বর্ষার ফুল চালতা
নগরের কেন্দ্রবিন্দু নূর হোসেন চত্বর থেকে মুক্তাঙ্গনের দিকে এগোলে হাতের বাঁয়ে সচিবালয়ের দেয়াল ঘেঁষে বেশ কিছু ফুল ও ফলের গাছ চোখে পড়ে। সেখানেই দাঁড়িয়ে আছে একটি চালতাগাছ। তাতে বেশ কয়েকটি ফুল উঁকি দিচ্ছে পাতার ফাঁক গলে।প্রকৃতিতে বড় কোনো ব্যতিক্রম না ঘটলে বর্ষার শুরুতেই চালতার ফুল ফুটতে শুরু করে। এই ফুল সম্পর্কে নিসর্গী দ্বিজেন শর্মা লিখেছেন, চালতার ফুল যেকোনো সুন্দর ফুলের সঙ্গেই তুলনীয়। গঠন-বৈশিষ্ট্যে এটি ম্যাগনোলিয়ার ঘনিষ্ঠ। চালতা সুদৃশ্য পত্রমোচী বৃক্ষ। বৈজ্ঞানিক নাম Dillenia indica। গাছের উচ্চতা প্রায় ২০ মিটার। কাণ্ড অনেক বড় নয়। শাখা-প্রশাখা এলোমেলো। ছায়াঘন ও প্রসারিত। বাকল লালচে, মসৃণ। পাতা টিয়াসবুজ আর দীর্ঘ হয়। পাতার শিরাবিন্যাস তীক্ষ ও খাজকাটা। পাতার এই আকৃতির কারণে চালতাকে রূপসী গাছ বলা হয়।চালতার ফুল আকারে বেশ বড় হয়। এই ফুল শ্বেতবর্ণের ও সুগন্ধিযুক্ত। পাতার গাঢ় সবুজের পটভূমিতে ফুলের দুধসাদা পাপড়ির ঔজ্জ্বল্য আকর্ষণীয়। কিন্তু ফোটার দিনই তা ঝরে পড়ে। পাতার সজীবতা, ফুলের শুভ্রতা, হলুদ পরাগ কেশরের সমাহার মিলে চালতা ফুলের সৌন্দর্য অদ্ভুত।চালতা ফলের আকৃতি প্রায় গোল। ব্যাস ১০-১২ সেন্টিমিটার। রং সবুজ, গঠন দৃঢ়। কাঁচা চালতা স্বাদে টক, পাকলে টকমিষ্টি। শরৎ-হেমন্তে ফল পাকে। চালতার কাঠ শক্ত ও দীর্ঘস্থায়ী, জ্বালানি ছাড়াও নৌকা ও বন্দুকের বাঁট তৈরির কাজে ব্যবহার করা হয়। বাংলাদেশ, নেপাল, আসাম, সিংহল ও মালয়ে চালতা সহজলভ্য। আমাদের দেশের প্রায় সব অঞ্চলেই চালতা পাওয়া যায়। তবে দক্ষিণাঞ্চলে উৎপাদন বেশি হয়। নগরের মুক্তাঙ্গন ছাড়াও নয়াপল্টন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও তেজগাঁও এলাকায় চালতাগাছের দেখা মেলে।