বর্ষবরণের উৎসবে অশুভের থাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ষবরণের উৎসবে এসে বুধবার লাঞ্ছনার শিকার হয়েছেন বেশ কয়েকজন নারী। বেশির ভাগ ঘটনা ঘটেছে সন্ধ্যা নামার পরপর বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত কনসার্টে। এ ছাড়া বর্ষবরণের বিভিন্ন আয়োজনে বখাটেদের হাতে অনেক নারী লাঞ্ছনা ও হয়রানির শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশের রমনা এলাকার অতিরিক্ত উপকমিশনার নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নববর্ষের দিন বিকেল চারটার পর থেকে ক্যাম্পাসে মানুষের ঢল নামে। এ সময় কিছু বহিরাগত বখাটে তরুণ বেশ কিছু নারীকে লাঞ্ছিত করে। তবে এ ব্যাপারে কেউ পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি বলে নুরুল ইসলাম জানান।প্রক্টর সাইফুল ইসলাম খানও জানিয়েছেন, তাঁর কার্যালয়ে কোনো ধরনের অভিযোগ আসেনি।ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ‘ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তবান সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ’-এর ব্যানারে রাজু ভাস্কর্যের পাদদেশে কনসার্টটির আয়োজন করে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ অনুষ্ঠানের জন্য টিএসসির দুই দিকের রাস্তা ছিল অবরুদ্ধ। টিএসসি থেকে বুয়েট সংযোগ সড়ক বন্ধ করে দেন আয়োজকেরা। আর পশ্চিম পাশে (নীলক্ষেত সংযোগ সড়ক) ছিল কনসার্টের দর্শক। ফলে শাহবাগ থেকে আসা জনস্রোত ও বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা লোকজন এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়ে। প্রচণ্ড এ ভিড়ের সুযোগে উৎসবে কিছুসংখ্যক মেয়েকে লাঞ্ছিত করা হয়। সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গে এ ধরনের ঘটনা বাড়তে থাকায় সময় শেষ হওয়ার আগেই কনসার্ট বন্ধ করে দেয় পুলিশ।অতিরিক্ত উপকমিশনার নুরুল ইসলাম বলেন, বিভিন্ন বয়সের ১৫ জন নারীকে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই পুলিশ উদ্ধার করে। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।কয়েকটি ঘটনা: প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে এক দম্পতি শিশুসন্তানকে নিয়ে মিলন চত্বর দিয়ে যাওয়ার সময় ৮-১০ যুবক নারীর শাড়ি ধরে টান দেয়। তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এলে যুবকেরা দ্রুত ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।সন্ধ্যার পর টিএসসি এলাকায় ঘটে এ ধরনের আরও বেশ কয়েকটি ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসির জনতা ব্যাংকের সামনে ভিড়ের মধ্যে কয়েকজন যুবকের ধাক্কায় হঠাৎ নিচে পড়ে যান এক নারী। এ সময় কয়েকজন যুবক তাঁর কাপড় ধরে টানাটানি করে। বিষয়টি টের পেয়ে লোকজন একটি ছেলেকে মারধর করে। এ ঘটনার কিছুক্ষণ পর আবারও ভিড়ের মধ্যে নারীকণ্ঠের চিৎকার শোনা যায়।নারীদের লাঞ্ছিত ও নিগৃহীত করার অভিযোগ না পেলেও পুলিশ চুরি ও ছিনতাইয়ের অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার করে। শাহবাগ থানার ওসি রেজাউল করিম প্রথম আলোকে এ কথা জানান।