প্রায় দেড় মাস বন্ধ থাকার পর আগামী শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবার খুলছে। বিশ্ববিদ্যালয়ের ১০টি আবাসিক হল আজ বৃহস্পতিবার খুলে দেওয়া হচ্ছে।এদিকে বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা নতুন কর্মসূচি দিয়েছেন। গতকাল বুধবার নগরের স্টুডিও থিয়েটারে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এ কর্মসূচি ঘোষণা করেন।কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ সেপ্টেম্বর (শুক্রবার) চট্টগ্রাম শহীদ মিনারে নাগরিক সমাবেশ, ১৮ সেপ্টেম্বর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের সব ভবনে কালো পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা মিছিল।প্রসঙ্গত, বর্ধিত বেতন-ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে গত ২ আগস্ট পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ওই দিনই পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বর্ধিত বেতন-ফিবিরোধী সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ সংগঠনের সমন্বয়ক তবারক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, বেলাল হোসেন, শান্তনু চৌধুরী, তানজিম আহমেদ ও প্রসেনজিৎ।সংবাদ সম্মেলনে বলা হয়, ৫ সেপ্টেম্বর আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক হয়। বৈঠকে বিশ্ব্ববিদ্যালয় খোলার আগেই সব দাবি মেনে নেওয়ার মৌখিক আশ্বাস দেওয়া হয়। কিন্তু ১৪ সেপ্টেম্বর প্রশাসন আন্দোলনকারীদের উচ্ছৃঙ্খল আখ্যা দিয়ে সংবাদপত্রে উসকানিমূলক বিজ্ঞপ্তি প্রকাশ করে, যা শিক্ষার্থীদের হতাশ করেছে। তাই দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আলোচনার বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে গতকাল চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জসীম উদ্দিন জানান, উপাচার্য অসুস্থতার কারণে দেশের বাইরে থাকায় এ মুহূর্তে আলোচনায় বসা সম্ভব হচ্ছে না। তিনি দেশে ফিরলেই আলোচনার উদ্যোগ নেওয়া হবে। চিঠিতে এ বিষয়ের উল্লেখ রয়েছে।বিশ্ববিদ্যালয়ের হলগুলো আজ খুলে দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ হলে বহিরাগতদের ঠেকাতে একটি পদক্ষেপও নিয়েছে। এ ব্যাপারে আলাওল হলের প্রাধ্যক্ষ হোসাইন কবির বলেন, আবাসিক শিক্ষার্থীদের হলে ওঠার আগে প্রত্যেককেই পাসপোর্ট সাইজের এক কপি ছবি জমা দিয়ে নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে। বহিরাগত ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।এদিকে বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। বৈঠকের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য ক্যাম্পাসে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।