বলছি এক মায়ের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসএসসি পরীক্ষা দেওয়ার পরপরই বিয়ে হয়ে যায় আমার। ছোটবেলা থেকেই একটু দুরন্ত প্রকৃতির ছিলাম। কৈশোর বয়স পার হতে না হতেই স্বামীর সংসারে প্রবেশ করতে হলো। আমার স্বামী মানুষটা খুবই ভালো ছিলেন। তিনি আমাকে পড়িয়েছেন স্নাতক পর্যন্ত। ছোট ছেলেকে কোলে নিয়ে আমি স্নাতক পরীক্ষা দিয়েছিলাম। একদিকে ঘর সামলানো, দুই সন্তানকে দেখভাল করা, আবার নিজের পড়াশোনা করা—স্বামীর সহযোগিতা না পেলে হয়তো সম্ভব হতো না।’ কথাগুলো বলছিলেন তাহেরা সুলতানা (৪৫)। পড়ন্ত বিকেলে সেলাই মেশিনে মেয়ের জন্য কাপড় তৈরি করতে করতে বলছিলেন নিজের জীবনের কথা।তাঁর স্বামী একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তাঁর বড় মেয়ে হূদির বয়স যখন ছয় বছর, তখন স্বামী মারা যান। তাহেরা সুলতানার নিজের পরিবারে শুধু মা আর দুই ভাই বেঁচে ছিলেন। অল্প বয়সে স্বামী মারা গেছেন বলে শ্বশুরবাড়ির লোকজন তাঁকেই ‘অপয়া’ বলে মনে করতে লাগল। শ্বশুরবাড়ির সবাই তাঁর ও তাঁর সন্তানদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করল। ‘নিজের আপন ভাইরাও বাবার বাড়িতে আশ্রয় দিতে চাইল না। পরে আমার মা অনেক কষ্ট করে সম্পত্তি ভাগ করে দেন। ঢাকার খিলগাঁওয়ে বাবার যে বাড়ি রয়েছে, তার একটা ফ্ল্যাট আমার ভাগে পড়ে। সেই ফ্ল্যাটে আমি সন্তানদের নিয়ে আশ্রয় নিলাম। শুরু করলাম নিজের জীবনের সংগ্রাম। প্রথম প্রথম চাকরি খুঁজেও পাইনি। শুরু করলাম সেলাইয়ের কাজ। বিভিন্ন দর্জির দোকান থেকে অর্ডার নিয়ে কাপড় সেলাই করতাম। এটা থেকে যা আয় হতো আর আমার স্বামীর পেনশনের টাকা দিয়ে ছেলেমেয়ের পড়াশোনার খরচ চালিয়ে নিতাম। প্রথম প্রথম খুব কষ্ট হতো। যখন ছোট্ট ছেলে রুশ (৩) একদিন তার বন্ধুর জন্মদিনে যাবে, কিন্তু আমার হাতে তেমন টাকা নেই জন্মদিনের উপহার কিনে দেওয়ার মতো, রুশ তখন অনেক কেঁদেছেন বন্ধুর জন্মদিনে যেতে না পারার কারণে। নিজেকে সেদিন এত অসহায় লাগছিল! মেয়ে হূদি (৭) স্কুলে যায় তখন। স্কুলে সব বান্ধবী মজার মজার টিফিন নিয়ে যেত, হূদিকে তেমন টিফিন দিতে পারতাম না প্রতিদিন। তবে হূদি মনে কষ্ট পেলেও মুখ ফুটে কোনো দিন বলেনি সে কথা। নিজের হাতে জামা তৈরি করে ওদের পরাতাম। এরই মধ্যে একটা প্রাইমারি স্কুলে আমার চাকরি হয়ে গেল। এসএসসি ও এইচএসসিতে হূদি স্টার মার্ক পেল বিজ্ঞান বিভাগ থেকে। ভর্তিযুদ্ধেও হূদি সফলতার সঙ্গে বাংলাদেশের একটা সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে গেল। এখন আমার হূদি বড় একজন ডাক্তার হয়েছে। ছেলে রুশো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শেষ বর্ষে পড়ছে। আমার কষ্ট এখন অনেকটা কমে এসেছে। বাংলাদেশে এখনো এমন অনেক মা পাওয়া যাবে, যিনি হাজারো কষ্টের বিনিময়ে নিজ সন্তানদের আগলে রেখেছেন, নিজে কষ্ট করে সন্তানকে মানুষ করেছেন। আমরা সন্তানেরা যেন তা ভুলে না যাই। (কাহিনিটি সত্য, কিন্তু ছদ্মনাম ব্যবহার করা হয়েছে।)