বলি এক রকম, পত্রিকা লিখে আরেক রকম: স্বরাষ্ট্রমন্ত্রী
মামলার আসামি ধরার বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকারের যে বক্তব্য গণমাধ্যম প্রকাশ করেছে, তা ঠিক নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেন, ‘এটা ঠিক নয়। আমরা বলি এক রকম আর পত্রিকায় লিখে আরেক রকম।’আজ বুধবার মানবপাচার রোধে প্রামাণ্যচিত্র ‘সোলড’-এর ভিডিও প্রকাশনা উদ্বোধনী ও মানবপাচার রোধে সমন্বিত পদক্ষেপের বিষয়ে আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর ব্র্যাক সেন্টারে ইউএসএআইডি ও উইন রক ইন্টারন্যাশনাল যৌথভাবে এর আয়োজন করে।গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠক শেষে আইজিপি ‘কৌশলগত কারণে এবং সময়ের অভাবে অনেক সময় মামলার আসামি ধরা যায় না’—এমন মন্তব্য করেছিলেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সে ব্যাপারে জানতে চাইলে আজ স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হাইকোর্টের আদেশ অনুসারে ভারতে বন্দী ১০৩ জন নারীকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। লোকমান হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেন, ‘যারা দায়ী তাদের গ্রেপ্তার করা হবে। এভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্তকাজে প্রভাব বিস্তার করা হচ্ছে না। বাকিদের অচিরেই গ্রেপ্তার করা হবে।’