বর্ষ শেষে চৈত্রসংক্রান্তির উৎসব
ফুল ফুটিয়ে, রিক্ত শাখা নতুন পাতায় ভরিয়ে তুলে, প্রকৃতিতে অফুরন্ত প্রাণপ্রাচুর্য বিলিয়ে চলে গেল বসন্তের দিন। শেষ হয়ে এল বছর। কবিগুরু বলেছিলেন, ‘বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে এলো সমাপন,/ চৈত্র অবসান—/ গাহিতে চাহিছে হিয়া পুরাতন ক্লান্ত বরষের/ সর্বশেষ গান—’। আজ চৈত্রের শেষ দিন—চৈত্রসংক্রান্তি।আবহমানকাল থেকে বাঙালির জীবনে বছরের শেষ দিনটি পালিত হয়ে আসছে নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে। পুরোনো বছরের দিনযাপনের কষ্ট-গ্লানি মুছে ফেলে, আনন্দময় নতুন বছরের প্রত্যাশায় পালিত হয়ে আসছে এসব লোকাচার। নগরায়ণের বিস্তৃতি, জীবনযাত্রায় নিত্যনতুন অনুষঙ্গের যোগ, রুচি ও বিশ্বাসের পালাবদলে ঐতিহ্যবাহী অনেক রীতি-রেওয়াজ আধুনিককালে হারিয়ে গেছে। আবার কিছু এসেছে নতুন আঙ্গিকে, নতুন রূপে। চৈত্রসংক্রান্তিও এমন সংযোজন-বিয়োজনের মধ্যে পালিত হচ্ছে নাগরিক জীবনে।আগের দিনে চৈত্রসংক্রান্তিতে পরিচ্ছন্নতার বিষয়টি অত্যন্ত গুরুত্ব পেত। ঘরবাড়ি পরিষ্কার করা হতো। লেপ-তোশক দেওয়া হতো রোদে। মেটেবাড়ি লেপে-পুঁছে ঝকঝকে-তকতকে করে তোলা হতো। ব্যবহূত সব মাটির হাঁড়ি-পাতিলও ফেলে দেওয়া হতো। এখন যে মঙ্গা-আক্রার দিন, তাতে হয়তো হাঁড়ি-পাতিল ফেলে দেওয়ার রেওয়াজটি পাল্টেছে। তবে গ্রামাঞ্চলে এখনো এর কিছুটা রয়ে গেছে। শুধু ঘরবাড়িই নয়, এদিনে দোকানপাটও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। নেওয়া হয় পরের দিন নতুন বছরে হালখাতার প্রস্তুতি।হিন্দু সম্প্রদায়ের মধ্যে চৈত্রসংক্রান্তিতে ফলারের রেওয়াজ আছে। দই-খই-চিঁড়া, কলা, মিষ্টি, জিলাপি—এসব দিয়েই দিনের আহারপর্ব সম্পন্ন করেন অনেকে। কেউ বা খান কলাইয়ের ছাতু। এই ছাতু অবশ্য আরও একটি কাজে লাগানো হতো এদিন। নতুন বছরে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা ও ভালো ফসলের জন্য অনেকে ফসলি জমিতে আচার-অর্চনার মধ্য দিয়ে বিশেষ কায়দায় ছাতু ছিটিয়ে দিতেন। ছাতু ছড়ানোর পর জমির একটি নির্দিষ্ট স্থানে রোপণ করা হতো ‘ছিটকি’গাছের দুটি শাখা। মুসলমানদের মধ্যে বছরের শেষ দিনে তিতা স্বাদের খাবার খাওয়ার রেওয়াজ ছিল। লোকবিশ্বাস—এতে মৌসুমি রোগব্যাধি প্রতিরোধের ক্ষমতা বাড়ে। চৈত্রসংক্রান্তিতে বেশ কিছু উৎসব ছিল গ্রামীণ জীবনে। এর মধ্যে গাজন, দেল, নীল উৎসব, চড়কপূজা—এগুলো প্রধান। নারীরা ব্রত পালন করতেন। ড. দুলাল চৌধুরী সম্পাদিত বাংলার লোকসংস্কৃতির বিশ্বকোষ বইতে এসব আয়োজনের পরিচিতি রয়েছে। সেখানে বলা হয়েছে, ‘গাজন গ্রামের মানুষের উৎসব। গা অর্থ গ্রাম, জন অর্থ মানুষ।’ ‘দেল’ হলো মহাদেবের অর্ধশায়িত ভঙ্গির মূর্তি। এসব উৎসব উপলক্ষে সংক্রান্তির বেশ কয়েক দিন আগে থেকেই ভক্তরা দেল, চড়ক নিয়ে, শিব-গৌরী সেজে বাড়ি বাড়ি গিয়ে নেচেগেয়ে বেড়াতেন। সংক্রান্তির দিনে হতো পূজা-অর্চনা। জমজমাট মেলা বসত গ্রামের মাঠে। ঢাক-ঢোলের বাদ্য, মানুষের উল্লাসধ্বনিতে বছরের শেষ দিনে আনন্দঘন হয়ে উঠত গ্রামীণ পরিবেশ। আগের দিনের আনন্দ-উচ্ছ্বাস অনেকটাই ফিকে হয়ে এলেও এখনো গ্রামাঞ্চলে এর চল আছে। বরগুনার দিকে নীল এবং যশোর, মাগুরা, ঝিনাইদহ অঞ্চলে দেল, চড়ক ও গাজন উৎসব এখনো প্রচলিত। রাজধানী ঢাকায়ও শাঁখারীবাজারসহ পুরান ঢাকার হিন্দুপ্রধান এলাকায় রাতে শিব-গৌরীর নৃত্যসহ সংক্রান্তির পূজা-অর্চনার রেওয়াজ টিকে আছে।আধুনিক নগরজীবনে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে চৈত্রসংক্রান্তির উৎসব পালিত হচ্ছে ধর্মনিরপেক্ষ সর্বজনীন আবেদন নিয়ে। লোকগানের আসর, লাঠিখেলা, নাচ, নাটক, ঘুড়ি ওড়ানোর মতো নানা আয়োজনে অংশ নিয়ে শহুরে মানুষ নির্মল আনন্দ উপভোগ করে। তাতে ঘুচে যায় বিগত দিনের গ্লানি, মুছে যায় অপ্রাপ্তির সব মনস্তাপ।