বর্ণিল, বর্ণাঢ্য এক আনন্দ সম্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত প্রায় আড়াইটা। স্থান ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়। সবাই ঘুমে বিভোর। শীতের অতিথি পাখিরা বিদায় নিলেও শীত তবু জাঁকিয়ে রয়েছে। ঘুম আর শীত উপেক্ষা করে তখনো জেগে আছে কজন। ওঁরা প্রথম আলো বন্ধুসভা ঠাকুরগাঁওয়ের বন্ধু। ভাষা প্রতিযোগের কাজে ওদের এই রাত্রি জাগরণ। যার সুফল মিলল ১০ মার্চের সকালের উদ্বোধনী অনুষ্ঠানেই। রবীন্দ্রনাথ, নজরুল, বেগম রোকেয়া, সুফিয়া কামাল, জসীমউদ্দীন, সুকান্ত, মধুসূদন ও জীবনানন্দকে স্মরণ করে তৈরি হয়েছে আটটা সারি। অংশগ্রহণকারী জেলার সংখ্যাও আট। পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও গাইবান্ধা।মাতৃভাষার প্রতি তরুণ প্রজন্মকে আগ্রহী করে তুলতে এইচএসবিসি-প্রথম আলো আয়োজন করছে ভাষা প্রতিযোগ। এ বছর দেশব্যাপী চলছে এই ভাষা প্রতিযোগের অষ্টম আসর। প্রতিপাদ্য বিষয় ‘বাংলা ভাষায় কাঁদি হাসি, সকল ভাষা ভালোবাসি’।অবশ্য আজকের অনুষ্ঠানে কান্নার সুযোগ নেই। আছে আনন্দ-খুশিতে মেতে ওঠার সব আয়োজন। চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজ পরীক্ষা দেবে ও নেবে। জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করে অনুষ্ঠান উদ্বোধন করেন যথাক্রমে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক।শুরু হয় পরীক্ষা। কিন্তু কোনোভাবেই সেটা প্রচলিত পরীক্ষার মতো নয়। কারণ পরীক্ষা অথচ কারও কোনো ভয়ভীতি, শঙ্কা, দুশ্চিন্তা যেমন নেই, তেমনি নেই শিক্ষকদের চোখ-রাঙানো ও ধমক দেওয়ার মতো কঠিন পরিস্থিতি। ুবেলা ১১টায় শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। সঞ্চালন করেন প্রথম আলোর সহকারী সম্পাদক জাফর আহমেদ। মঞ্চে আসন নেন প্রধান শিক্ষকসহ অতিথিরা। প্রশ্ন করতে নেই মানা—অপার এই সুযোগ পেয়ে হাত তুলে সুযোগ চায় হাজার শিক্ষার্থীর প্রায় সবাই। সঞ্চালক কাকে রেখে কাকে সুযোগ দেবেন? উপরন্তু, ভালো প্রশ্নের জন্য বই পুরস্কার থাকায় লড়াইটা বেশ জমজমাট হয়ে ওঠে।‘আমাদের চারদিকে ভারত, তাহলে ১৯৭১ সালের আগে আমরা পাকিস্তানের অংশ ছিলাম কেন?’ একজন শিক্ষার্থীর প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার শিক্ষক মোহাম্মদ আজম জানান, ঔপনিবেশিক শাসনের কারণে এটা হয়েছিল। আর এর চেয়ে বেশি জানতে হলে তোমাকে কমপক্ষে ২০০ পৃষ্ঠা পড়তে হবে, যা এখন দরকার নেই। বড় হয়ে পড়লেই জানতে পারবে।সাহিত্যে পঞ্চপাণ্ডব কাদের বলা হয়, কেন বলা হয়? এমন প্রশ্নের উত্তরে মহাভারতের পঞ্চপাণ্ডবদের সঙ্গে কেন আমাদের সাহিত্যের তিরিশের দশকের পাঁচজন কবিকে পঞ্চপাণ্ডব বলা হয় তা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার শিক্ষক ও এবারের ভাষা প্রতিযোগের সমন্বয়ক তারিক মনজুর।যেসব বানানে দ্বিধা রয়েছে, সেসব বানান কবে দূর হবে। একই বানান হ্রস্ব-ই-কার দিয়ে লেখা যায়, আবার দীর্ঘ-ঈ-কার দিয়েও লেখা যায়। প্রকৃতপক্ষে কোনটি সঠিক? মায়ের ভাষা বলতে পারলে পিতার ভাষা বলতে পারব না কেন? বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে পাকিস্তানি বাহিনীর নির্যাতনের কথা লেখা রয়েছে, পাকিস্তানের ইতিহাসেও কি তাদের নির্যাতনগুলো তুলে ধরা হয়েছে? শিক্ষার্থীদের করা এ রকম অজস্র প্রশ্নে মুখর হয়ে ওঠে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণ।শিক্ষার্থীরা যখন প্রশ্ন করতে উন্মুখ তখন শিক্ষকেরা ছিলেন উত্তর দিতে তৎপর। প্রশ্ন আর উত্তরের এই খেলায় সৃষ্টি হয় অপূর্ব এক পরিবেশ। শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের মধ্যে তথাকথিত দেয়াল, আড়ষ্টতা দূর হয়ে রচিত হয় বর্ণিল, বর্ণাঢ্য এক আনন্দ সম্মিলনী। এতে অতিথি হিসেবে আরও ছিলেন এ আই এম মুসা, রশিদা খাতুন ও এহতেশামুল হক।ঠাকুরগাঁওয়ের ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন অধ্যাপক মনোতোষ কুমার দে।শুভেচ্ছা বক্তব্য দেন এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা সেলিম চৌধুরী। ঠাকুরগাঁওয়ের প্রথম আলো বন্ধুসভার সভাপতি তোসাদ্দেক আলী জানান কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। ভাষা আন্দোলনের ৬০ বছর উপলক্ষে চার বিভাগের মোট ৬০ জন সৌভাগ্যবান পায় জাতীয়উৎসবে অংশগ্রহণের সুযোগ। পুরস্কার বিতরণ পর্ব সঞ্চালন করেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক কাজল রশীদ। এই পর্বে ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামানের হাতে শুভেচ্ছাস্মারক তুলে দেন অধ্যাপক মাহবুবুল হক।ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীরা পায় ভাষা প্রতিযোগ টি-শার্ট, মেডেল এবং পুরস্কার হিসেবে বই। কেউ বিজয়ী হয়েছে, কেউ হয়নি, তবু ভাষা প্রতিযোগ ঘিরে সৃষ্ট আনন্দ সম্মিলনীতে সবাই ছিল উচ্ছ্বসিত। সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে শান্ত-সৌম্য ও হাসি-খুশি ভরা সজীব প্রাণ।