বর্ষা আসছে, কাদা হাঁটু ছোঁবে
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের মণ্ডলপাড়া-সিদ্ধিপুর সড়কটি শুকনো মৌসুমে এবড়োখেবড়ো থাকে। আর বর্ষা এলেই কাদায় ডুবে যায়। মাত্র এক কিলোমিটার দীর্ঘ এ সড়কটির কারণে এলাকার ১২ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চরম ভোগান্তিতে আছেন।এলাকাবাসী জানান, উপজেলা সদর থেকে এ এলাকার দূরত্ব ২০ কিলোমিটারের বেশি। যদি কেউ এখানে আসতে চান, তবে পাকা সড়ক দিয়ে স্বাচ্ছন্দ্যে আসতে পারেন। কিন্তু মণ্ডলপাড়ায় এসে তাকে প্রথমেই হোঁচট খেতে হবে। শুষ্ক মৌসুমে এবড়োখেবড়ো এ পথটি বর্ষায় একটু বৃষ্টিতেই কাদায় ভরে যায়। মানুষ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন তখন। কাদা এত বেশি হয়, রিকশা-ভ্যান, মোটরসাইকেলসহ কোনো যানবাহনই চলতে পারে না। এমনকি এই এঁটেল মাটির পথে তখন হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়ে। ফলে স্থানীয় কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য নিয়ে বিপাকে পড়েন। গ্রামের ছাত্রছাত্রীরাও স্কুল-কলেজে যেতে চায় না। সামান্য এই পথটুকু পাকা করতে এলাকাবাসী বিভিন্ন জায়গায় ধরনা দিয়ে দিয়ে এখন ক্লান্ত।এলাকাবাসী জানান, তাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০০৪ সালে সড়কটি পাকা করতে কোন অফিসের লোকজন যেন এসে মেপে যান। সরকারি দলের নেতারাও ঘোষণা দেন ‘আর কোনো সমস্যা নেই। এবার এ সড়ক পাকা হবেই হবে।’ এ খবরে এলাকাবাসী আনন্দে গরু জবাই করে ওই দলের নেতাদের দাওয়াত করে খাওয়ান। কিন্তু এখানেই শেষ। কাজের কাজ আর হয়নি। এলাকাবাসীর অভিযোগ, পরে এ সড়কের জন্য বরাদ্দ টাকা কেটে নিয়ে অন্য একটি গুরুত্বহীন সড়ক পাকা করা হয়েছে। আর তাঁরা পড়েছেন ফাঁকির মধ্যে। সিদ্ধিপুর গ্রামের শিক্ষক তাজুল ইসলাম জানান, সড়কটি পাকা না হওয়ায় সব শ্রেণীর মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে ছাত্রছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতিই কমে যায় এ সড়কটি কর্দমাক্ত থাকায়। মণ্ডলপাড়া গ্রামের ভ্যানচালক আকবর আলী (৩৫) বলেন, ‘জন্মের পর থ্যাক্যা আস্তাডা ইংকায় দেখ্যা আসিচ্ছি। বিষ্টি না হলে ধুলায় ভরা থাকে আস্তাডা আর বিষ্টি হলে হাঁটুসমান কাদো। তকন হামাকেরে এই আস্তাত আর ওজগারপাতি হয় না।’ আরেক ভ্যানচালক বুলু মিয়া (৩০) বলেন, ‘আকাশোত ম্যাগ দেকলে এই আস্তায় ভ্যান চলান বন্ধ কর্যা দেই। সড়কটিতে এত কাদা হয় যে মোটরসাইকেল নিয়ে কোনোভাবেই চলা যাবে না।পীরব ইউনিয়নের চেয়ারম্যান মজির উদ্দিন বলেন, শুকনা অথবা বর্ষা সব মৌসুমেই ওই সড়কে চলাচলে এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হয়। এ জন্য তিনি অচিরেই সড়কটিতে ইটের সলিং করে দেবেন। আর চেষ্টা করবেন যেন সড়কটি পাকা করা যায়। উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম বলেন, সড়কটি পাকা করার বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখবেন। এ ব্যাপারে তিনি সাধ্যমতো সব ধরনের ব্যবস্থা নেবেন।