বর্ষবরণে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নববর্ষের প্রথম প্রহরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ ও র্যাব। রাস্তায় অতিরিক্ত র্যাব-পুলিশ মোতায়েনের পাশাপাশি আটটি ভ্রাম্যমাণ আদালত থাকবে। আরও থাকবে মদ্যপায়ীদের শনাক্ত করার যন্ত্র (অ্যালকোহল/স্পিরিট এনালাইজার)। কয়েকটি এলাকায় চলাচল নিয়ন্ত্রিত থাকবে।নববর্ষের নিরাপত্তা নিয়ে আজ শুক্রবার সংবাদ সম্মেলন করে পুলিশের প্রস্তুতি ঘোষণা করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। এর আগে গতকাল বৃহস্পতিবার র্যাব সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালক মোখলেছুর রহমান র্যাবের প্রস্তুতির বিষয়গুলো সাংবাদিকদের জানান। আজ সকালে ডিএমপির মিন্টো রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার বলেন, ৩১ ডিসেম্বর রাত থেকে ঢাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। উন্মুক্ত স্থানে কোনো জমায়েত করতে দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী, বারিধারা ইত্যাদি এলাকায় রাত নয়টার পর থেকে চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। শুধু ওই সব এলাকার বাসিন্দা বা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা পরিচয় নিশ্চিত করে এসব এলাকায় চলাচল করতে পারবেন। এ ছাড়া সন্ধ্যা ছয়টার পর থেকে ঢাকার পানশালা (বার) ও মদ বিক্রয়কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হবে।ডিএমপি কমিশনার বলেন, এবার ঢাকার কয়েকটি জায়গায় মদ্যপায়ীদের শনাক্ত করার জন্য অ্যালকোহল এনালাইজার যন্ত্র নিয়ে পুলিশ সদস্যরা থাকবেন। মদ্যপান করে গাড়ি চালানো বন্ধের জন্য এ বিশেষ ব্যবস্থা বলে তিনি মন্তব্য করেন। এ ছাড়া রাস্তায় থাকবে আটটি ভ্রাম্যমাণ আদালত। উচ্ছৃঙ্খল আচরণ বা অন্যান্য বর্জনীয় কাজ করলে তাত্ক্ষণিকভাবে সাজা দিয়ে কারাগারে পাঠাবেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা।৩১ ডিসেম্বর রাতে আতশবাজি, পটকা ফোটানো, বেপরোয়া গাড়ি বা মোটরসাইকেল চালনা, রাস্তায় মিছিল-জমায়েত, মদ্যপান, লাউড স্পিকার-মাইক বা তীব্র হর্ন ব্যবহার করে শব্দদূষণ ইত্যাদি কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে পুলিশ।র্যাবের প্রস্তুতি: ৩১ ডিসেম্বর রাতে ঢাকায় দুই হাজার র্যাব সদস্য মোতায়েন থাকবেন। বিভিন্ন অনুষ্ঠানস্থলে র্যাবের নজরদারি থাকবে। আতশবাজি ও পটকার বিক্রি বন্ধের বিষয়ে ব্যবস্থা নেবে র্যাব। মাদকাসক্ত হয়ে কেউ যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য প্রস্তুত থাকবেন র্যাব সদস্যরা। এ ছাড়া প্রস্তুত থাকবে র্যাবের বোমা অপসারণ দল ও ডগ স্কোয়াড।চলাচলের নির্দেশনা: ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে পরদিন ভোর পাঁচটা পর্যন্ত কয়েকটি এলাকায় প্রবেশ থাকবে নিয়ন্ত্রিত। চলাচলের জন্য পুলিশের নির্দেশিত কয়েকটি রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে।গুলশান, বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের জন্য শুধু পাঁচটি পথ খোলা থাকবে, বাকিগুলো পুলিশ বন্ধ করে দেবে। এগুলো হলো তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা—ফনিক্স রোড ক্রসিং, আমতলী ক্রসিং, কাকলী ক্রসিং, ডিওএইচএস বারিধারা—ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুনবাজার ক্রসিং।ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢোকার জন্য শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগ ক্রসিং ও নীলক্ষেতে ক্রসিং খোলা থাকবে।