বর্তমান স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন সাবেক স্পিকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের বর্তমান স্পিকার আবদুল হামিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার। মুক্তাঙ্গনে আজ বুধবার বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার এ প্রশ্ন তোলেন। দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, খালেদার প্রাণনাশের চেষ্টাসহ নানা দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির বক্তব্যে জমির উদ্দিন সরকার বলেন, সংসদ কার্যকর করতে স্পিকারকে নিরপেক্ষ হতে হয়। কিন্তু বর্তমান স্পিকার বিরোধী দলের সঙ্গে মোটেই নিরপেক্ষ আচরণ করছেন না। তিনি সংসদে বিরোধী দলকে কথা বলতে না দিয়ে নিরপেক্ষতা ভঙ্গ করেছেন।নিজে স্পিকার থাকার সময়ের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমার সময়ে বিরোধী দলকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে চার-পাঁচ মিনিট কথা বলতে দিয়েছি। কিন্তু বর্তমান স্পিকারের তেমন আচরণ লক্ষ করা যাচ্ছে না।’ তিনি বলেন, স্পিকার তাঁর কাজে-কর্মে নিরপেক্ষতা বজায় রাখতে পারছেন না। বিরোধী দলের সাংসদেরা কথা বলার সময় স্পিকার মাইক বন্ধ করে দিয়ে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছেন। এভাবে চলতে থাকলে গণতন্ত্র টেকসই হবে না।জমির উদ্দিন সরকার বলেন, সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তারা কেবল বিরোধী দলকে দমন-পীড়নের চেষ্টা করছে। তিনি দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকার ক্ষমতায় এসে দেশের আবারও বাকশাল কায়েম করার স্বপ্ন দেখছে। তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, জনগণের স্বার্থে কাজ না করলে ক্ষমতায় টিকে থাকা যাবে না।বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, সরকার দেশকে সাংঘর্ষিক অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী নির্বাচনে এই সরকারের ভরাডুবি হবে।বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, প্রচার সম্পাদক জয়নাল আবদীন প্রমুখ বক্তব্য দেন।