্যাস হাঙর নদীর গ্রেনেড-এর কথা উল্লেখ করে তিনি বলেন, মা ও মাতৃভূমির প্রতি ভালোবাসা ও প্রেম কখনোই মুছে যাওয়ার নয়। জাতীয় সংগীতের কয়েকটি লাইনের মর্মার্থও তুলে ধরেন তিনি।কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘বিশ্বের ৬০০ কোটি মানুষের ছয় থেকে সাত হাজার ভাষা আছে। কিন্তু প্রতি ১৫ দিনে একেকটি ভাষা হারিয়ে যাচ্ছে। ভাষার ব্যাপারে সচেতন না হলে আমাদের ভাষারও হারিয়ে যাওয়ার আশঙ্কা থেকে যাবে।শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনাতে গিয়ে মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম, বীর প্রতীক ফিরে যান কর্ণফুলী নদীতে পাকিস্তানি হানাদার বাহিনীর জাহাজ ধ্বংস করার ঘটনায়। বক্তৃতা শেষে শিক্ষার্থীরা দাঁড়িয়ে এই যোদ্ধার প্রতি সম্মান জানায়। এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ মাহমুদা খানম বাচ্চাদের দেশের ইতিহাস জানানোর ওপর গুরুত্ব দেন। এইচএসবিসি চট্টগ্রাম বিভাগীয় প্রধান সৈয়দ জাবেদ নূর বলেন, ‘ভাষা প্রতিযোগের মতো একটি উদ্যোগে শামিল হতে পেরে আমরা খুশি।’অনুষ্ঠানে জাগরণের গান পরিবেশন করেন বন্ধুসভার সদস্যরা। উত্সবের শেষ আকর্ষণ ফলাফল ঘোষণা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক জাফর আহমদ। চারটি বিভাগে মোট ৫২জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। উত্সব শেষে বন্ধুসভার সদস্যদের দেওয়া রঙিন বর্ণমালা নিয়ে ঘরে ফেরে প্রতিযোগীরা।প্রতিযোগিতায় চারটি বিভাগ মিলিয়ে সেরাদের সেরা ও মাধ্যমিক বিভাগে প্রথম হন ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মুহাম্মদ এহসান আজিম চৌধুরী। এ ছাড়া প্রাথমিক বিভাগে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নাজিয়া তাসনিম খানম, নিম্ম মাধ্যমিকে কলেজিয়েট স্কুলের পিয়াস ঘোষ এবং উচ্চ মাধ্যমিকে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উম্মে মায়মুনা প্রথম হন।