বলটা কাভারের দিকে চলে যায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি ওপেনার, প্রথম বল তো আমাকেই খেলতে হবে! বিশ্বকাপের প্রথম বল বলে তাই আলাদা কোনো টেনশন কাজ করেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচটাতে জিওফ অ্যালটই সম্ভবত প্রথম ওভার করেছিল ওদের। যতদূর মনে আছে, প্রথম বলটা ছিল থ্রি কোয়ার্টারের মতো, আমি ডিফেন্স করলে বলটা কাভারের দিকে চলে যায়। আগের দিন দল ঘোষণা হয়ে যাওয়ার পর জানতে পারি, দেশের হয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচটা আমি খেলছি। বিশ্বকাপ খেলব, এটা নিয়েই তাই রোমাঞ্চিত ছিলাম বেশি। প্রথম বল কে করবে, কীভাবে খেলব—এসব নিয়ে ভাবিনি। কোনো টেনশন কাজ করেনি, নার্ভাসও ছিলাম না। তবে এখন বুঝি, বিশ্বকাপের প্রথম ম্যাচ, প্রথম বল—এসবের অভিজ্ঞতা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। ওটা ছিল স্বপ্নের মতো। প্রথম বলটা কী রকম হলে কীভাবে খেলব, সেসব ভেবে আলাদা কোনো প্রস্তুতিও নেওয়া ছিল না।