বর্তমান সরকার অবৈধ হলে বিরোধীদলীয় নেতা কীভাবে বৈধ হন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে অবৈধ বলার কোনো সুযোগ নেই। বর্তমান সরকার অবৈধ হলে বিরোধীদলীয় নেতা ও তাঁর দলীয় সাংসদেরা কীভাবে বৈধ হন? তাহলে কি তাঁরা অবৈধভাবে সংসদে রয়েছেন?গতকাল বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির মুজিবুল হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা এ কথা বলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনে এই প্রশ্নোত্তরপর্ব টেবিলে উপস্থাপিত হয়।প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীদলীয় নেতা একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের ব্যাপারে যে ভাষায় কথা বলেছেন তা অগ্রহণযোগ্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তবে এ ধরনের অমার্জিত বক্তব্য ও মন্তব্য থেকে যেকোনো নেতা-নেত্রীর বিরত থাকা উচিত। ওই নির্বাচনে বিজয়ী হয়ে বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি বর্তমান সংসদে রয়েছেন। তাহলে আমার প্রশ্ন, তিনি ও তাঁর দলীয় সংসদ সদস্যরা কি বর্তমান সংসদে অবৈধভাবে রয়েছেন? বেতন-ভাতা, গাড়ি-বাড়ি ভোগ ও বিদেশ ভ্রমণ করেছেন, তাও কি অবৈধভাবে?’শেখ হাসিনা বলেন, জনগণের ভোটে নির্বাচিত এ সরকার অবৈধ নয়, অবৈধ ও অসাংবিধানিক ছিল জিয়াউর রহমানের ক্ষমতা দখল। তিনি বলেন, যে নির্বাচনের মাধ্যমে মহাজোট সরকার ক্ষমতা গ্রহণ করেছে, তা দেশে-বিদেশে সর্বমহলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে মর্মে প্রশংসিত হয়েছে। দেশি-বিদেশি অসংখ্য পর্যবেক্ষক সেই নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। এ নির্বাচনের ব্যাপারে কোনো মহল থেকে কোনো ধরনের প্রশ্ন উত্থাপিত হয়নি। মহাজোট সরকার আইন ও সংবিধান অনুসারে জনগণের জন্য কাজ করে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার বিদায় নিলে তার কর্মকাণ্ড অবৈধ বলে বিবেচিত হবে, এর কোনো গ্রহণযোগ্যতা নেই। তিনি প্রশ্ন রেখে বলেন, রাস্তাঘাট, সেতু, হাসপাতাল, কৃষকদের ১০ টাকায় ব্যাংক হিসাব, সারের দাম তিন দফা হ্রাস, বিদ্যুৎকেন্দ্র, গ্যাসকূপ খনন ও গ্যাস উত্তোলন, গ্যাস পাইপলাইন স্থাপন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, মাথাপিছু আয় বৃদ্ধি, কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল নির্মাণ, স্কুলে বিনামূল্যে বই বিতরণ, মাধ্যমিক পর্যায়ে ইন্টারনেট সংযোগ ও কম্পিউটার প্রদান ইত্যাদি সব কি অবৈধ, বাতিল করবেন?বিশ্বকাপ আয়োজন: অপু উকিলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঢাকায় বিশ্বকাপের অবিস্মরণীয় উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ ক্রীড়াবিশ্বে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব তুলে ধরেছে। সারা বিশ্ব এ উদ্বোধনী অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রচার করেছে এবং ভূয়সী প্রশংসা করেছে। বিশ্ব রেটিংয়ে এ অনুষ্ঠান চীনের গুয়াংজু এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের পর দ্বিতীয় স্থানে দাঁড়িয়েছে।মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ: বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের পরিবারের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৯০০ টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হয়েছে। ভাতাভোগীদের সংখ্যা এক লাখ থেকে বাড়িয়ে দেড় লাখ করা হয়েছে। তিনি বলেন, মুক্তিযোদ্ধা কর্মচারীদের চাকরির বয়সসীমা ৫৭ থেকে ৫৯ বছর করা হয়েছে।শিশুমৃত্যুর হার কমেছে: শাহীন মনোয়ারা হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশে শিশুমৃত্যুর হার কমেছে। নির্ধারিত সময়ের আগেই লক্ষ্যমাত্রা অর্জন করায় জাতিসংঘ বাংলাদেশকে গত ২০ সেপ্টেম্বর এমডিজি-৪ পুরস্কার দিয়েছে। তিনি বলেন, সর্বশেষ তথ্য অনুসারে, ১৯৯০ সালে প্রতি হাজারে জীবিত জন্মগ্রহণকারী শিশুর মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার ছিল এক হাজারে ১৫১ জন। সর্বশেষ জরিপ অনুসারে তা ৬৫ জনে দাঁড়িয়েছে।