বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার দুই বছরে এক হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। ইতিমধ্যে দেশে ৩৪টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আরও ২৪টি কেন্দ্র স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া চলছে।বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, পাঁচ বছরে তারা এক ফোঁটা বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি, শুধু লুটপাট করেছে। তত্ত্বাবধায়ক সরকারের সময়ও বিদ্যুতের উৎপাদন বাড়েনি।গতকাল বৃহস্পতিবার বিকেলে গফরগাঁও সরকারি কলেজ মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণে আওয়ামী লীগের সভানেত্রী এসব কথা বলেন।শেখ হাসিনা তাঁর সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, সরকার ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের আওতায় এনে কর্মসংস্থানের ব্যবস্থা করছে। বেকার যুবকদের সুদ-জামানতমুক্ত ঋণসুবিধা দেওয়া হচ্ছে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে। ইতিমধ্যে সরকার দেশের দুই লাখ ২১ হাজার বেকার যুবকের সরকারি-বেসরকারি কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। তিনি বলেন, ‘দেশের প্রতি ছয় হাজার মানুষের জন্য আমরা একটি করে কমিউনিটি হেলথ সেন্টার চালু করার উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে সারা দেশে ১৩ হাজার কমিউনিটি হেলথ সেন্টার চালু করা হয়েছে। বিগত সময়ে আমাদের চালু করা সেন্টারগুলো জোট সরকার বন্ধ করে দেওয়ায় অর্থের ব্যাপক অপচয় হয়েছে।’ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে একটি আধুনিক শিক্ষানীতি তৈরি করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। আর কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপ সরবরাহ ও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে দেশে আট হাজার ৫০১টি তথ্যকেন্দ্র চালু করা হয়েছে। তিনি বলেন, ‘সারা বিশ্বে যখন মন্দা চলছিল তখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে, তার জন্য একটি বাড়ি একটি খামার প্রকল্প চালু করে প্রতিটি বাড়ি-গ্রামকে স্বাবলম্বী করার চেষ্টা করছি।’প্রধানমন্ত্রী আরও বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অবিলম্বে বার্ন ইউনিট চালু করা হবে। ব্রহ্মপুত্র নদকে খনন করে এর নাব্যতা ফিরিয়ে আনা হবে। এ ছাড়া গফরগাঁওয়ের বিভিন্ন এলাকার সড়ক নির্মাণ, পাকাকরণ, রাবার ড্যাম নির্মাণ, বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সরবরাহ ও রেলস্টেশনের উন্নয়নসহ বিভিন্ন সমস্যা সমাধানের অঙ্গীকার করেন তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ২০০১ সালের ১৩ অক্টোবর গফরগাঁওয়ের এ মাঠেই জননেত্রীর জনসভায় সেদিন লোকজনকে আসতে দেয়নি বিএনপি-জামায়াত জোট সরকার। পুরুষেরা সেদিন বাড়ি থেকে বোরকা পরে এসে জনসভায় যোগ দিয়েছিল। জোট সরকারের সময় দেশের মানুষের জীবনের কোনো মূল্য ছিল না। মা-বোনের ইজ্জতের কোনো মূল্য ছিল না। গফরগাঁও উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, সাংসদ অধ্যক্ষ মতিউর রহমান, কাজী খালিদ বাবু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।শেখ হাসিনা বিকেল চারটা পাঁচ মিনিটে জনসভা মঞ্চে আসেন। ভাষণ দেন চারটা ৩৫ মিনিটে। প্রধানমন্ত্রী মঞ্চে আসার আগেই জনসভার আশপাশ লোকে লোকারণ্য হয়ে যায়। জনসভা উপলক্ষে গফরগাঁওয়ে উৎসবের আমেজ বিরাজ করে। তবে স্থানীয় সাংসদ গিয়াস উদ্দিন সভাপতির বক্তব্য দেওয়ার সময় কিছু কর্মী বিক্ষোভ প্রদর্শন করলে সভায় কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।এর আগে বেলা তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গফরগাঁওয়ের সালটিয়া-হাজীপুর বাজার-দেওয়ানগঞ্জ বাজার পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর ৮১০ মিটার দৈর্ঘ্যের পিসি বক্স গার্ডার সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন। সেতুর নির্মাণকাজ উদ্বোধন শেষে তিনি উপজেলার যশরা ইউনিয়নের বারইল গ্রামের মরহুম হাসমত আলীর বিধবা পত্নী রমিজা খাতুনকে জমির দলিল ও নবনির্মিত বাড়ি হস্তান্তর করেন। এ জমি ভ্যানচালক হাসমত আলী শেখ হাসিনার নামে কিনেছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফসহ স্থানীয় সাংসদেরা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।