বর্তমান প্রক্রিয়ায় বিচারক নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ
চলমান প্রক্রিয়ায় উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট আইনজীবী ও নাগরিকেরা। প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতির বিচারক নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে প্রশ্ন তুলে তাঁরা বিচারপতি নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালার দাবি জানিয়েছেন।রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ শনিবার সকালে বিচারপতি নিয়োগের সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়া নিয়ে এক আলোচনা সভায় বক্তারা এ দাবি করেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) এই আলোচনার আয়োজন করে। আলোচনায় সভাপতির বক্তব্যে বিলিয়ার চেয়ারম্যান ড. কামাল হোসেন বলেন, দেশে বহুদলীয় রাজনীতি অবশ্যই থাকবে। কিন্তু বিচার বিভাগের নিয়োগ এবং পদোন্নতির ব্যাপারে কোনো দলীয়করণ হতে পারে না। তিনি বলেন, সংবিধান ও বিচার বিভাগের ঐতিহ্য সমুন্নত রাখতে আমাদের দলনিরপেক্ষভাবে ঐকমত্যে পৌঁছাতে হবে।অনুষ্ঠানে সূচনা বক্তব্যে আইনজীবী শাহদীন মালিক বলেন, সাম্প্রতিক বিচারপতি নিয়োগ প্রক্রিয়া উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় এসব নিয়োগ হয়েছে। তিনি বলেন, ’৭২ সাল থেকেই বিচারপতি নিয়োগের ব্যাপারে আইন করার কথা থাকলেও আজ পর্যন্ত তা হয়নি। দু-একজন ব্যক্তির ওপর বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নির্ভর করবে তা ঠিক নয়।অধ্যাপক আসিফ নজরুল বলেন, বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সংবিধানে এর সংখ্যা ও সময় নিয়ে পরিষ্কার কোনো ধারণা নেই। এমনকি প্রধান বিচারপতি কার কার সঙ্গে পরামর্শ করে তালিকা করবেন, তা সম্পর্কেও ধারণা নেই। তিনি পরিসংখ্যান দিয়ে বলেন, উচ্চ আদালতে বিচারক নিয়োগে আমরা আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে প্রতিযোগিতা দেখতে পাই।আলোচনায় বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ অংশ নেন।আলোচনায় বক্তাবা যেসব বিচারকের দক্ষতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে তাঁদেরকে বিচার বিভাগ থেকে সরিয়ে নিতে সুপ্রিম জুড়িশিয়াল কাউন্সিল গঠন করার দাবি জানান।