জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্যের আশ্বাসে প্রত্যাহার
বর্ধিত ফি প্রত্যাহার, আগামী ১০ বছরের মধ্যে কোনো ফি না বাড়ানো এবং বিশ্ববিদ্যালয় আইনের ২৭ (৪) ধারা সংশোধনের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ বুধবার সকাল নয়টার দিকে উপাচার্যের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগের কয়েক হাজার শিক্ষার্থী ক্লাস বর্জন করে এতে যোগ দেন। বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজবাহউদ্দিন আহমেদ বর্ধিত ফি প্রত্যাহারের আশ্বাস দেন। বিশ্ববিদ্যালয় আইনের ২৭ (৪) ধারা সংশোধন নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে শিগগির আলোচনা করে এর সুষ্ঠু সমাধান করা হবে বলেও তিনি শিক্ষার্থীদের আশ্বাস দেন। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রত্যাহার করেন। তবে আগামী ৯ মের মধ্যে বিশ্ববিদ্যালয় আইন বিষয়ে সমাধান করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, প্রশাসন গত ২ মে থেকে বেতন, পরিবহন, সেমিনার ও অন্যান্য ফিসহ সাড়ে চার শ টাকা বাড়িয়েছে। এর প্রতিবাদেই আজ বিক্ষোভ দেখানো হয়। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।