বর্ষায় শানতল দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন ছিল শ্রাবণ মাসের ১৩ আর জুলাইয়ের ২৮ তারিখ। খুব ভোরে আমরা যখন ময়মনসিংহের উদ্দেশে যাত্রা শুরু করি, তখন নির্মেঘ আকাশ, ভ্যাপসা গরমে অতিষ্ঠ সবাই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারে গিয়ে বিচিত্র ফলের মেলায় হারিয়ে গেলাম। তখন গরম আমাদের কাবু করতে পারছিল না। আমরা সবাই দারুণ কৌতূহল নিয়ে ছুটছিলাম এক ফল থেকে অন্য ফলের কাছে।এই বর্ষায় জার্মপ্লাজম সেন্টারে বিদেশি ফলের সমাহারই বেশি। রাম্বুটান, পার্সিমন, থাই মাল্টা, নানা জাতের আমড়া—আরও কত কী! দিন কয়েক আগে শেষ হয়েছে আলুবোখারা, ফলসা, কাউ, কাঠলিচুসহ আরও অনেক ফল। আমরা যখন এসব নিয়ে ব্যস্ত, তখন হঠাৎ করেই আকাশের রং বদলে গেল। উধাও ঝাঁ ঝাঁ রোদ্দুর। শঙ্কা জাগানো কালো মেঘ জড়ো হলো আকাশে। কিছুক্ষণের মধ্যেই সত্যি সত্যি বৃষ্টি নামল। টিনের চালায় বৃষ্টির ছন্দ শুনতে শুনতে দেখি একটু দূরে কামরাঙ্গা আর করমচাগুলো অবিরাম জলধারায় নিজেদের রূপ শাণিত করছে।বৃষ্টি একটু ধরে এলে বাগানের ঊর্ধ্বতন সহযোগী গবেষক শামসুল আলম একটি ভিনদেশি ফল দেখাতে নিয়ে গেলেন। ফলটির নাম শানতল। বড় বড় পাতার আড়ালে লুকিয়ে আছে ফলগুলো। থোকায় থোকায় ঝুলছে অনেকগুলো। পরিপক্ব কয়েকটি পড়ে আছে গাছতলায়। ফল তো দেখা হলো, কিন্তু স্বাদ পরখ করতে হবে। একটি ফল কাটা হলো। ভেতরে টক-মিষ্টি স্বাদের শাঁসযুক্ত কয়েকটি আঁটি। অনেকটা দেশি গাবের মতো। ভিন্নতা শুধু স্বাদে। শামসুল আলম জানালেন, ২০০৩ সালে অধ্যাপক এম এ রহিম থাইল্যান্ড থেকে কয়েকটি চারা নিয়ে আসেন এই বাগানে। গাছ লাগানোর পাঁচ বছর পর থেকে ফল ধরতে শুরু করে।শানতল আমাদের বিচিত্র ফলভান্ডারে নতুন সংযোজন। বেশ কয়েক বছর আগেই এসেছে আমাদের দেশে। চাঁপাইনবাবগঞ্জ জেলার হর্টিকালচার সেন্টারসহ দেশের অন্যান্য স্থানেও কয়েকটি গাছ আছে। তবে সুগন্ধের দিক থেকে স্বতন্ত্র হওয়ায় পৃথিবীজুড়ে এই ফল বেশ জনপ্রিয়। মরিশাসের এই ফল ইদানীং দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। থাইল্যান্ডে শানতলের (Sandoৎ icum koetjape) স্থানীয় নাম ‘ক্রা-থন’। গাছ ২৫ থেকে ৩০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। শীত মৌসুমে লাল রঙের পরিণত পাতাগুলো ঝরে পড়ে। কাণ্ড ধূসর, সরল ও উন্নত। পাতা তিনটি অনুপত্রীয় যৌগিক শ্রেণীর। গাছের ওপরের দিক ঘনবদ্ধ পাতার ঠাসবুননীতে বেশ ঝোপালো দেখায়। ঈষৎ সুগন্ধী ও ক্ষুদ্র ফুলগুলো দীর্ঘ মঞ্জরিদণ্ডে ঝুলে থাকে। ফুলের পাপড়িসংখ্যা পাঁচ এবং পুংকেশর ১০টি। সবগুলো পুংকেশরকে একত্রে নলের মতো দেখায়, এর মাথায় থাকে পরাগধানী। ফল প্রায় গোলাকার, খোসা চামড়ার মতো পুরু ও অমসৃণ। ফুল ফোটে ফাল্গুন-চৈত্রে, ফল পাকে বর্ষার প্রথম ভাগে, থাকে অনেক দিন। কাঁচা ফল সবুজ, পরিপক্ব ফল হলুদ-সোনালি রঙের। ফলের মাঝখানে আঁটির চারপাশের স্পঞ্জের মতো আবরণটি টক-মিষ্টি স্বাদের। তা ছাড়া খোসা ছাড়ানোর পর যে শাঁসটুকু পাওয়া যায়, তাও খাদ্যাংশ হিসেবে ব্যবহূত হয়। এই ফলের নির্যাস থেকে জ্যাম, জেলি ও শরবত বানানো যায়। কাঠ বিভিন্ন কাজে ব্যবহার্য। গাছের অংশবিশেষ ওষুধ তৈরিতে কাজে লাগে।