বর্ণে বর্ণে বর্ণিল এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের মধ্যে ইয়া বড় সব অক্ষর। কোনোটির রং দুধসাদা। কোনোটি আবার বাঁশের কাঠিতে তৈরি। কেউ লেগে গেল সেই সাদা অক্ষর রঙিন করে তোলার কাজে। কেউ গেল অক্ষর দিয়ে তৈরি গোলকধাঁধার ভেতর চক্কর দিতে। কেউ বা অবাক বিস্ময়ে দেখছিল সারা দেশ থেকে প্রতিযোগীদের পাঠানো বিচিত্র উপকরণ দিয়ে তৈরি করা অক্ষরগুলো।অন্যরা আবার এসবের চেয়ে বেশি কৌতূহলী হয়ে উঠেছিল মঞ্চে কী হচ্ছে তা দেখতে। তাদের মধ্যে অতি-উৎসাহীরা সঞ্চালকের আহ্বানে উঠে গেল মঞ্চে। গান-আবৃত্তি শুনিয়ে নেমে গেল।এসব নিয়েই গতকাল অমর একুশের সারাটা দিন কেটেছে শিশু-কিশোরদের বর্ণমেলায়। প্রথম আলো এবার নিয়ে তৃতীয়বারের মতো ধানমন্ডির সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্স মাঠে বর্ণমেলার আয়োজন করল।সকাল সাড়ে নয়টায় বর্ণমালাখচিত গুচ্ছ গুচ্ছ বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি শিশু-কিশোরদের বলেন, ‘বাংলা ভাষাটি সুন্দর করে শিখতে হবে, হাতের লেখা সুন্দর করতে হবে। তাহলেই ভবিষ্যতের জীবনটা সুন্দর হবে। জাতির শৈশব যত সুন্দর হবে, ভবিষ্যৎ তত সুন্দর হবে।’প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ সূচনা বক্তব্যে বলেন, এ বছর মহান ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্ণ হলো। এই দিন আমাদের শোক ও সংকল্পের দিন। মাতৃভাষাকে ভালোবেসে আত্মত্যাগ করার দিন। প্রথম আলো দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাতৃভাষার প্রতি যত্নবান হতে প্রেরণা দিতে বর্ণমেলা, দেশজুড়ে ভাষা প্রতিযোগের মতো কর্মকাণ্ড পরিচালনা করছে। এবার ঢাকার মতো চট্টগ্রামেও একই সঙ্গে বর্ণমেলা অনুষ্ঠিত হচ্ছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগীয় শহরে বর্ণমেলা করার পরিকল্পনা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক। তিনি বলেন, নানাভাবে বাংলা ভাষা আক্রান্ত হচ্ছে। মাতৃভাষার ওপর সেই আক্রমণ রোখার আহ্বান জানান তিনি।রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে সুরের ধারার শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মঞ্চের অনুষ্ঠান শুরু করেন। এরপর তাঁরা ‘ও আমার দেশের মাটি’, ‘ধনধান্য পুষ্পভরা’, ‘মোদের গরব মোদের আশা’ গানগুলো গেয়ে শোনান। এর পরই মাঠের পশ্চিম প্রান্তে শুরু হয়ে যায় চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। দক্ষিণে হাতেখড়ির সূত্রপাত। হাতেখড়ি দিয়েছেন শিল্পী কাইয়ুম চৌধুরী, আবুল বারক আলভী, আবদুল মান্নান, শিশির ভট্টাচার্য্য, আফজাল হোসেন, সৈয়দ মনজুরুল ইসলাম প্রমুখ। মাঠের পশ্চিম পাশে ছিল বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি অক্ষরের প্রদর্শনীর স্টল, বাংলা বর্ণমালার বিবর্তনের পরিচিতির স্টল, প্রথমার বইয়ের স্টল, তথ্যকেন্দ্র—এসব। পূর্ব প্রান্তে একুশের আলোকচিত্রমালার প্রদর্শনী, বর্ণমালাখচিত দেশি দশের পোশাক, বর্ণমালা নিয়ে মজার মাজার খেলা ও খাবারের স্টল।মাঠের মাঝখানে এবার বিশালাকার অক্ষর ছাড়াও অক্ষরখচিত ছাতা দিয়ে একটি স্তম্ভ ও একটি বৃত্ত তৈরি করা হয়। এসব স্থাপনা তৈরি করেছেন শিল্পী ওয়াকিলুর রহমান, মাহবুবর রহমান, রুহুল আমিন কাজল, রনি আহমেদ প্রমুখ।এদিকে মঞ্চে তখন চলছে বিরতিহীন অনুষ্ঠান। সুরের ধারার পর গান শোনাতে আসেন জাগরণের শিল্পীরা। তাঁদের পরিবেশনায় ছিল ‘আমার প্রতিবাদের ভাষা’, ‘রক্ত শিমুল তপ্ত পলাশ’, ‘ভুলব না একুশে ফেব্রুয়ারি ভুলব না’—এসব গান।রফিকুল আলম পরিবেশন করেন ‘একটি দোয়েল বনে ডাকলে আমি বাংলাদেশের গান শুনি’, ‘অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা’। আবিদা সুলতানা শিশুদের সঙ্গে ‘হার-জিত চিরদিন থাকবেই’ এবং ‘আমাদের দেশটা স্বপ্নপুরি’ গান দুটি পরিবেশন করেন। বুলবুল ইসলাম পরিবেশন করেন ‘আকাশভরা সূর্য-তারা’, শারমিন সাথী ইসলাম শোনান ‘ও কোকিল রে তুই’, লাইসা ইসলাম শোনান ‘কৃষ্ণচূড়া আর রক্তপলাশে’, কনার কণ্ঠে ছিল ‘আমায় গেঁথে দাও না মা গো’ গান। গানে গানে বেলা কাটছিল ভালোই। এর মধ্যে মঞ্চে এসে হাজির এক বাঘ। ভয় পাওয়া তো দূরের কথা, তাকে দেখে শিশুরা ফেটে পড়ে উল্লাসে। বাঘটি তাদের খুব চেনা। ওর নাম ‘হালুম’। সঙ্গে তার বন্ধু ‘টুকটুকি’। সিসিমপুরের দুই চরিত্র। টুকটুকি আর হালুম নেচে নেচে বই পড়া, মাছ ও শাক-সবজি খাওয়া—এসব নিয়ে বলল। ছবিও তুলল তারা ছোট্ট বন্ধুদের সঙ্গে।এরপর মঞ্চে এল জলপুতুলরা নাটক দেখাতে। সমাজের নানা অসংগতি তুলে ধরেছিল তারা। খুদে দর্শকদেরও মাঝে মাঝে ডেকে নেওয়া হলো মঞ্চে। তারাও নেচে-গেয়ে, আবৃত্তি করে আনন্দ দিয়েছে অন্যদের। অনুষ্ঠানের এই পর্যায়ের সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন।আর নাগরদোলার সামনে লম্বা সারি দেখা গেল সারাক্ষণই। বর্ণমেলা চলেছে বিকেল পাঁচটা পর্যন্ত। শেষ বিকেলে আবারও মঞ্চে দেখানো হলো পুতুলনাচ ও সিসিমপুরের হালুম আর টুকটুকিকে। বর্ণমেলার সমাপনী ঘোষণা করেন সাজ্জাদ শরিফ। তিনি ধন্যবাদ দেন শিশু ও অভিভাবকদের এবং প্রতিযোগিতার বিচারক ও শিল্পীদের। বিশেষ সহযোগিতার জন্য ধন্যবাদ জানান বিজ্ঞাপনী সংস্থা গ্রেকে। গ্রের ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আজম শুভেচ্ছা জানান। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বললেন, ‘আমরা আগে বলেছি, “যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো”। এখন বলছি, “বদলে যাও বদলে দাও”। আমরা এই দেশকে বদলে দিতে চাই। শিশু-কিশোরেরা বাংলা ভাষাকে ভালোবাসুক, বাংলা ভাষা নিয়ে কাজ করুক, গর্ব করুক। এই দিন আমরা নতুন করে শপথ নিই, বাংলা ভাষাকে আমরা নতুন করে ভালোবাসব, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।’