বর্তমান ইসির অধীনে কুমিল্লার নির্বাচন নিয়ে সংশয়
নির্ধারিত সময়ে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠান করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সীমানা নির্ধারণ করে এখনো গেজেট প্রকাশ না করায় আজ বুধবার নির্বাচন কমিশনার এ সাখাওয়াত হোসেন এ সংশয় প্রকাশ করেন। নির্বাচন কমিশন কার্যালয়ে এম সাখাওয়াত সাংবাদিকদের জানান, আইন অনুযায়ী সিটি করপোরেশন প্রতিষ্ঠার ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। এই হিসাবে আগামী ৫ জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। সে ক্ষেত্রে নভেম্বরের শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা এবং দুই কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনের মেয়াদ আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হচ্ছে। সাখাওয়াত হোসেন সংশয় প্রকাশ করে বলেন, ‘নভেম্বরে তফসিল ঘোষণা করা সম্ভব না হলে আমাদের মেয়াদে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা ক্ষীণ। সে ক্ষেত্রে নতুন নিযুক্ত কমিশনারদের অধীনেই কুমিল্লায় নির্বাচন হবে।’সাখাওয়াত হোসেন আরও জানান, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে ভোটারদের সচেতন করতে কুমিল্লা সিটি করপোরেশনে শিগগিরই প্রচার শুরু হচ্ছে। সদ্য শেষ হওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের অভিজ্ঞতা থেকেই কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে । তিনি বলেন, ‘কুমিল্লায় সিটি’র এক-তৃতীয়াংশ এলাকায় ইভিএম ব্যবহার করা হতে পারে। এ জন্য এখন থেকেই ইভিএম নিয়ে প্রচারণা শুরু করা হবে।গত বছর চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের একটি ওয়ার্ডের ১৪ কেন্দ্রে প্রথম ইভিএম ব্যবহার হয়। সর্বশেষ ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটির নির্বাচনে ২৭টি ওয়ার্ডের মধ্যে নয়টি ওয়ার্ডের ৫৮টি কেন্দ্রে সফলভাবে ইভিএম ব্যবহার করা হয়।