গানে তোমার পরশখানি (২০০২), আকাশ আমি ভরব গানে (২০০৭) ও শুনিব প্রাণের শ্রবণে (২০১১)-আজিজুর রহমানের তিনটি অ্যালবাম। এবার বেঙ্গল ফাউন্ডেশন থেকে এসেছে এই শিল্পীর গাওয়া রবীন্দ্রসংগীতের অ্যালবাম আমার প্রিয়ার ছায়া আকাশে। গত মঙ্গলবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠিত হয়। মোড়ক খুলেছেন ফাহমিদা খাতুন। কথা হলো আজিজুর রহমানের সঙ্গে।এবারের অ্যালবামে কী ধরনের গান গেয়েছেন?বিভিন্ন ধরনের—গীতবিতান-এর ভানু সিংহ ঠাকুরের পদাবলী, প্রেম, পূজা, প্রকৃতি পর্যায় থেকে। যেহেতু নানা স্বাদের গান গেয়েছি, আশা করছি সবার ভালো লাগবে। কারণ, বেঙ্গল শিল্পালয়ে আমি এর আগেও গান করেছি। কিন্তু এবার গান করার অভিজ্ঞতাটা একটু অন্য রকম হলো। অ্যালবাম থেকে গান গেয়েছি, গানগুলো শ্রোতারা বেশি পছন্দ করেছে।আপনি তো সুরের ধারার কর্মী, শিক্ষক ও সংগঠক। এবার চৈত্রসংক্রান্তির জন্য কেমন প্রস্তুতি নিচ্ছেন?এবার আমরা চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান করব বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে। গীতাঞ্জলি রচনার শতবর্ষ পূর্তি উপলক্ষে আমাদের এবারের আয়োজনের ভাবনা ‘গীতাঞ্জলির গান’। সঙ্গে আরও থাকছে গীতাঞ্জলির সমসাময়িক কিছু গান। রয়েছে ‘গীতিমাল্য’ ও ‘গীতালি’র গান। ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসছেন জগন্নাথ বসু ও ঊর্মিমালা বসু। সুরের ধারার শিল্পীদের পাশাপাশি থাকবে আমন্ত্রিত শিল্পীদের গানও। আর পয়লা বৈশাখ?এবারই আমরা ‘হাজার কণ্ঠে কোটি বাঙালির বর্ষবরণ’ আয়োজন করছি। এরই মধ্যে মহড়া শুরু হয়ে গেছে। মহড়া হচ্ছে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। মহড়াটি আমিই পরিচালনা করছি। এবারই প্রথম আমরা চ্যানেল আইয়ের সঙ্গে যৌথভাবে চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ আয়োজন করছি।