চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
বর্ধিত বেতন-ফি প্রত্যাহার ও পুলিশি হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
বর্ধিত বেতন-ফি প্রত্যাহার ও শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হওয়া এ মিছিল নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে। হামলা-মামলা ও প্রশাসনিক হয়রানি করে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করা যাবে না।বক্তারা আরও বলেন, অবিলম্বে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। তা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তাঁরা উপাচার্য ও প্রক্টরিয়াল বডিরও পদত্যাগ দাবি করেন।প্রসঙ্গত, বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে গত ২৬ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে ২ আগস্ট ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।এদিকে ২ আগস্টের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আজ বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে গণ-শুনানির আয়োজন করলেও কেউ সেখানে সাক্ষ্য দিতে যায়নি।ঘটনার সত্যতা স্বীকার করে তদন্ত কমিটির সদস্য অধ্যাপক মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় হয়তো কেউ আসেনি। তবে আমরা আমাদের তদন্ত কার্যক্রম চালিয়ে যাব।’