বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে বিরোধী দলের ওপর নির্যাতন চালাচ্ছে। তিনি অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন। আজ শনিবার চীনে রওনা হওয়ার আগে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়া সাংবাদিকদের এসব কথা বলেন। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তিনি আজ দুপুরে থাই এয়ারের একটি ফ্লাইটে পাঁচ দিনের সফরে চীনের উদ্দেশে যাত্রা করেন। ব্যাংককে খালেদা জিয়ার যাত্রাবিরতির কথা রয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সঙ্গে দেখা করতে পারেন বলে জানা গেছে। ২৪ ডিসেম্বর তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। এদিকে বিমানবন্দরে বিদায় জানাতে আসা দলের স্থায়ী কমিটির সদস্যদের ভিপাইপি টার্মিনালে ঢুকতে বাধা দেওয়ায় খালেদা জিয়া ক্ষোভ প্রকাশ করেন। খালেদা জিয়া বলেন, ‘এ সরকার হলো চরম স্বৈরাচারী। আজ এমপিদের মানসম্মান বলে কিছু নেই। এমপিদের ধরা হচ্ছে, মারা হচ্ছে। এমপিদের ওপর টর্চার করে বাংলাদেশের ইমেজ এই সরকার নষ্ট করে দিয়েছে। এই সরকার দেশ পরিচালনা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই সরকারের উচিত অবিলম্বে দায়িত্ব ছেড়ে দিয়ে দেশকে বিপদের হাত থেকে রক্ষা করা।’সফরকালে খালেদা জিয়া চীনের প্রেসিডেন্ট হু জিনতাও, প্রধানমন্ত্রী ওয়েন জিওবাও ও সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দেখা করবেন। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, প্রেস সচিব মারুফ কামাল খান, একান্ত সচিব এ এস এম সালেহ আহমেদ, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং আলোকচিত্রী নূরউদ্দিন আহমেদ। খবর: রেডিও এবিসি ও ইউএনবি।