বর্ণমেলার বর্ণিল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো মেলার যা কিছু অপরিহার্য উপাদান, তার সবকিছু তো ছিলই, বর্ণমেলায় এর চেয়েও বেশি ছিল। সেটা হলো অভিনবত্ব। ভাবনায়, উপস্থাপনায় একেবারে অদৃশ্যপূর্ব। এর সঙ্গে যুক্ত হয়েছিল শিশু-কিশোরদের প্রাণোচ্ছল অংশগ্রহণ আর অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সব মিলিয়ে বর্ণমেলার প্রাঙ্গণজুড়ে ছিল এক ভিন্নতর, বর্ণিল উত্সবের আমেজ।প্রথম আলোর আয়োজনে গতকাল রোববার দিনভর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এ মেলা অনুষ্ঠিত হয়।জিগাতলা থেকে আসা অভিভাবক সুলতানা জাহান মেলার ‘বর্ণশোভা’ নামের প্রদর্শনী দেখে তো মুগ্ধ। বললেন, ‘ফুল লিখতে যে “ফ” বর্ণটি লাগে, এত দিন শুধু এটাই জানা ছিল। কিন্তু ফুল দিয়েও যে “ফ” বর্ণটি লেখা যায়, তা জানা হলো আজ।’ একইভাবে পতাকা দিয়ে লেখা ‘প’, ঝিনুক দিয়ে লেখা ‘ঝ’, চিংড়ি দিয়ে লেখা ‘চ’ প্রত্যেক দর্শককে অভিভূত করেছে। বাংলা বর্ণ অপরূপ শোভায় উদ্ভাসিত হয়েছে সবার কাছে।মেলা শুরু হওয়ার কথা ছিল সকাল আটটায়। এর আগেই প্রায় সব অংশগ্রহণকারীর উপস্থিতি মেলার প্রাঙ্গণকে মুখর করে তোলে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় আরও কিছুক্ষণ পর। কিন্তু তাতে কি, সবাই তো ব্যস্ত! ছোট্ট শিশুদের মহা উৎসহ বারবার ‘বর্ণ গোলকধাঁধা’ অতিক্রমে। আরেকটু বড়দের বেশি আগ্রহী দেখা যায় ‘বর্ণ নাগরদোলা’য় চড়তে। মেলা প্রাঙ্গণের শুরুতেই স্থাপন করা হয়েছিল যে ‘মস্ত বর্ণ’ ‘ব’, মই বেয়ে উঠে তাতে রং লাগাতেও ভিড় জমে যায়। ‘বর্ণ খাবার’ নামের স্টলটির সামনেও সকালে বেজায় ভিড় ছিল। ছোট্ট টুম্পা মায়ের কাছে বায়না ধরে, ‘আমি একটা “ক” খাব।’ মানে ‘ক’ আকৃতির পিঠা। সেখানে আরও নানা ধরনের পিঠা ছিল।বড়দের অনেকে ‘বর্ণ জাদুঘর’ দেখে বিস্মিত হয়েছেন। সেখানে দেখানো হয় বাংলা বর্ণমালার হাজার বছরের বিবর্তন, দশম শতাব্দীর আগেকার কুটিল লিপি থেকে বর্তমান রূপ পর্যন্ত। ‘বর্ণ ছবি’ নামের স্টলে ছিল ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায়ের এমন কিছু ছবি, যা সচরাচর দেখা যায় না। আর ছিল ভাষাশহীদদের ছবি। ‘বর্ণ পোশাক’ এবং বইয়ের দোকান ‘বর্ণ সম্ভার’ও কারও কম আগ্রহের ছিল না।সবার ব্যস্ততার মধ্যে প্রথম আলোর উপসম্পাদক সাজ্জাদ শরিফ যখন উদ্বোধনী অনুষ্ঠান শুরুর ঘোষণা দেন, তখন আবার ক্ষণকালের মধ্যেই উদ্বোধনী মঞ্চের সামনে হাজির সবাই। এ সময় মেলার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বিশ্বে ভাষার নামে একটি দেশ রয়েছে। সেটি হলো বাংলাদেশ। বর্ণকে উত্সবের মধ্যে ছড়িয়ে দিতেই এ আয়োজন, যাতে শিশুরা খেলার ছলে বর্ণ শিখতে পারে। মেলায় বর্ণকে নানাভাবে উপস্থাপন করা হয়েছে। আগামী দিনে বর্ণমেলা আরও বর্ণাঢ্য ও উৎসবমুখর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।এরপর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় রেজওয়ানা চৌধুরী বন্যার অভিভাবকত্বে শিল্পী সংগঠন ‘সুরের ধারা’ পরিবেশিত জাতীয় সংগীত, একুশের গান ও ভাষার গানের মধ্য দিয়ে। এরপর একে একে অনুষ্ঠিত হয় সুন্দর হাতের লেখা ও ছবি আঁকা প্রতিযোগিতা এবং শিশুদের হাতেখড়ি দেওয়া। এর প্রতিটি আয়োজনেই বিপুলসংখ্যক শিশু-কিশোর অংশ নেয়। তবে আয়োজনে ভিন্নমাত্রা আনে শিশুদের হাতেখড়ি দেওয়া। কয়েকশ অভিভাবক তাঁদের সন্তানদের নিয়ে দুপুরের রোদে কষ্ট করে সারিবদ্ধভাবে দাঁড়ান খ্যাতিমান লেখক-শিল্পীর কাছ থেকে হাতেখড়ি দেওয়ার জন্য।মেলার নির্ধারিত স্টলে বসে শিশুদের হাতেখড়ি দিয়েছেন কাইয়ুম চৌধুরী, নির্মলেন্দু গুণ, সমরজিত্ রায়চৌধুরী, আবুল বারক আলভী, আবদুল মান্নান, সৈয়দ মনজুরুল ইসলাম, আনিসুল হক ও শিশির ভট্টাচার্য্য।অনুষ্ঠানস্থলে আরও কয়েকটি আকর্ষণীয় স্থাপনা ছিল সবার কৌতূহলের বিষয়। এর একটি হচ্ছে বায়স্কোপ। মাহবুবুর রহমানের তৈরি এই বায়স্কোপ শুধু দেখেই নিবৃত্ত হয়নি শিশুরা, সেটির বহিরঙ্গে নানা ছবি এঁকে ও লেখা লিখে সেটিকে এক বিশেষ শিল্পকর্মের মর্যাদায় উন্নীত করে। ‘শব্দ ধাঁধা’ নামের স্থাপনাটি ছিল কিশোরদের বিশেষ কৌতূহলের বিষয়। সারা দিন তারা এই স্থাপনা ঘিরে শব্দের ধাঁধা নিয়ে খেলা করেছে। স্থাপনাটি নির্মাণ করেন তৈয়বা বেগম। এ ছাড়া ইমরান হোসেনের স্থাপিত ‘বর্ণ খেলা’ ও সুলেখা চৌধুরীর ‘হূদয়ের প্রকাশ’ সবাইকেই আকৃষ্ট করেছে।মেলার উদ্বোধনী মঞ্চে চট্টগ্রামের নাট্যগোষ্ঠী ‘নাটুয়া’ ভাষা আন্দোলনের ওপর তৈরি নাটক মা এবং প্রাচ্যনাট জলপুতুল নামে একটি পুতুলনাচ পরিবেশন করে। এ ছাড়া কার্টুন ছবি সিসিমপুরও পরিবেশন করা হয়। সকাল-বিকেল দুবার তাঁদের এ পরিবেশনা উপস্থাপিত হয়। বিকেলে জাগরণ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সমবেত কণ্ঠে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষের আগে ছিল ঘুড়ি ওড়ানো। বেশ কিছু তরুণ ঢাউশ আকারের ঘুড়ি উড়িয়ে সবার নজর কাড়ে।পুরস্কার পেল যারা: প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অংশগ্রহণকারীদের ‘ক’ ও ‘খ’ দুই ভাগে বিভক্ত করে অনুষ্ঠিত হয় সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। উন্মুক্ত এ আয়োজনে অংশ নেয় প্রায় তিন শ প্রতিযোগী। ‘ক’ গ্রুপে প্রথম পুরস্কার পেয়েছে মাইসা জাহিন। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে জেসিকা সরোয়ার ও অরিত্রা সরকার।‘খ’ গ্রুপে প্রথম হয়েছে সোয়াইব হোসেন ফাত্তাহ। দ্বিতীয় মো. শাহরিয়ার জাহান আর তৃতীয় সুহাইল হোসাইন।ছবি আঁকায় ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে ইয়াসিন শাহরিয়ার। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে মুনেফ সাফা এবং এ কে এম রাকিন রাইস। ‘খ’ গ্রুপে প্রথম পুরস্কার পেয়েছে আফরিন হক। দ্বিতীয় রাফিদ নাহিয়ান। তৃতীয় মারুফ আহমেদ। এই গ্রুপে একজনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। তার নাম আসিফ হাসান।‘বর্ণ শোভা’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সংখ্যা ও কাজের মান বিবেচনা করে মোট ১০টি পুরস্কার দেওয়া হয়। প্রথম পুরস্কার পেয়েছে তিনজন। এরা হচ্ছে নেহলা, সুজানা মাহমুদ লাবিবা (খুলনা) ও শিশির রাজিন। দ্বিতীয় পুরস্কারও দেওয়া হয়েছে তিনজনকে। এরা হচ্ছে রাফিদ চৌধুরী, মাসনুন আদিব ও ইমরান হোসেন (চট্টগ্রাম)। তৃতীয় পুরস্কার দেওয়া হয়েছে চারজনকে। এরা হচ্ছে নিষ্ঠা প্রবর্তনা, হুমাইরা সিদ্দিক, নাদিয়া বিনতে ইসলাম (কিশোরগঞ্জ) ও চৌধুরী চন্দ্রশীলা নুহাস (ফরিদুপর)।প্রতিযোগিতাগুলোর বিচারক ছিলেন কাইয়ুম চৌধুরী, সমরজিত্ রায়চৌধুরী, আবুল বারক আলভী, আবদুল মান্নান ও শিশির ভট্টাচার্য্য। তাঁরা এবং আমন্ত্রিত অতিথি হিসেবে অভিনেত্রী বিপাশা হায়াত ও রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসীন প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন।আমন্ত্রিত অতিথি হিসেবে আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি মেলায় এসেছিলেন। তাঁদের একজন সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, ‘দেশে প্রথম হলেও বর্ণমেলা ভালো হয়েছে। আমি এর আরও সমৃদ্ধি কামনা করি।’ অতিথিদের মধ্যে আরও ছিলেন সাংবাদিক-লেখক সৈয়দ আবুল মকসুদ, সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, টিভি-ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, কবি আলতাফ হোসেন, অভিনেতা আফজাল হোসেন, সাংসদ তারানা হালিম, অভিনেত্রী অপি করিম প্রমুখ।প্রথম আলোর এ আয়োজনে সহায়তা করেছে চ্যানেল আই ও দেশ টিভি। সহযোগিতা করেছে অটবি, নাভানা, পারটেক্স, স্যান্ডালিনা ও সামিট।