বর্ষপূর্তিতে ‘গেরিলা উৎসব’
মুক্তি পাওয়ার এক বছর পূর্ণ করছে নাসির উদ্দীন ইউসুফের ছবি গেরিলা। প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায় গত বছরের ১৪ এপ্রিল। মুক্তির এক বছর পূর্তি উপলক্ষে পদক্ষেপ বাংলাদেশ নামের একটি সংগঠন আয়োজন করেছে ‘গেরিলা উৎসব’। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ উৎসব শুরু হবে কাল বুধবার। জানা গেছে, প্রথম দিন হবে দুটি প্রদর্শনী—বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। এ ছাড়া অন্য দিনগুলোতে প্রতিদিন তিনটি প্রদর্শনী হবে—বেলা আড়াইটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। চলবে ১৯ এপ্রিল পর্যন্ত।কাল বিকেল সাড়ে চারটায় উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের সঙ্গে আরও থাকবেন ছবিটির শিল্পী ও কলাকুশলীরা। গেরিলার এক বছর পূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। তিনি বললেন, ‘ছবিটির গল্প পুরোপুরি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে। মুক্তিযুদ্ধের ভয়াবহতার কিছুটা আমি এই ছবির মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। এরই মধ্যে ছবিটি আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার পেয়েছে। এখনো যখন প্রদর্শনী হয়, তখন প্রায় প্রতিটি প্রদর্শনীতেই প্রেক্ষাগৃহ দর্শকপূর্ণ হয়। তার মানে ছবিটির ব্যাপারে এখনো দর্শকদের সমান আগ্রহ রয়েছে।’ সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান এবং ১৯৭১ সালে একজন মুক্তিযোদ্ধার প্রত্যক্ষ অভিজ্ঞতা অবলম্বনে তৈরি হয়েছে গেরিলা। এতে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।