বর্তমান প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই: সাজেদা
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করে বলেছেন, ৯০ দিনের জন্য ক্ষমতায় এসে তারা দুই বছর পার করে দেয়। পকেট-ভর্তি করে টাকা নিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করে। এ ধরনের তত্ত্বাবধায়ক সরকার জনগণ চায় না। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রয়োজন নেই।আজ শনিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত কায়সার নিলুফার কলেজভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাজেদা চৌধুরী এসব কথা বলেন।সাজেদা চৌধুরী বলেন, নির্বাচন কীভাবে হবে, সে ব্যাপারে আদালতের নির্দেশনা রয়েছে। বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল সম্পর্কে তিনি বলেন, হরতাল নিয়ে আওয়ামী লীগের কোনো মাথাব্যথা নেই। জনগণ চাইলে হরতাল হবে, না চাইলে প্রত্যাখ্যান করবে।মেয়র মোহাম্মদ মনজুর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ চেমন আরা তৈয়ব, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের নেতা ইসহাক মিয়া, আতাউর রহমান খান কায়সার ও নিলুফার কায়সারের মেয়ে ওয়াসিফা কায়সার খান, ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ, রেহেনা বেগম প্রমুখ।