বর্ষায় গড়াবে খোঁড়াখুঁড়ির দৌড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন যেন শীতনিদ্রায় ছিল নগরের সেবা সংস্থাগুলো। এখন ঘুম থেকে জেগে নগরের উন্নয়নে একযোগে ঝাঁপিয়ে পড়েছে তারা। সড়ক কাটাছেঁড়া করে কেউ বসাচ্ছে নল, কেউ টানছে তার, কেউ বা বানাচ্ছে নর্দমা। আপাতত সড়ক খোঁড়াখুঁড়িতে এগিয়ে আছে ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। তবে সড়ক কাঁটাছেঁড়ার দৌড়ে অচিরেই ঢাকা ওয়াসাকে পেছনে ফেলে দেবে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। নগরবাসীকে পানি, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন, ইন্টারনেট ইত্যাদি সেবা বাড়িয়ে দিতে; তাদের জলাবদ্ধতা থেকে বাঁচাতে ও চলার পথ সহজ করতেই মূলত সেবা সংস্থাগুলো সড়ক খোঁড়াখুঁড়ি করে থাকে। তাই সড়ক খোঁড়াখুঁড়ির কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়া, যানের জটলা তৈরি হওয়া, ধুলোর মুখে পড়ার মতো সাময়িক দুর্ভোগ মেনে নিতে আপত্তি নেই তাদের। কিন্তু নগরবাসীর আপত্তি হচ্ছে, শীতকালে না করে গ্রীষ্ম-বর্ষায় এসে কেন সড়ক খোঁড়াখুঁড়ি করা হয়? নগরবাসীর এ প্রশ্নের উত্তর খুঁজেছেন মিল্লাত হোসেনচলাচলে প্রতিবন্ধকতা‘মাজার রোডের চারদিকে মার্কেট আর মার্কেট। এর মধ্যে আবার রাস্তায় বসে বাজার। এমন ব্যস্ত রাস্তার এক পাশে গর্ত খুঁড়ে বিরাট বিরাট পাইপ বসাচ্ছে ওয়াসা। একটু বৃষ্টি হলেই পাড় ভেঙে পড়বে। তখন কাজটা শেষ করতে দেরি হবে। মানুষের চলাচলে দুর্ভোগ আরও বেড়ে যাবে। এ কাজটা নভেম্বর-ডিসেম্বরে শুরু হলে বৃষ্টির ভয় কম থাকত। এত দিনে কাজটা শেষ হয়ে যেত।’ বলছিলেন মিরপুর ১ নম্বর সেকশন দক্ষিণ বিশিলের বাসিন্দা খালেদুর রহমান। মিরপুর ২ নম্বর সেকশনের সনি হলের মোড় থেকে মিরপুর ১ নম্বর সেকশন মোড় হয়ে মাজার রোডের গাবতলী প্রান্ত পর্যন্ত বৃষ্টির পানিনিষ্কাশনের জন্য নল বসাচ্ছে ঢাকা ওয়াসা। মাজার রোডের একাংশে বসে কাঁচাবাজার। সেই বাজার আছে আগের মতোই। বাজার ও সড়ক বিভাজকের মাঝে যেটুকু ফাঁক আছে সেটুকু দিয়েই চলছে দুই দিকের যানবাহন। কারণ বিভাজকের অপর পাশ খুঁড়ে বসানো হচ্ছে ওয়াসার পানিনিষ্কাশন নল। ওই সড়কের একাধিক যাত্রী জানান, ওয়াসার কাজটি হলে জলাবদ্ধতা কমবে। কিন্তু এখন যানজটে দুর্ভোগে পড়তে হচ্ছে। রাস্তা থেকে তরকারি ব্যবসায়ীদের সরালে যানজট কমে যেত। উত্তর বাড্ডা সাঁতারকুল সড়কে পানিনিষ্কাশন নল বসাচ্ছে ওয়াসা। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ওই সড়কটি ১২ মাসই জলাবদ্ধ থাকে। বর্তমানে ওয়াসার কাজ চলায় সড়কটিতে যান চলাচল বন্ধ আছে। ফলে প্রতিদিন হাজার হাজার চাকুরে, শিক্ষার্থী, ব্যবসায়ীকে কয়েক কিলোমিটার হেঁটে প্রগতি সরণিতে এসে নগরের বিভিন্ন এলাকায় যেতে হচ্ছে। জায়গার অভাব থাকায় হাঁটতে গিয়ে মেয়েরা ভোগান্তির শিকার হচ্ছে। অনেকে নোংরা পানির মধ্যে পড়ে যাচ্ছে। এ অবস্থায় ঝড়-বৃষ্টি এলে জলাবদ্ধতায় ঘর থেকেই বের হওয়া যাবে না বলে এলাকাবাসী জানায়। এদিকে ঢাকা ওয়াসা জিগাতলার প্রধান সড়কে খোঁড়াখুঁড়ি করায় মাস চারেক ধরে অনেকটা অবরুদ্ধ জীবন যাপন করছে জিগাতলা-হাজারীবাগের বাসিন্দারা। পানিনিষ্কাশন নল বসানোর অনেক আগে থেকেই সড়কে এনে রাখা হয়েছিল নল। তখন থেকেই যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। রাস্তা খোঁড়ার পর যান চলার কোনো উপায় নেই। এলাকাবাসী জানায়, কর্তৃপক্ষ পরিকল্পনাহীনভাবে কাজটি বাস্তবায়ন করছে। এ জন্য দীর্ঘ সময় লাগছে। বিকল্প কোনো ব্যবস্থা না করায় বাসাবাড়ির নালা উপচে নোংরা পানিতে সয়লাব হয়ে থাকছে অলিগলি। এ কাজ শেষ হতে আরও মাসখানেক লাগবে বলে জানান ডিসিসির অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান।শর্ত, না মানার জন্য!নগরের বিভিন্ন এলাকায় ঢাকা ওয়াসা, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি), তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেড, ঢাকা বিদ্যুত্ সরবরাহ কোম্পানি লিমিটেডসহ (ডেসকো) বিভিন্ন সেবা সংস্থা রাস্তা খোঁড়াখুঁড়ি করছে। ডিসিসিকে ফি দিয়ে সড়ক খোঁড়াখুঁড়ির অনুমতি নিলেও কেউই খোঁড়াখুঁড়ির ক্ষেত্রে ডিসিসির বেঁধে দেওয়া শর্ত মানছে না।শর্তানুযায়ী, খনন সাইটে ডিজাইন ফিতা দিয়ে বেষ্টনী ও সাংকেতিক বাতি দেওয়ার কথা থাকলেও কোনো জায়গায়ই এসবের দেখা মেলেনি।খনন করার কথা রাতে। কিন্তু ঢাকা ওয়াসার প্রতিটি কার্যক্ষেত্রে গিয়েই দেখা গেছে, তারা দিনেই খোঁড়াখুঁড়ি করছে। রাস্তায় খনন চলার সময় ও খনন করা অংশ পাকা করার আগ পর্যন্ত ধুলোবালি প্রতিরোধে সেবা সংস্থাগুলো পানি ছিটানোর অঙ্গীকার করলেও সেই অঙ্গীকার তারা ভঙ্গ করছে।ডিসিসি প্রণীত শর্তে খনন করা মাটি ও উচ্ছিষ্ট ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়ার কথা থাকলেও গর্তের পাশেই রয়ে যাচ্ছে সেসব। উত্তর বাড্ডা বাজার থেকে শাহজাদপুর খাল পর্যন্ত গলি ঘুরে দেখা গেছে, খোদ ডিসিসি রাস্তা খনন করার পর রাস্তার ওপর থেকে মাটি আর সরায়নি। ডিসিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে ঢাকা ওয়াসা খননকাজ শেষ করতে পারছে না বলে অভিযোগ করেছেন ডিসিসির আঞ্চলিক কার্যালয়ে কর্মরত একাধিক প্রকৌশলী।এদিকে ডিসিসি প্রণীত সড়ক খনন ও পুনর্নির্মাণবিষয়ক নীতিমালা অনুযায়ী জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সড়ক খনন পরিহার করার কথা। তবে জরুরি প্রয়োজনে ৫০ শতাংশ অতিরিক্ত ফি দিয়ে সড়ক খননের অনুমতি দেওয়ার পথ খুলে রেখেছে ডিসিসি। খোদ ডিসিসিই জুনের দিকে কাঁঠালবাগান প্রধান সড়কে রাস্তা খুঁড়ে পানিনিষ্কাশন নল বসাবে। নগরের অনেক রাস্তা ও পানিনিষ্কাশন নালার উন্নয়ন করতেই ডিসিসির জুন মাসের পুরোটাই লাগবে বলে জানান আঞ্চলিক কার্যালয়গুলোর একাধিক কর্মকর্তা। তাঁরা জানান, আসছে গ্রীষ্মে ঢাকা ওয়াসা নগরের একাধিক এলাকায় পানি নিষ্কাশন নালা বসানোর জন্য অনুমতি নিয়ে রেখেছে। তাদের সেসব কাজ সম্পন্ন করতে করতে বর্ষা চলে আসবে। এ বিষয়ে নাম-পদবি প্রকাশে অনিচ্ছুক ডিসিসির আঞ্চলিক কার্যালয়ের একজন নির্বাহী প্রকৌশলী বলেন, ‘রাস্তা খোঁড়াখুঁড়ির ক্ষেত্রে ওয়াসাই বেশি সময় লাগাচ্ছে। বরাদ্দ দেরিতে পাওয়ার অজুহাত দেখিয়ে তারা গ্রীষ্ম-বর্ষার দিকে খোঁড়াখুঁড়ি করছে। ঝড়-বৃষ্টির সময় তারা কাজে হাত দেয় বলেই জনদুর্ভোগ বাড়ে।’ব্যবচ্ছেদের মানচিত্র২০০৯-১০ অর্থবছর শেষ হতে চলেছে। তাই বার্ষিক কর্মপরিকল্পনায় থাকা রাস্তাঘাট, নর্দমা, পানিনিষ্কাশন নল উন্নয়ন ও সংস্কারে ডিসিসি ও ওয়াসার ব্যস্ততা বাড়ছে। অর্থবছরের অর্ধেকের বেশি সময় হাত গুটিয়ে বসে কাটালেও এখন প্রতিটি ওয়ার্ডেই ডিসিসির কাজ চলছে। ডিসিসির অঞ্চল-৬-এর তথ্যানুযায়ী, মোহাম্মদপুর এলাকার অন্তত নয়টি রাস্তায় সংস্কারকাজ চলছে। মোহাম্মদপুরের বায়তুল আমান হাউজিং সোসাইটির ৭ নম্বর রোড ও পিসিকালচার হাউজিংয়ের ১১ নম্বর সড়কে পানির লাইন বসানোর জন্য রাস্তা খোঁড়ার কথা ঢাকা ওয়াসার। ডিসিসির কাছ থেকে অনুমোদন নিয়ে ফাইবার অ্যাট হোম লিমিটেড আগারগাঁও ও শেরেবাংলা নগর এলাকায় রাস্তা খুঁড়ে অপটিক্যাল ফাইবার বসাচ্ছে। ডিসিসির অঞ্চল-১০ থেকে পাওয়া তথ্যমতে, উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি সড়ক খুঁড়ে কাজ করার জন্য অনুমোদন নিয়েছে ঢাকা ওয়াসা। ডিসিসির পক্ষ থেকে কিছু রাস্তা ও এর নর্দমা সংস্কার করা হবে। ডিসিসি ও ওয়াসার কাজ শেষ হতে জুন-জুলাই লেগে যাবে বলে জানান ডিসিসির অঞ্চল-১০-এর নির্বাহী প্রকৌশলী মনসুর আহমেদ।ডিসিসি অঞ্চল-৯ সূত্রে জানা যায়, বাড্ডার প্রগতি সরণির একাংশ খুঁড়ে তার বসাচ্ছে একটি প্রতিষ্ঠান। একই সড়কে ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি লিমিটেডের (ডেসকো) তার বসানোর কাজ শেষ পর্যায়ে আছে। মহাখালীর লিচুবাগানের একটি রাস্তায় তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেড সরবরাহ নল বসানোর কাজ শেষ করেছে; কিন্তু রাস্তার খোঁড়া অংশ এখনো পাকা করেনি ডিসিসি। ঢাকা ওয়াসা রাস্তা খুঁড়ে কাজ করার জন্য অনুমতি নিয়ে রেখেছে বলে জানান অঞ্চল ৯-এর নির্বাহী প্রকৌশলী মো. শরীফ উদ্দিন। হাজারীবাগ প্রধান সড়কে ঢাকা ওয়াসার সুয়ারেজ নল বসানোর কাজ ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় ডিসিসি থেকে সময় বাড়িয়ে নেওয়া হয়েছে বলে জানান অঞ্চল-৩-এর নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান। তিনি জানান, তাঁর এলাকায় ডিসিসি অর্ধশতাধিক কাজ করছে। এর মধ্যে গোটা দশেক কাজ শেষ হয়েছে, ১০টির মতো চলছে। এদিকে রামপুরা, বনশ্রী, মেরাদিয়া, সিপাহীবাগ এলাকার জলাবদ্ধতার সমস্যা সমাধানে একটি ‘মাস্টার ড্রেন’ নির্মাণ করছে ডিসিসি। রামপুরা থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত সড়ক খুঁড়ে ঢাকা ওয়াসা কাজ করবে। এ কাজ শেষ হতে জুন মাস লেগে যাবে বলে ডিসিসির অঞ্চল-৪ সূত্রে জানা যায়। ডিসিসির অঞ্চল-৭ ও ৮ সূত্রে জানা যায়, তাদের কাছ থেকে অনুমোদন নিয়ে বর্তমানে মিরপুর ২ নম্বর সেকশনের সনি হলের মোড় থেকে মিরপুর ১ নম্বর সেকশন মোড় হয়ে মাজার রোডের গাবতলী প্রান্ত পর্যন্ত বৃষ্টির পানিনিষ্কাশনের জন্য নল বসাচ্ছে ঢাকা ওয়াসা। আগারগাঁও থেকে শেওড়াপাড়া পর্যন্ত রোকেয়া সরণিতে পানি সরবরাহ নল বসানোর কাজ করছে তারা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশের বীর-উত্তম জিয়াউর রহমান সড়কে জলাবদ্ধতা কমাতে সেখান থেকে প্যারেড স্কয়ার, রোকেয়া সরণি, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি (আগারগাঁও রোড) হয়ে কল্যাণপুর খাল পর্যন্ত একটি ভূগর্ভস্থ পানিনিষ্কাশন নালা তৈরি করছে ঢাকা ওয়াসা। এ জন্য তারা সংশ্লিষ্ট সড়কগুলো খোঁড়াখুঁড়ি করছে।ঝড়-বৃষ্টির মুখে কেন খোঁড়াখুঁড়িপ্রগতি সরণির পাশের উত্তর বাড্ডার গলির পানিনিষ্কাশন নালার উন্নয়ন করছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। শাহজাদপুর খাল থেকে স্বাধীনতা সরণি পর্যন্ত গলিটি খুঁড়ে নল বসানো হচ্ছে। ২০ ফেব্রুয়ারি এ কাজ শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মীরা। এর তিন দিন পর ২৪ ফেব্রুয়ারি বিকেলে নগরের ওপর দিয়ে বয়ে গেছে বছরের প্রথম কালবৈশাখী। মার্চ, এপ্রিল ও মে মাস কালবৈশাখীর সময়। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা বজলুর রশীদ বলেন, নির্দিষ্ট দিনক্ষণ বলা যাচ্ছে না, কিন্তু এই তিন মাসের যেকোনো দিনই ঝড় হতে পারে।কালবৈশাখীর মৌসুমে সড়ক খোঁড়াখুঁড়ি চলায় আশঙ্কার মধ্যে আছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। তাদের মতে, ঝড়-বৃষ্টি এলে কাটাছেঁড়ার মুখে পড়া সড়কগুলো জল-কাদায় একাকার হয়ে যাবে। সেসব সড়কে পথচারীরা তখন সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়বে। কালবৈশাখীতে পড়লে সেবা সংস্থাগুলো কাজ নিয়ে বেকায়দায় পড়বে বলে জানান ডিসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুল কাদির। তবে শীতকালে খোঁড়াখুঁড়ির কাজ শেষ করা হচ্ছে না কেন? এমন প্রশ্নে ডিসিসির প্রধান প্রকৌশলী জানান, সব সেবা সংস্থাই একমত যে অবকাঠামো উন্নয়ন কিংবা সংস্কারের জন্য রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শীতের সময় করতে পারলে ভালো। কিন্তু অর্থবছর শুরু হয় জুলাইয়ে। বাজেট প্রণয়নের পর প্রকল্প অনুমোদন হতে কয়েক মাস লেগে যায়। আবার নিয়মতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্পের কাজ শুরু করতেও কিছুটা সময় লাগে। আমলাতান্ত্রিক জটিলতা কমাতে পারলে শুষ্ক মৌসুমে সড়ক খোঁড়াখুঁড়ি করে উন্নয়নকাজ শেষ করা সম্ভব হবে বলে তিনি জানান।এদিকে ডিসিসির একাধিক প্রকৌশলী জানান, এবার নভেম্বর ও ডিসেম্বরে রাস্তাঘাটে বিভিন্ন সেবা সংস্থার অবকাঠামো উন্নয়ন করার কথা ছিল। কিন্তু দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হতে দেরি হওয়ায় তা করা সম্ভব হয়নি। এ জন্য ক্ষমতাসীন দলের সমর্থকদের ‘টেন্ডারবাজি’ অনেকাংশে দায়ী বলে তাঁরা অভিযোগ করেন। ম্যারাথন খোঁড়াখুঁড়ি চলছেই‘এমন কোনো দিন নেই যে এই গর্তে কেউ নাকানিচুবানি খায় না। কাজ শুরু হয়েছে কত দিন তাও ঠিক বলতে পারবে না কেউ। অথচ কাজ শেষ হচ্ছে না।’ পশ্চিম কাজীপাড়ার একটি সড়ক সম্পর্কে বলছিলেন আজাদুর রহমান। কাজীপাড়া বাসস্ট্যান্ড জামে মসজিদের উত্তর পাশ দিয়ে পশ্চিম কাজীপাড়া হয়ে মণিপুর চলে গেছে সড়কটি। সড়কটিতে পানি নিষ্কাশন নালা উন্নয়নের কাজ চলছে অনেক দিন ধরে। কিন্তু কাজ শেষ হচ্ছে না।কাজ শুরু হওয়ার পর এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, জলাবদ্ধতা থেকে মুক্ত থাকবে এলাকা। কিন্তু তাদের সে আশায় গুড়েবালি। উন্নয়নকাজ শুরু হওয়ার পর এখন প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। যাতায়াতে বিঘ্ন ঘটছে। সুয়ারেজের সংস্কারের জন্য সড়ক খুঁড়ে কাজ চলছে। সড়কের মাঝখানে তৈরি হয়েছে বিশাল গর্ত। খুঁড়ে যে মাটি তোলা হয়েছে তা রাখা হয়েছে সড়কের ওপরই। কাদামাটি গড়াগড়ি খাচ্ছে সড়কে। পথচারীরা হাঁটছে অনেক সাবধানে। সড়কের প্রায় পুরো অংশ দখল করে রাখা হয়েছে বিশাল বিশাল নল। পুরো সড়ক দখল করে সংস্কারকাজ করায় এলাকাবাসীর যাতায়াতে বিঘ্ন ঘটছে। সানলাইট কিন্ডারগার্টেনের শিক্ষক এস এম এমাম উদ্দিন বলেন, ‘কয়েক সপ্তাহ আগে রাতের বেলায় গর্তে দুজন মটরসাইকেল আরোহী পড়ে গিয়েছিলেন। হাত-পা ভেঙে তাঁদের ঘরে ফিরতে হয়েছে।’ তাঁর স্কুলের সামনেই চার-পাঁচ মাসের বেশি সময় ধরে কাজ চললেও তা শেষ হচ্ছে না। তাঁদের আতঙ্কে থাকতে হয়, কখন আবার ছোট শিক্ষার্থীরা গর্তে পড়ে যায়। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কটিতে আট মাসের বেশি সময় থেকে সুয়ারেজে সংস্কারের কাজ চলছে। পুরো সড়ক দখল করে কাজ চলায় চলাচলে ব্যাঘাত ঘটছে। রিকশা নিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। হাঁটতে গেলেও সাবধান থাকতে হয়। তা না হলে পড়ে যাওয়ার ভয় থাকে। পুরো সড়ক খুঁড়ে মাটি পাশেই রাখা হয়েছে। সড়কে তৈরি হয়েছে উঁচু-নিচু গর্ত। ম্যানহোলের কয়েকটি স্লাব খোলা। সুয়ারেজ আর পানির লাইন এক হয়ে গেছে। ফলে নল দিয়ে এখন পচা, ময়লা, দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছে। সড়কের দুই পাশের বাসিন্দারা পানি খেতে পারছে না, গোসল করতে পারছে না। পানি দিয়ে কোনো কাজই করতে পারছে না তারা। স্বর্ণের দোকানদার মোস্তফা জানান, সাত-আট মাস হয়ে গেছে কাজ শুরু হয়েছে। কিন্তু কাজ শেষ হচ্ছে না। সড়কটা চলাচলের উপযুক্ত না হওয়ায় দোকানে বেচাকেনা নেই। কাঁচাবাজারের একজন দোকানি জানান, তাঁদের বাজারের বেশির ভাগ দোকানই খালি হয়ে গেছে। বেচাকেনা কম হওয়ায় ব্যবসার ক্ষতি হচ্ছে।পশ্চিম কাজীপাড়ার সড়কটির নিষ্কাশন নালা উন্নয়নের কাজ সম্পর্কে ডিসিসির ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী আব্দুল কাদের বলেন, ‘এক বছরের বেশি সময় আগে কাজ শুরু করলেও ওয়াসার কাজ শেষ হচ্ছে না। আমি অনেক চেষ্টা করেছি। দেখা যায়, কয়েক দিন কাজ করে আবার কাজ বন্ধ রাখে।’ —রিমন রাহী