বর্ষারানীর অঙ্গহানি!
বর্ষার আগমনে নেচে ওঠে ময়ূর। ময়ূরের এই নৃত্য বড় দৃষ্টিনন্দন। এই নৃত্য দেখতে দর্শকেরা ভিড় করে দাঁড়িয়ে থাকেন। তবে জীবন্ত ময়ূর নয়, তেজগাঁওয়ের সাতরাস্তার মোড়ের সড়কদ্বীপে ময়ূরের ভাস্কর্যে এমন দৃশ্য দেখে পথচারী ও যানবাহনের যাত্রীরা। মোড়ের সেই ভাস্কর্যে রয়েছে ছোট-বড় চারটি ময়ূর। ময়ূরগুলো পেখম খুলে নাচছে। ভাস্কর্যটি তৈরিতে ব্যবহার করা হয়েছে লোহা। গাড়ি ও কারখানার অব্যবহূত যন্ত্রের নানা আকারের চাকা ও লম্বা লম্বা বক্স পাইপ দিয়ে তৈরি হয়েছে ময়ূরগুলোর অঙ্গ-প্রত্যঙ্গ। ‘বর্ষারানী’ নামের এই ভাস্কর্য গড়েছেন ভাস্কর মৃণাল হক।খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনই বর্ষারানীর অঙ্গহানি হচ্ছে। আজ লেজ থেকে তো কাল পেখম থেকে খুলে নেওয়া হচ্ছে চাকা ও লোহার টুকরো। মাদকসেবী ও ছিন্নমূল লোকজন এগুলো খুলে নিয়ে বিক্রি করছে বলে স্থানীয় দোকানিরা জানান। সাতরাস্তা মোড়ের পথচারী রফিকুল ইসলাম বলেন, এগুলো খুলে নিয়ে যারা বিক্রি করে, তারা হয়তো ২০-৩০ টাকা পাচ্ছে। কিন্তু তারা চিন্তা করে না, তারা কত বড় ক্ষতি করছে ভাস্কর্যটির। এভাবে অঙ্গহানি হতে থাকলে একসময় ভাস্কর্যটির আর কিছুই অবশিষ্ট থাকবে না। ধ্বংস হয়ে যাবে একটি সুন্দর ভাস্কর্য। এটিকে মেরামত ও পাহারার জন্য কর্তৃপক্ষের এগিয়ে আসা উচিত বলে তিনি জানান।ভাস্কর্যটির নিচের দিকে বেদির গায়ে লেখা আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের নাম। খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) থেকে সাতরাস্তা মোড়ের সড়কদ্বীপের সৌন্দর্যবর্ধনের অনুমোদন নেয় এসেনসিয়াল ড্রাগ্স। এরপর তারা ভাস্কর্যটি বসায়। প্রথমদিকে তারা এটি রক্ষণাবেক্ষণ করেছে। কিন্তু বর্তমানে তারা এটির দেখভাল করছে না। এর সুযোগ নিয়ে ভাস্কর্য চত্বরে ছিন্নমূল মানুষ ঘুমিয়ে থাকে। পোস্টার সাঁটতে সাঁঁটতে ভাস্কর্যটির বেদি প্রায়ই ঢাকা পড়ে যায়। ময়ূরের লেজে বিভিন্ন সময় ব্যানার ঝুলতেও দেখা গেছে।অনাদর-অবহেলায় থাকা বর্ষারানী সম্পর্কে এর ভাস্কর মৃণাল হকের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘ভাস্কর্যটি আমি নিজ উদ্যোগে কয়েকবার পরিষ্কার করেছি। বেশ কয়েকবার এসেনসিয়াল ড্রাগেসর কর্মকর্তাদের বলেছি তাঁরা যাতে এটি রক্ষণাবেক্ষণ ও প্রহরায় উদ্যোগ নেন। কিন্তু তাঁরা এ কাজটি করছেন না। তবে বিশ্বকাপ ক্রিকেটের আগেই আমি ভাস্কর্যটির চুরি যাওয়া অংশ আবার মেরামত করব।’বর্ষারানীর মেরামত ও প্রহরার জন্য কোনো উদ্যোগ নেওয়া হবে কি না জানতে চাইলে এসেনসিয়াল ড্রাগ্স কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) ফিরোজ উল আলম বলেন, এটি খোলা জায়গায় এবং রাস্তার মাঝখানে থাকায় প্রহরার কাজটি দুরূহ। আবার শিল্পাঞ্চল হওয়ায় এই মোড়ে নানা মানুষের আনাগোনা। এর মধ্যে মাদকসেবীরাও ঘোরাফেরা করে। চুরি প্রতিরোধের চেষ্টা করা হবে। শিগগিরই ভাস্কর্যটি মেরামতে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।