বলিউডে ফিরছেন ঐশ্বরিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ১৬ নভেম্বর মা হওয়ার পর থেকেই অভিনয়কে দূরে সরিয়ে রেখেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে ঐশ্বরিয়া ভক্তদের অপেক্ষার পালা বোধহয় এবারে ফুরাল। এ বছরই; অর্থাত্ ২০১২ সালেই রাম গোপাল ভার্মার ‘সরকার ৩’ ছবিটির মাধ্যমে রুপালি পর্দায় ফিরছেন ৩৮ বছর বয়সী এই বলিউডের অভিনেত্রী। এ ছবিতে অমিতাভ বচ্চনও অভিনয় করবেন।চলতি বছরের অক্টোবরেই ‘সরকার ৩’ ছবির শুটিং শুরু হবে। সবকিছু ঠিকঠাক থাকলে, ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘গুজারিশ’ ছবির পর আবারও বড় পর্দায় ঐশ্বরিয়াকে দেখার সুযোগ পাবেন দর্শকেরা। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। ২০০৫ সালে ‘সরকার’ ছবিতে অভিনয় না করলেও, ২০০৮ সালে মুক্তি পাওয়া ছবিটির সিক্যুয়েল ‘সরকার রাজ’-এ অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া। ছবির অন্যতম প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ ও অভিষেক বচ্চন। এ মুহূর্তে ঐশ্বরিয়ার হাতে বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে। কোন ছবি দিয়ে বলিউডে তাঁর প্রত্যাবর্তন ঘটবে, তা নিয়ে অনেক দিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছিল। খবর রটেছিল, ‘হ্যাপি বার্থ ডে’ ছবিতে শাহরুখ খান কিংবা জন আব্রাহামের সঙ্গে অভিনয়ের মধ্য দিয়েই বলিউডে ফিরবেন সদ্য মা হওয়া এই অভিনেত্রী। এ ছাড়া সঞ্জয় লীলা বনশালীর ‘বাজিরাও মাস্তানি’ ছবির মাধ্যমে তাঁর প্রত্যাবর্তনের গুঞ্জনেও সরব হয়েছিল মিডিয়া।