বর্তমান সরকারের আমলেই তিস্তাচুক্তি সই হবে: রমেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্যসমাপ্ত যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকে চূড়ান্ত কোনো সমাধান না হলেও আওয়ামী লীগ সরকারের আমলেই তিস্তার পানিবণ্টনে চুক্তি সইয়ের ব্যাপারে আশাবাদী পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন। তাঁর মতে, পর্যাপ্ত তথ্য-উপাত্ত না থাকায় জেআরসির বৈঠকে অভিন্ন নদীটির পানিবণ্টনে চুক্তি সইয়ের বিষয়ে দুই প্রতিবেশী দেশের মতৈক্য হয়নি।দিল্লিতে জেআরসি ৩৭তম বৈঠকে যোগদান শেষে দেশে ফিরে পানিসম্পদমন্ত্রী আজ রোববার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।১৮-১৯ মার্চ ভারতের রাজধানীতে অনুষ্ঠিত দুই দেশের পানিসম্পদমন্ত্রীদের বৈঠকে দুই দেশ তিস্তার অন্তর্বর্তী চুক্তির খসড়া হস্তান্তর করেছে।বাংলাদেশ তিস্তার পানিবণ্টনে অন্তত অন্তর্বর্তীকালীন হলেও একটি চুক্তি সই করতে চেয়েছিল। বৈঠকের আগেও আশা করা হয়েছিল ভারত তাতে সাড়া দেবে। এ পরিস্থিতিতে চুক্তি সই হলো না কেন, জানতে চাইলে রমেশ চন্দ্র সেন বলেন, পর্যাপ্ত তথ্য-উপাত্ত না থাকায় এবার চুক্তি সই করা যায়নি। তা ছাড়া এক বৈঠকেই এ ধরনের একটি চুক্তি সই সম্ভব নয়। তিনি জানান, নদীর পানির সর্বশেষ প্রবাহ পরিমাপ না করে একটি টেকসই চুক্তি সই করা যায় না। নদীর পানির প্রবাহ জানতে ন্যূনতম এক বছর, কোনো ক্ষেত্রে তা দুই-তিন বছরও লাগতে পারে।পানিসম্পদমন্ত্রী বলেন, এ পরিস্থিতিতে দুই দেশের সচিবেরা চুক্তির খসড়া পর্যালোচনা করে আগামী তিন মাসের মধ্যে তা চূড়ান্ত করতে বৈঠকে বসবেন। তা ছাড়া দীর্ঘ বিরতির পর এবার যে জেআরসির মন্ত্রিপর্যায়ের বৈঠক হলো, এটাও একটা অগ্রগতি। রমেশ চন্দ্র সেন আশা প্রকাশ করেছেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলেই তিস্তার পানিবণ্টনে চুক্তি সই হবে।