আজ সকাল আটটা থেকে শুরু হচ্ছে বর্ণমেলা। অমর একুশে উপলক্ষে ঢাকার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বর্ণ নিয়ে এই মেলার আয়োজন করছে প্রথম আলো। দিনব্যাপী এই মেলায় সব বয়সী মানুষের জন্য থাকছে বর্ণ নিয়ে বর্ণিল আয়োজন। বিকেল পাঁচটা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে সবার জন্য।বর্ণমেলায় থাকবে বর্ণ প্রদর্শনীর আয়োজন। স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের কাছে বর্ণের নকশা চাওয়া হয়েছিল। ব্যাপক সাড়া দিয়েছে তারা। বিভিন্ন জিনিস দিয়ে মনের মতো নকশার হাজারখানেক বর্ণ এসে জমা হয়েছিল প্রথম আলোর কার্যালয়ে। গতকাল সেগুলোর মধ্য থেকে প্রদর্শনের জন্য বিচারকাজ করেন দেশবরেণ্য শিল্পীরা। কথা ছিল, ৫০ জনের বর্ণ প্রদর্শিত হবে মেলায়, যাদের সবাইকে পুরস্কৃত করা হবে। কিন্তু এত চমত্কার নকশার বর্ণের মধ্য থেকে মাত্র ৫০টি বর্ণ বাছাই করতে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন বিচারক-শিল্পীরা। শেষ পর্যন্ত তাঁরা ৫০-এর বদলে ১০০টি বর্ণ বাছাই করেন মেলায় প্রদর্শনের জন্য। বর্ণমেলার জন্য শিশু-কিশোরদের পাঠানো বর্ণের মধ্য থেকে প্রদর্শনীর জন্য বর্ণ বাছাই করেন শিল্পী কাইয়ুম চৌধুরী, সমরজিত্ রায় চৌধুরী, আবুল বারক আলভী, আব্দুল মান্নান ও শিশির ভট্টাচার্য্য। কাইয়ুম চৌধুরী বলেন, ‘শিশু-কিশোরদের সৃজনশীলতায় বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা বর্ণমালার নকশা আমাকে মুগ্ধ করেছে। সেখানে কৃষিজাত বিভিন্ন পণ্য দিয়েও বর্ণের চমত্কার নকশা তৈরি করেছে তারা। এসব নকশায় বর্ণকে চারপাশের বিভিন্ন জিনিসের সঙ্গে সম্পর্কযুক্ত করার চেষ্টা করা হয়েছে। বর্ণের প্রতি তাদের এই ভালোবাসা যে কাউকে মুগ্ধ করবে। আমার বিশ্বাস, বর্ণে ভালোবাসার এই আয়োজন ভবিষ্যতে অনুসরণীয় হয়ে থাকবে। বর্ণমেলায় বর্ণের চমত্কার উদ্ভাবনী নকশা সবাইকে মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস।’বর্ণমেলায় শিশুদের জন্য থাকছে বর্ণ নিয়ে বেশ কিছু প্রতিযোগিতা। বর্ণ প্রদর্শনীর বাইরেও আছে চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। সব প্রতিযোগিতাই হবে দুটি বিভাগে। প্রাথমিক বিভাগে অংশ নিতে পারবে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। মাধ্যমিক বিভাগে অংশ নেবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা হবে সকাল নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত। চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। প্রতিযোগিতায় অংশ নিতে হলে নির্দিষ্ট সময়ের অন্তত ৩০ মিনিট আগে নাম লেখাতে হবে।দিনব্যাপী বর্ণমেলায় আজ সব বয়সী মানুষের মধ্যে বাংলা বর্ণ তথা ভাষা সম্পর্কে মমত্ববোধ বাড়ানোর জন্য বর্ণ নিয়ে থাকবে নানা আয়োজন। যে শিশুটির এখনো বাংলা বর্ণে হাতেখড়ি হয়নি, তার জন্য যেমন হাতেখড়ির আয়োজন থাকবে, তেমনি বড়দের জন্যও থাকবে বর্ণ নিয়ে জানা-অজানা বিষয়ে মজার আয়োজন। বাংলা বর্ণমালা নিয়ে থাকছে বিভিন্ন প্রদর্শনী, আড্ডা, গোলকধাঁধা, নাগরদোলা, আলোকচিত্র প্রদর্শনী, হাতের লেখা, পাপেট-মাপেট শো, মাইম প্রদর্শনী, ঘুড়ি ওড়ানো, ভাষা ও বর্ণের গান, কবিতা, ছবি আঁকার প্রতিযোগিতা ইত্যাদি। বর্ণমালা নিয়ে খাবার, পোশাক, বই ইত্যাদি প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থাও থাকবে বর্ণমেলায়। বর্ণমেলায় গান গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারা এবং কনকচাঁপা ও জাগরণ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের শিল্পীরা। পাপেট-মাপেট ও মাইম প্রদর্শনী শুরু হবে বেলা ১১টা এবং বিকেল চারটায়। এ ছাড়া মেলায় সারা দিনের আয়োজনে দেশবরেণ্য গুণীরা উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।বর্ণে যাদের এখনো হাতেখড়ি হয়নি, তাদের জন্য বর্ণমেলায় থাকছে আকর্ষণীয় আয়োজন ‘হাতেখড়ি’। শিশুদের হাতে ধরে সেখানে বর্ণ আঁকা শেখাবেন বিশিষ্টজনেরা। গুণীজনের স্বাক্ষরসহ সেই বর্ণ দিয়ে দেওয়া হবে শিশুদের। যেসব শিশু এখনো বর্ণ আঁকা শেখেনি, বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে তারা বর্ণে হাতেখড়ি নিতে পারবে। প্রথম আলোর আয়োজনে বর্ণমেলায় সহায়তা করছে চ্যানেল আই ও দেশটিভি। অটবি, নাভানা, পারটেক্স, স্যান্ডালিনা ও সামিট এতে সহযোগিতা করেছে।