বললেন প্রধানমন্ত্রী, আর বিএনপি নেত্রীর কথার পর রুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা নিয়ে সব বলেছেন প্রধানমন্ত্রী। আর বিএনপির নেত্রী যখন দু-একটা কথা বললেন, তখনই আদালত রুল জারি করলেন।সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা ঘটনায় রুল জারির সময় আদালত বিরোধীদলীয় নেতাকে উদ্দেশে করে কিছু কথা বলেন। এর পরিপ্রেক্ষিতে আজ বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ‘বাক স্বাধীনতা মানুষের অধিকার। বাক স্বাধীনতার ওপর রুল জারির সীমানা আদালতের কতটুকু আছে, তা আমি জানি না।’ তিনি বলেন, ‘বাক স্বাধীনতা, গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করেছিলাম।’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আমাদের নেতা খুন হয়েছেন, সাংবাদিক খুন হয়েছেন। অথচ এর সমালোচনা করলে নাকি দায়িত্বজ্ঞানহীনতা হয়ে যাবে। সমালোচনা করতে পারব না, এটা কেমন কথা? আমি ১০০ বার বলব, আমি সমালোচনা করব। এটি আমার মৌলিক অধিকার।’ সরকারের ব্যর্থতার কারণেই খুন-গুম হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।মির্জা ফখরুল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি জানান। তিনি নির্বাচনে ইভিএমের বিরোধিতা করে বলেন, ‘এটা ভোট চুরির কৌশল।’ তাঁর অভিযোগ, এ সরকারের আমলে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মিডিয়া। প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে মিডিয়ার সমালোচনা করে বক্তব্য দেন।বিএনপির আগামী ১২ মার্চের কর্মসূচি শতভাগ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক হবে বলে মির্জা ফখরুল মন্তব্য করেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে বিএনপি দেশ-বিদেশে বলতে চায়, তারা প্রকৃত গণতন্ত্র চায়। মির্জা ফখরুলের অভিযোগ, গত ৪০ বছরে দেশ একটি জায়গায় এসেছিল। তবে বর্তমান সরকার ক্ষমতায় এসে বিচার বিভাগ, নির্বাচন কমিশন, প্রতিরক্ষা, সংবিধানসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করছে।প্রসঙ্গত, আদালত গতকাল রুল জারির সময় আদেশের একপর্যায়ে বলেন, ‘দুঃখের সঙ্গে লক্ষ করছি, কিছুসংখ্যক রাজনীতিবিদ তদন্ত বাধাগ্রস্ত করতে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন। কিছু রাজনীতিবিদ নিজেদের স্বার্থ হাসিলের জন্য এ ধরনের মন্তব্য করছেন। লালমনিরহাটে বিরোধীদলীয় নেতা একটি রায় দিয়েছেন, সরকারই খুন করেছে। এই মন্তব্যের সমালোচনার ভাষা আমাদের নেই। এই বক্তব্য তদন্ত ও বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করবে। এটা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। যুক্তরাজ্য বা এর মতো দেশে হলে এ ধরনের মন্তব্য করলে জেলে যেতে হতো। তাঁর এই মন্তব্য শুধু দায়িত্বজ্ঞানহীনই নয়, আদালত অবমাননার শামিল।’