বলছেন ডি স্টেফানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বকালের সেরা খেলোয়াড়দের ছোট্ট তালিকাতেও তাঁর নাম থাকে। আলফ্রেডো ডি স্টেফানোর ফুটবল-কীর্তির বেশির ভাগই রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে। তাঁকে সম্মানসূচক সভাপতির পদ দিয়ে তাঁর স্বীকৃতি দিয়েছে ক্লাবটি। একটি ফরাসি পত্রিকার সঙ্গে সাক্ষাত্কারে ডি স্টেফানো বলেছেন রিয়াল মাদ্রিদ ও আরও নানা প্রসঙ্গে আপনার রিয়াল মাদ্রিদ আর এখনকার রিয়াল মাদ্রিদের পার্থক্য কী?আলফ্রেডো ডি স্টেফানো: শুরুতেই বলে নিই, এটা কখনোই আমার রিয়াল মাদ্রিদ ছিল না...এরপর বলি, বর্তমান দলটির আরও সাবলীলতা দরকার। রিয়াল মাদ্রিদ বলতে যে ফুটবল বোঝায়, তা হলো ‘উচ্চাঙ্গের’ ও ‘শৈল্পিক’। রিয়ালের কাছ থেকে মানুষ গভীরতা, গতি, ছন্দ ও গোল দেখতে চায়। এই মুহূর্তে দলটির সবকিছু নেই। এর একটা কারণ দলে অনেক পরিবর্তন হয়েছে। এ জন্য ধৈর্য ধরতে হবে। আপনি এই ক্লাবের সম্মানসূচক সভাপতি। কোনো কিছু পছন্দ না হলে আপনি কি দ্বিধাহীনভাবে আপনার মত প্রকাশ করতে পারেন?ডি স্টেফানো: আমি বোবা সম্মানসূচক সভাপতি। যখন কেউ আমার উপদেশ চায়, শুধু তখনই আমি আমার মতামত জানাই। আমি আলোড়ন সৃষ্টিকারী বিবৃতি দিই না, ওটা আমার স্বভাব নয়। তা ছাড়া আমি মতামত দেওয়ার কে? কেউ না। আমি তো মহাজ্ঞানী কেউ নই। ফ্লোরেন্তিনো পেরেজ কি একদিন সান্টিয়াগো বার্নাব্যুর স্তরে চলে যেতে পারেন, রিয়ালের কিংবদন্তি যে সভাপতিই আপনাকে রিয়ালে এনেছিলেন?ডি স্টেফানো: আমি জানি না। তবে ফ্লোরেন্তিনো কীভাবে এত কিছু করে ভেবে আমি অবাক হই। ও কাজ করার সঙ্গে সঙ্গে চিন্তাও করে। আমি জানি না কীভাবে করে। তাঁকে এত সব পরিকল্পনা করতে হয়, এরপরও আবার বার্নাব্যুতে এসে খেলা দেখার সুযোগ পায়। সাম্প্রতিক ফুটবলে কোন কোন খেলোয়াড় আপনার নজর কেড়েছে?ডি স্টেফানো: আমি রবার্তো কার্লোসকে খুব ভালোবাসতাম। আর জিদান। দুর্দান্ত! জিদান আমার বন্ধু, ও আমার চেয়েও চুপচাপ। ফুটবল ইতিহাসে আপনি সেরা খেলোয়াড়ের একজন—এই স্বীকৃতিটাকে কি উড়িয়ে দিতে চান?ডি স্টেফানো: ফুটবল কোনো ব্যক্তিগত খেলা নয়। আমি যখন খেলতাম, নিজে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হওয়ার জন্য খেলতাম না। আপনার পাশে যে খেলোয়াড়েরা থাকে, তাদের প্রতিভার ওপরও অনেক কিছু নির্ভর করে। অসাধারণ কিছু খেলোয়াড় আছে, যারা ছোট দলে খেলে বলে কারও নজরেই আসে না। মানুষ গায়ে তকমা লাগিয়ে দিতে পছন্দ করে। কেন একজন খেলোয়াড় সেরা খেলোয়াড় বলে বিবেচিত হবে না? ডিফেন্ডারদের ক্ষেত্রেও একই প্রশ্ন। সমর্থকেরা বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে শুধু আক্রমণভাগের খেলোয়াড়দেরই দেখে। কিন্তু তারা ভুল করে। স্ট্রাইকারের পেছনে যারা খেলে, তারা ভালো না হলে গোল হবে না। তবে অনেক খেলোয়াড়ই তো অনেক বেশি ব্যক্তিকেন্দ্রিক চিন্তাভাবনা করে...ডি স্টেফানো: যদি তাই হয়, তারা সব জাহান্নামে যাক। ফুটবল সম্মিলিত খেলা, না হলে তো এটা টেনিস বা বক্সিং হয়ে যায়। মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো তো খুবই ব্যক্তিতাবাদী খেলোয়াড়।ডি স্টেফানো: ওরা ওদের দলের পক্ষে ব্যবধান গড়ে দেয়, তবে ওদেরও ফুটবলের দলগত চেতনার দর্শন আছে। নইলে ওরা রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার হয়ে খেলত না। ব্যালন ডি’অরটা মেসির প্রাপ্য। মেসি আর রোনালদো দুজনই দারুণ খেলোয়াড়। আমি ওদের পছন্দ করি। আয়ারল্যান্ডের বিপক্ষে থিয়েরি অঁরির কাণ্ডটা কি দেখেছেন?ডি স্টেফানো: হ্যাঁ, তবে আমি ওকে কাঠগড়ায় দাঁড় করাই না। প্রথম কথা হলো, বলটা ওর হাতের দিকে এসেছে। সে হাত বাড়িয়ে বলটা পাস দেয়নি, ঠিক তো? রেফারি দেখেনি, তাই এটা গোল। কেউই তো দেখেনি, অসংখ্য রিপ্লেতে ঘটনা দেখার পর লোকজন চেঁচামেচি শুরু করেছে। লাইন্সম্যান কেন পতাকা উঁচিয়ে ধরেনি? সে কী করছিল? এটা কি আমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারবেন? বাহ্, উনি কিছুই করেননি। আপনি কি ফুটবলে ভিডিওর প্রয়োগ দেখতে চান?ডি স্টেফানো: অবশ্যই। টেনিসে এটা আছে এবং ভালোভাবেই কাজ করছে, তাহলে ফুটবলে কেন ব্যবহার করা হবে না?