বর্ষায়ও বুড়িগঙ্গায় দ্রবীভূত অক্সিজেন প্রায় শূন্যের কোঠায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীর পানি দূষণের কারণে রাজধানী ঢাকা মহানগরের জনস্বাস্থ্য এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা হুমকির মুখে পড়েছে। বুড়িগঙ্গার পানির দূষণমাত্রা পরীক্ষা ও পর্যবেক্ষণ করে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) এ কথা জানিয়েছে। আজ বৃহস্পতিবার পবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।আজ পবা ও ডব্লিউবিবির যৌথ উদ্যোগে একটি বিশেষজ্ঞ দল ফতুল্লা থেকে গাবতলীর বিভিন্ন পয়েন্টে পানির দূষণমাত্রা পরীক্ষা ও পর্যবেক্ষণ করে। এ সময় পানিতে দ্রবীভূত অক্সিজেন, পিএইচ ও তড়িত্ পরিবাহিতা মাল্টিমিটারের মাধ্যমে পরীক্ষা করা হয়। প্রাপ্ত পরীক্ষায় দেখা যায়, সদরঘাট এলাকার পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ ০.২৪ মিলিগ্রাম/লিটার, ধোলাইখালে ০.৭৯ মিলিগ্রাম/লিটার, শ্যামপুর খালের মুখে ০.৯৮ মিলিগ্রাম/লিটার, পাগলা ওয়াসা ট্রিটমেন্ট প্লান্টের নির্গমন ড্রেনের ভাটিতে ০.৫৬ মিলিগ্রাম/লিটার, মিটফোর্ড হাসপাতালের কাছে ০.২৯ মিলিগ্রাম/লিটার, চাঁদনী ঘাটে ০.৫১ মিলিগ্রাম/লিটার, গাবতলী ব্রিজের নিচে ২.২ মিলিগ্রাম/লিটার। ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, সদরঘাট এলাকার পানিতে দ্রবীভূত অক্সিজেন সবচেয়ে কম।পরিবেশ বাঁচাও আন্দোলনের সম্পাদক ও পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মো. আবদুস সোবহানের নেতৃত্বে দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পবার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার হোসেন, পবার সমন্বয়কারী আতিক মোরশেদ, নির্বাহী সদস্য মো. সেলিম, ডব্লিউবিবির প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমান, ডেভেলপমেন্ট কর্মকর্তা মো. আতিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ সংরক্ষণ আইন ২০০৭ অনুযায়ী মৎস্য ও জলজ প্রাণীর জন্য দ্রবীভূত অক্সিজেন ৫ মিলিগ্রাম/লিটার বা তার ঊর্ধ্বে থাকা প্রয়োজন। কিন্তু ফলাফলে বিশেষজ্ঞ দল দেখেছে, বুড়িগঙ্গা নদীর পানিতে যে পরিমাণ দ্রবীভূত অক্সিজেন আছে তাতে কোনো ধরনের মাছ ও জলজ প্রাণীর বেঁচে থাকার কোনোই সুযোগ নেই। দীর্ঘ ২৩ কিলোমিটার পরিদর্শনকালে কোথাও কাউকে তাঁরা মাছ ধরতে দেখেননি।