বর্তমান সিইসিকে পুনর্নিয়োগ হবে দুর্ভাগ্যজনক: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদাকে পুনর্নিয়োগ দেওয়া হলে সেটা হবে দুর্ভাগ্যজনক। বিএনপি এই সিদ্ধান্ত কখনো মানবে না।আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক স্মরণসভায় খন্দকার মোশাররফ এ কথা বলেন। চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মাহবুব উল্লাহ স্মরণে এ সভার আয়োজন করা হয়।খন্দকার মোশাররফ বলেন, ‘পত্রিকায় দেখলাম, বর্তমান সিইসি পুনর্নিয়োগ পেতে পারেন। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে। ওই ব্যক্তি সরকারের আজ্ঞাবহ ও নতজানু। তাঁকেই যদি আবার নিয়োগ দেওয়া হয়, তাহলে রাষ্ট্রপতিকে দিয়ে সংলাপ নাটক করা হলো কেন?’ বিএনপির এই নেতা বলেন, শামসুল হুদাকে পুনর্নিয়োগ জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন হলে সেটাও গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, দেশকে সংঘাত ও অনিশ্চয়তা থেকে রক্ষা করতে চাইলে সরকারকে ২৫ জানুয়ারি সংসদ অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকার বিল আনতে হবে।পেশাজীবী পরিষদের সভাপতি ও দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, অর্থনীতিবিদ আবু আহমেদ, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক সদরুল আমিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুস্তাহিদুর রহমান, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শাহ মোহাম্মদ ফারুক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।