বর্ষসেরা ব্যক্তিত্ব ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিখ্যাত ‘টাইম’ সাময়িকীর ২০১২ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার এনবিসি চ্যানেলের টুডে অনুষ্ঠানে ‘টাইম’ সাময়িকীর সম্পাদক রিক স্টেনগেল বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে বারাক ওবামার নাম ঘোষণা করেন। ওবামাকে বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচনের যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে রিক বলেন, ‘তিনি নতুন আমেরিকার স্বত্বাধিকারী ও রচয়িতা। আমেরিকার জনগণ ও নতুন সংস্কৃতির প্রতীক তিনি।’রিক আরও বলেন, গত ৭০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে বর্তমানে সবচেয়ে বেশি বেকারত্ব বিরাজ করছে। কিন্তু তা সত্ত্বেও পুনরায় নির্বাচিত হয়েছেন ওবামা। তিনিই প্রথম ডেমোক্র্যাট-দলীয় প্রার্থী, যিনি ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে পর পর দুবার নির্বাচিত হয়েছেন। ফ্রাঙ্কলিন রুজভেল্টের পর এমন সাফল্য আর কোনো মার্কিন প্রেসিডেন্ট দেখাতে পারেননি।ওবামার সাফল্য পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনকর্মী কিশোরী মালালা ইউসুফজাইকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন ‘টাইম’ সাময়িকীর সম্পাদক। চলতি বছর ‘টাইম’ সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্বের চূড়ান্ত তালিকায় আরও ছিলেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি প্রমুখ।