বর্ষা শুরু না হতেই ঢাকায় জলাবদ্ধতা
বৃষ্টি হচ্ছিল। এক্ষুনি বুঝি পানি জমে যাবে। টিকাটুলীর মোড় থেকে শান্তিনগরে যাওয়ার জন্য রিকশা ভাড়া করছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুস সালাম। রিকশাওয়ালা বললেন, ‘মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল, নয়াপল্টনের পানি ডিঙ্গাইয়া তয় শান্তিনগর। ভাড়া ৬০ ট্যাকা লাগব।’ গত সোমবার সকাল সোয়া ১০টার দিকে রিকশাওয়ালার এ কথা শুনে আবদুস সালাম অবাক হলেও শেষে ৫০ টাকায় রফা করে তাঁকে রিকশায় চাপতেই হলো। কারণ আরেকটু বৃষ্টি হলেই পানি জমে যাবে। দুই দিন আগে, শনিবার রাতে মতিঝিলেই হাঁটুপানির জলাবদ্ধতায় পড়েছিলেন তিনি।আবদুস সালামের মতো রাজধানীর অনেক বাসিন্দাই এখন বৃষ্টি হলে আতঙ্কিত হন। কারণ, বর্ষা মৌসুম শুরু না হতেই একটু-আধটু বৃষ্টিতে অনেক স্থানে জলাবদ্ধতা হচ্ছে। ঢাকা ওয়াসার ভূগর্ভস্থ এবং ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ভূ-উপরিস্থ নর্দমাগুলো এখনো পুরোপুরি পরিষ্কার করা হয়নি। যেগুলো করা হয়েছে, সেগুলোও নিয়মিত তদারকি ও জনসচেতনতার অভাবে আবার ভরাট হয়ে যাচ্ছে। তা ছাড়া ওয়াসা ও ডিসিসির মধ্যে কাজে সমন্বয়হীনতার অতি পুরোনো অভিযোগটি এবারও উঠেছে।পুরো প্রস্তুতি মধ্য জুনে: ‘ঢাকা মহানগরের পানি দূরীকরণ প্রকল্পে’র আওতায় নগরের বিভিন্ন স্থানে ১৭ কিলোমিটার নতুন নর্দমা নির্মাণের কাজ চলছে। বক্স কালভার্ট, খাল পরিষ্কার করা হয়েছে এবং ১৫ জুন নাগাদ পুরো কাজ করা হবে। এগুলোর জন্য এবারের বাজেট ৪৫ কোটি টাকা।ওয়াসা রাজধানীর বিভিন্ন স্থানে এখনো পানিনিষ্কাশন পাম্প স্থাপন করেনি। শুধু কল্যাণপুর ও নারিন্দায় ওয়াসার স্থায়ী নিষ্কাশনকেন্দ্র (পাম্পিং স্টেশন) আছে। কল্যাণপুর পাম্পিং স্টেশনের পানিনিষ্কাশন ক্ষমতা বাড়িয়ে প্রতি সেকেন্ডে ১০ ঘনমিটারের স্থলে প্রায় ২০ ঘনমিটার করা হয়েছে। ওয়াসার ড্রেনেজ বিভাগ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ জুনের পর নগরের ২৭টি স্থানে মোট ১২০টি পানিনিষ্কাশন পাম্প বসানো হবে। ওই সময় থেকে ভারী বৃষ্টি হলেই রাজধানীতে ওয়াসার ৮০ জন কর্মচারী নামানো হবে, যাঁরা ম্যানহোল খুলে দেওয়া ছাড়াও পানি কমানোর আনুষঙ্গিক কাজে সহায়তা করবেন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁরা রাস্তায় থাকবেন। ১১ বছরে ২৬ কিলোমিটার: ১১ বছর আগে ২০০০ সালে রাজধানীতে ঢাকা ওয়াসার নর্দমা ছিল ২৬৪ কিলোমিটার, এখন আছে ২৯০ কিলোমিটার। এ সময়ে বেড়েছে মাত্র ২৬ কিলোমিটার। বক্স কালভার্ট আছে ১০ কিলোমিটার। প্রাকৃতিক খাল মেরে ফেলার পর এখন ১৩টি খালের আংশিক অবশিষ্ট রয়েছে। এই অবস্থায় টানা এক ঘণ্টায় ১০ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে ঢাকায় জলাবদ্ধতা হবেই। এ বাস্তবতায় যেটা বেশি প্রয়োজন, তা হলো বর্ষা আসার আগে সব ধরনের নর্দমা ও বক্স কালভার্ট পরিষ্কার এবং খালগুলো পুরোপুরি খনন করে পানি চলাচলের ব্যবস্থা করা। কিন্তু ১৫ জুনের আগে এগুলো সব পরিষ্কার হবে না।যোগাযোগ করা হলে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, পানিনিষ্কাশন ব্যবস্থাপনায় তাঁরা সজাগ ও তৎপর আছেন। বৃষ্টির পানির সহজ চলাচলের জন্য পুরোনো নর্দমা সংস্কার ও নতুন লাইন বসানোর যে কাজগুলো চলছে, সেগুলো সময়মতো শেষ করতে বলা হয়েছে। আর পরিষ্কারের কাজটিও ১৫ জুনের মধ্যে শেষ করা হবে।ওয়াসার উদ্যোগ ও বাস্তবতা: আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১১ মে দুপুরে এক ঘণ্টারও কম সময়ে রাজধানীতে ২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত শনিবার সন্ধ্যায় হয়েছে ২৪ মিলিমিটার। রোববার ৩৫ মিনিটে ১১ মিলিমিটার। গত সোমবার সকালে প্রায় এক ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৭ মিলিমিটার।ওই কয় দিনই নগরের রামপুরা, বাসাবো, গোড়ান, মতিঝিল, পুরানা পল্টন, হাজারীবাগ, শুক্রাবাদ, গুলশান-বারিধারা-বাড্ডা, বৃহত্তর মিরপুর ও বকশীবাজার, নাজিমুদ্দিন রোডসহ পুরান ঢাকার বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা হয়েছে। এবারের বর্ষায় এসব এলাকা ছাড়াও জলাবদ্ধতার ঝুঁকির বাইরে থাকবে ঢাকার খুব কম এলাকা।দোষারোপ, সমন্বয়হীনতা: ওয়াসার অভিযোগ, রাজধানীর রাস্তাগুলোর দুই ধারে ডিসিসির ভূ-উপরিস্থ প্রায় আড়াই হাজার নর্দমার বেশির ভাগই দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয় না। এ কারণে ওয়াসার নিষ্কাশন নালা-নর্দমাও ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি করছে। বেশির ভাগ এলাকার নর্দমায় পলিথিন, জালি ও অন্যান্য বর্জ্য জমছে। ডিসিসি সময়মতো সেগুলো পরিষ্কার না করায় ওয়াসার ভূগর্ভস্থ নর্দমায় গিয়ে পড়ছে।ওয়াসার ড্রেনেজ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম শহীদউদ্দিন বলেন, ডিসিসিকে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, ফকিরাপুল এলাকায় ড্রেনের মধ্যে তোশকও পাওয়া গেছে। গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে ড্রেনেজ পাইপের ভেতর শতাধিক প্লাস্টিক বোতল পাওয়া যায়।অন্যদিকে ডিসিসি সূত্র বলছে, জলাবদ্ধতা কমানোর প্রধান দায়িত্ব ওয়াসার হলেও দোষ চাপানো হয় ডিসিসির ওপর। বিভিন্ন স্থানে, বিশেষ করে লালবাগ, মাজার রোড, মোহাম্মদপুর, আদাবর, সেনপাড়া-পর্বতা, উত্তরাসহ বিভিন্ন জায়গায় ওয়াসা বৃষ্টির পানিনিষ্কাশনের নালা (স্টর্ম স্যুয়ার লাইন) করতে গিয়ে ডিসিসির নর্দমাগুলো ভেঙে দিয়েছে। অনেক নর্দমা মাটি ভরাট হয়ে বন্ধই হয়ে গেছে।ঢাকার পানিনিষ্কাশন ব্যবস্থাপনায় ওয়াসা ও ডিসিসি ছাড়াও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ (এলজিইডি) বেশ কিছু সংস্থার ভূমিকা আছে। এগুলোর মধ্যে সমন্বয় সভা হলেও সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হচ্ছে না।