বর্তমানে সিএসইর চাহিদা বিশ্বজনীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ৭ ফেব্রুয়ারি এসেছিলেন গ্রামীণফোন আইটি লিমিটেডের রিক্রুটমেন্ট অ্যান্ড এমপ্লয়ি ব্র্যান্ডিং স্পেশালিস্ট (বিশেষজ্ঞ) জোহান আহমেদ। কথা বলেছেন কথাবন্ধু ব্রতীর সঙ্গে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে পড়াশোনা এবং এ বিভাগে পেশা গড়ার নানা দিক নিয়ে আলোচনা করেছেন তিনি।কথাবন্ধু: আপনি কম্পিউটার সায়েন্স ও এমবিএ পড়েছেন? দুটি ভিন্ন ক্ষেত্রে পড়াশোনা করার কারণ কী?জোহান আহমেদ: আপনি যেকোনো বিভাগ থেকে পড়াশোনা করে এসেও এমবিএ করতে পারেন। আমি দুটো বিভাগকেই প্রাধান্য দিয়ে পড়াশোনা করেছি। এখন একটি আইটি প্রতিষ্ঠানে আছি। একই সঙ্গে রিক্রুটমেন্ট বা নিয়োগ নিয়েও কাজ করছি। দুটো বিষয় নিয়ে পড়াশোনার ফল আমি কার্যক্ষেত্রে পাচ্ছি।কথাবন্ধু: কয়েক বছর ধরে অনেকেই বিবিএ ও এমবিএ পড়ছেন। বাংলাদেশে চাকরির বাজারে কি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসই) চাহিদা কমে গেছে?জোহান আহমেদ: কয়েক বছর ধরে আমাদের দেশে অনেকেই বিবিএ ও এমবিএ করছেন। তবে এর মানে এটা নয়, দেশে সিএসইর চাহিদা কমে গেছে। বর্তমানে দেশে সিএসই পড়ে প্রতিবছর প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থী বের হচ্ছেন। কিন্তু আমাদের প্রয়োজন নয় থেকে ১০ হাজারের মতো। অর্থাৎ চাহিদার তুলনায় আমাদের আইটি গ্র্যাজুয়েট প্রায় আড়াই থেকে সাড়ে তিন হাজারের মতো কম। তাই বলা যায়, সিএসইর চাহিদা এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।কথাবন্ধু: একজন সিএসই শিক্ষার্থী কোন কোন ক্ষেত্রে কাজ করার সুযোগ পান?জোহান আহমেদ: সারা বিশ্বেই বর্তমানে তথ্যপ্রযুক্তি (আইটি) একটি বড় মাধ্যম। অনেকেরই ধারণা, সিএসই পড়া মানেই প্রোগ্রামার হওয়া। আসলে কিন্তু তা নয়। সিএসইতে পড়াশোনা করে আপনি নেটওয়ার্কিং বা ডেভেলপমেন্টের দিকটাও (সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইত্যাদি) পছন্দ করতে পারেন। সিএসই পড়লে আইটি খাতে অনেকগুলো কাজের ক্ষেত্র ও সুযোগ পাওয়া যায়। আপনি চাইলে ফ্রি-ল্যান্সার হিসেবেও কাজ করতে পারেন।কথাবন্ধু: আপনাদের প্রতিষ্ঠানে সিএসইর ছাত্রদের কাজ করার সুযোগ কতটুকু?জোহান আহমেদ: গ্রামীণফোনের আইটি বিভাগে বর্তমানে যাঁরা কাজ করছেন, তাঁদের প্রায় ৮০ ভাগই কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করেছেন। বাকি ২০ ভাগ হচ্ছে অন্যান্য বিভাগের। আমাদের কোম্পানিতে সিএসই গ্র্যাজুয়েটদের কাজ করার অনেক সুযোগ রয়েছে। শ্রোতাবন্ধু শাহ আলম (খুদেবার্তা থেকে): বাংলাদেশে মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কি কোনো কাজ হচ্ছে?জোহান আহমেদ: মোবাইল অ্যাপ্লিকেশন বাংলাদেশে একটি বিকাশমান ও সম্ভাবনাময় ক্ষেত্র, যা নিয়ে দেশে ইতিমধ্যে ক্ষুদ্র পরিসরে বেশ কটি প্রতিষ্ঠানই কাজ করছে এবং তারা ভালো কাজও পাচ্ছে। মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এনড্রয়েড ও আইফোন মোবাইল অ্যাপ্লিকেশন নিয়েই দেশে বেশি কাজ হচ্ছে।কথাবন্ধু: মোবাইল অ্যাপ্লিকেশনের কি কোনো আলাদা কোর্স আছে? থাকলে তা কোথায় করা যায়?জোহান আহমেদ: মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এনড্রয়েডের জন্য প্রয়োজন হয় জেটুএমই। প্রতিটি প্রোগ্রামের মূল ভাষা কিন্তু একই। এ জন্য আপনি যেকোনো একটি ভাষা যদি ভালো করে জানেন, সে ক্ষেত্রে অন্য প্রোগ্রামের ভাষা নিয়ে কাজ করতে আপনাকে কষ্ট করতে হবে না। মোবাইল অ্যাপ্লিকেশন কোর্স ও আইফোন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য অবজেকটিভ সি ভাষা জানতে হয়। বাংলাদেশ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এ ধরনের একটি কোর্স করায়।শ্রোতাবন্ধু জয় (খুদেবার্তা থেকে): আমি বর্তমানে ইংরেজিতে অনার্স করছি। তথ্যপ্রযুক্তি বা আইটি খাতে পেশা গড়তে হলে কী করতে হবে?জোহান আহমেদ: আইটিতে বেশ কটি ডিপ্লোমা কোর্স ও কিছু সার্টিফিকেট কোর্স আছে। আপনি চাইলেই যেকোনো কোর্সই করতে পারেন। তবে শুরুতেই আপনাকে ঠিক করতে হবে, আইটির কোন শাখায় আপনি পেশা গড়তে চান।কথাবন্ধু: বাংলাদেশের শিক্ষার্থীরা কি বিদেশে কাজ করার সুযোগ পান?জোহান আহমেদ: বর্তমানে বিশ্বব্যাপী আইটি খাতে ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের সিএসই গ্র্যাজুয়েটদের জন্য বিদেশে চাকরির অনেক সুযোগ আছে। কিন্তু এখন তো দেশের চাহিদাও পূরণ হচ্ছে না। কথাবন্ধু: আপনার দৃষ্টিতে বাংলাদেশের আইটি খাতের ভবিষ্যৎ কেমন?জোহান আহমেদ: আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের মতে, আউটসোর্সিংয়ের ক্ষেত্রে বিশ্বের প্রথম ৩০টি সম্ভাবনাময় দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। সুতরাং বাংলাদেশে আইটি খাতের সম্ভাবনা প্রচুর। যেখানে চাকরির চাহিদা বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে।কথাবন্ধু: নতুনদের জন্য আপনার দিকনির্দেশনা কী হবে।জোহান আহমেদ: কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা নিয়ে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। পছন্দের ক্ষেত্রটি বাছাই করে সে ক্ষেত্রে দক্ষতা অর্জন করলে আপনি পেশায় সাফল্য অর্জন করতে পারবেন। গ্রন্থনা: সুদীপ দে